মুক্তকেশী


​অস্থিরতা। আশেপাশের একশটা লোকের মধ্যে একজনও কবিতার স্বাদ নিতে জানে না, তখন আমি কি করে কাব্যিক হই! যখন আমারও আধুনিক কবিতার প্রতি আস্থা নেই? কিন্তু কাব্যই বিকাশের মুহূর্ত-এতো মৌলিক-এর বিকাশ যে মানুষের অবুঝ আকাঙ্ক্ষা তার থেকে মুখ ফিরিয়ে তারই কথা ভাবে-আমি কি তোমার মুখের দিকে চেয়ে আছি? তাহলে তোমার মুখ হবে সকলের সকল আবেগের আয়না… রাব্বি ভাই বাথরুমে, তার চেহারার কাঠিন্য, শুচিবায়ু, অনাগ্রহ ও একটা প্রকট গর্জনের সৃজন-বিষাদ বয়ানে আছে তোমার দিকে মুখ ফেরানোর সাপেক্ষে-তোমার চোখের দিকে তাকানোর স্বাদ; আমি বিরক্ত, ওরা সবাই বিশ্বকাপের উত্তেজনায় মশগুল, সেখানেও কবিতা আছে বলে-আমি জানি না সেই রূপের মাধুরী, বলো একি অন্যায়? কিন্তু সহস্র চোখ মানুষের থাকে না, দেবতার থাকে-তবে তো কোনো অন্যায়ই থাকে না জগতে! সকলেই তোমাকে দেখছে, চুপিচুপি, দল বেধে, কেউ তোমাকে ভেবে শূন্য বিছানা ভিজিয়ে ফেলছে, ফন্দি আঁটছে তোমাকে সমবেত ধর্ষণ করা জায়েজ কিভাবে-কারো মনে লোহিত সমুদ্র ধৌত করার সাধ; তোমাকে চাই একেবারে অভিনব পরিপ্রেক্ষিতে, দেখতে; আরো চাই তোমাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে, নয়তো তোমাকে কী করে দেখা সম্ভব এক হাজার এক রাত্রি ধরে!
​শিশুটা বসে বসে কলার মোচা খুলছে, একটা করে খয়েরি নৌকা হারিয়ে যাবে, সাত সমুদ্রের বেহিসাবী তরঙ্গে, গভীরে আছে তেরো নদীর আহার সতেরটি ডিগ্রি; কোনটা কার? ছেলেটি জানে না, তুমিও জানো না-উচ্ছিষ্ট বেকার ভ্রুণ দিয়ে কি হবে তোমার?… জোট বেঁধে থাকাটা শক্তির আর ছিটকে পড়া গৌরবের-ছেলেটি সে হিসাব করে নি; অখণ্ড থোকাগুলো উঠলো নৌকায়-তাদের জন্য সমুদ্র-ব‍্যামুর উৎপাত, আর যারা খণ্ড হয়েছে তারা অপার, তাদের কোনো ধর্ম নেই-কর্ম নেই, তুমি কি তাদেরও ধরেছ তোমার সহস্র বাহুর প্রান্তিক মুদ্রায়? অস্থিরতা; অপেক্ষার ভাষা পেয়ে খুশি, নাকি ভেঙে ফেলা তার কর্ম? সেহেতু হিজড়াদেরও ধর্ম আছে, তারা এক প্রশ্ন চিহ্ন-অগৌরব তোমার নয়, ছেলেটির খেয়ালে দোষ নেই, নিষ্ঠুরতা আছে-যারা তা মাথা পেতে নিলো জগৎকে মিথ্যা ভাবা তাদের অধিকার; যে ইবলিশ তোমাকে স্বীকার করেও তোমার কবিতার স্বাদ নিতে অস্বীকার করলো, সৃষ্টি ও প্রলয়ের ব‍্যাথার বীজ সে রোপণ করেছে তার হৃদয়ে-আমি তার দিকে মুখ ফিরিয়েছি-তার দৃষ্টির নিয়মে আমার কবিতা হয়েছে উদ্ভট; যারা দেখতে জেনেছে সহস্র চোখে, সহস্র এক রজনী ধরে তারাই দেখবে ক্ষীরোদ সাগর ঢাকা পড়েছে বিষ্ণুর স্বপ্নে, আর শয়তান নিজেই ঈশ্বরের কান্না হয়ে ঝরছে;
​আমার মনে এখনো ক্ষোভ, কেননা তোমার কান্না ও হাসির মধ্যে কোনো প্রভেদ নেই…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top