প্রতারক শব্দের মিছিল


​এটা কী? কী নাম দেওয়া যায় এর? যখন বুঝতে পারি এটা সাপের আড়ত? যখন আপন সত্তাকে হারিয়ে ফেলি? কোথায়? নিজেরই কোনো অবুঝ অপরিনামদর্শী চাহিদার কাছে? শব্দ; তখন তোমার কাছে ফিরে আসার বেদনা বোধ করি। শুধুমাত্র তোমার কাছে। তোমার আড়ালে অন্য কোনো আরাধ্য থাকে না। একটা অনস্বীকার্য গাদলা দিন মগজের ভিতরে। তবু, শরীর থেকে বের হয়ে আসতে চায় প্রাগৈতিহাসিক প্রাণীরা। কী তাদের আহার-বিহার আমি জানি না। আবার, আমার এলাকা নির্দিষ্ট করি, কিছু মানুষ জড়ো করে আবার ফুটিয়ে তুলতে চাই প্রথম স্তনোদগমের মতো ব্যথা। অনিয়মিত শ্বাস-প্রবাহ। অপেক্ষা। অপেক্ষা-যা কোনোদিন ঘটবে না সেই রোমাঞ্চিত মুহূর্তের জন্য। কার কাছে অভিযোগ করি, কার কাছেই বা নিবেদন। জানি তো, সবগুলো দরজা বরফ দিয়ে বাধাই করা। সেখানে হৃদয়; কেবলই পিছলে যেতে থাকবে, গন্তব্য পাবে না। আমার মন কি পুকুরের পানি? -যখন তখন, যে কেউ হাত নেড়ে সেই পানি ঘোলা করে দিতে পারে! এর নাম তুমি দাও প্রেম-কাম? কাম-প্রেম? -দুটি শব্দ; কিন্তু শব্দ হয়ে তারা তো জাদুঘরে প্রস্তরীভূত হয় না। জীবন্ত। জীবন্ত ঘটনা দিয়ে মিশ্রিত, সময়ের শিরা-উপশিরায় প্রবাহিত দমকা আবেগের ঘূর্ণি-পুরানো সরিসৃপদের গহীন থেকে উঠে আসা-নিস্তারহীন, নিঃসঙ্গ যুদ্ধ-জানো না ভালো করে, কার বিরুদ্ধে-চারিদিক থেকে মোচড় দিয়ে উঠা। প্রাচীন বিষের নতুন আঘাত। মস্তিষ্কে জটাকার সব অনুভবের গ্লানি। অথবা গ্লানিহীন ক্লান্তির ভার। ভার। অনেক ভার। এখন আর কারণ খোঁজা যায় না। কেননা কারণ স্থাপিত আছে চিরন্তন অমীমাংসার আলোকিত প্রস্তরে। কতোসব সরঞ্জাম নিয়ে সময়ের ভূতেরা এখানে সূক্ষ্ম বিচার করছে, তারপর এক রহস্যময় যবনিকার অন্তরালে এইসব হারিয়ে গেছে, অথবা নিবদ্ধ হয়েছে গভীর কোনো শীলাস্তরে। জেনে গেছি এ খনন অর্থহীন; বিধাতা আমার তৃপ্তি এখানে রাখেননি। আমার নিজস্ব শব্দ-আমার নিজের পৃথিবী-বর্ণালী ও মধুর অন্ধকার-আর রাবিশ। …গাদের নিচে চাপা পড়ে যাওয়া স্বর্ণচমক। তবু আবার ফিরে তাকানো হয় বিগত দুঃখের দিকে, হারিয়ে ফেলতে থাকা পদবীর দিকে, ভূ-কম্পনপীড়িত নগরীর পতন দৃশ্যের দিকে, অচেনা দৃষ্টিতে। হতাশা। এর নাম তবে কি হতাশা দেওয়া হলো? …যার আর কোনো আশা নেই, বিক্ষোভে অভিমানে নিজের ভিতর গুটিয়ে গেল আর গিলে ফেলল সব অগ্র্যৎপাত প্রফুল্ল লাভা? আবার হীনমন্যতা। হতাশার পাশে। এদের ধারণ করে রাখে এক বেনাম বিষণ্নতা। একে আর বেষ্টন করে রাখে না কবিত্বের গৌরব। আবিষ্কারের আনন্দিত মণি-আলো। …দেখছি সব ক্ষয়ে যাচ্ছে… সব সুন্দর- সব রচিত অর্থবোধ—- মাধুরী-প্রেম-দৃষ্টি—- হাসির রেখা—- কচিগোফ– বর্তুলকেশ—- অলব্ধ ঠোঁট—- নাভদেশ—- সব, সবকিছু। আবার কোনো উতরোল প্লাবনে ইহারা ছারখার হয়, নাড়া খেয়ে খেয়ে ডুবে যায়-কোথায়? কে বলবে এ প্রশ্নের উত্তর? কে দিবে আবারো চোখের উপর চশমা পড়িয়ে, নর্দমা ঘেটে ঘেটে জীবনের স্থাপত্যের জন্য? কোনো শাশ্বত বেলাভূমি আছে নাকি?… শ্বাসটান। মৃত্যু। এদেরই জয় চিরকাল। মানুষ। মানুষের তত্ত্ব দিয়ে লাভ আছে কিছু? কবিত্বের আঁধার দিয়ে ঢেকে দেওয়া বিজন প্রান্তর; এখানে রূপকথা পাওয়া যাবে, অনেক। চিন্তা পায়নি একটা কোনো প্রবাহ-মাছের ভিতর এখনো জীবনের স্পন্দন ভুখা-ভেসে যেতে চায় উর্বর স্রোতের টানে, গলে যেতে থাকা সূর্যের কনকে। শুধু অলস হাতে ছেঁটে দেওয়া বাগান। উদ্যমহারা মালির পানি সেচ, কীটে খাওয়া ফুলের প্রতি নির্মোহ প্রেম। তবু প্রেম। একে তবু প্রেম বলা যাবে না, যায় না; তেঁতুলবীচি। এ বরং নির্মোহ তেঁতুলবীচি। ছ্যাঁচো। …আবার আগামীকাল আসবে। চিন্তার সূত্রে গাঁথা মালা একদিন আবারো তৈরি হতে পারে। অনুভবের ফুলগুলো পাপড়ির সতেজ…। থেমে যাওয়া। ভুলে যাওয়া। শব্দের গহীন পুষ্প তুলে নেওয়ার প্রিয় মাধুর্য… হারিয়ে যায়। একটা শুধু স্মৃতি… ছোবড়া… স্মৃতির ছোবরা হাজির থাকে, যা থেকে তৈরি করি এসকল নকল ভঙ্গি। বিস্তারিত ও নিমগ্ন; যেকোনো কাজই ধ্যান… ফলাফল আনন্দ ও প্রজ্ঞা। এখন প্রজ্ঞার উপত্যকায় আমি ডানা কাটা পাখি। ঊষর আর বন্ধুর এক গল্পের দৃশ্য। অবাস্তব উপলব্ধির কান্না। বাস্তবতার জন্যই এই কান্না। হারিয়ে ফেলা; ভুলে যাওয়া; অসৃজিত বাস্তবতার জন্য আশঙ্কা থরথর অশ্রুবিন্দু। নাড়িও না। আরো সুন্দর হোক অপ্রাপ্তির বোধ। নিটোল হোক…
​না হোক কিছুই। কুচিকুচি করে কেটে ফেলা সাপ। বাংলা ভাষার মৃতদেহ। শরীরের অবুঝ ঘূর্ণিপাক। বীর্যের স্লোগান। বিঘ্নিত ধ্যান। পচে যাওয়া ডিম। আহা, নিহত অজাত আত্মা। তার জন্য কান্না কেন? হাহাকার কিসের? মুখের রেখায় নিষ্ঠুরতা। ভালোবাসা এখানে দূষিত হয়ে যায়। তাই বুকের ভিতর একটা সত্যিকার আবেগ। পুষ্পিত বেদনার বন। নিরন্ধ্র প্রেমের নিভৃত ধারায় সিক্ত, এ অরণ্যের সম্মিলিত জটাকার মূলদেশ। আরো সত্যের নাজুক মৃণালে ফুটুক না কমল; একদিকে হেলে থাক।
​তুমি এসে একদিন চুমুকে পান করবে সারা বনের নিবেদিত মধু….. মৃত্যুর চুম্বন, যে আশায় তবু রক্তিম হতে পারে রক্তহীন পাপড়ি…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top