অক্ষরের ওম


​তার নাম বিবেক (বিবেক ওবরয় নয়)। অক্ষরের প্রতি ভালোবাসা যে গাঢ় সংশ্লিষ্টতা দেয়, সেখানে কীরকম সত্য আছে? তোমাদের নিয়ে ভাবনা না থাকলে… তারপর ভুলে গেছি বা ঠিক গুছিয়ে লিখতে পারছি না, এবং এই স্মৃতিভ্রম এখন স্বাভাবিক হয়ে গেছে। তারপরও এই লিখে যাওয়ার একটানা মগ্নতা, ভাবনা সাগরের থেকে উঠে আসা ভাবনাহীন শব্দগুলোর অনায়াস গেঁথে যাওয়ার স্বাধীনতা নৈরাজ্যে বিভোর; কিন্তু যখন সে যেখানে খুশি থেমে যায়, আমি উষ্টা খেয়ে পড়ি, হারিয়ে ফেলার অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকি… শূন্যগতি, পাগল; আহা! এইসব অতি অমূর্ত যোজনা, অক্ষরের প্রতিভায় আর লিপিত হওয়ার খসখস শব্দে পূজা পায়; ভাবনা ও ভাবনার ভগ্নাংশ একই সুতায় গাঁথা হতে থাকে, ফুলের পরে ফুল… যেটা হাতে উঠলো! কোনো পূর্বধারণা নেই, পরিকল্পনা নেই; নির্দ্বিধায় মনকে অনুসরণ… কিন্তু সেই মন যদি অক্ষরের প্রেমিক না হয়? অথচ প্রশ্নের অবকাশ নেই, এতো হারিয়ে ফেলা বিবেকের সন্ধান চেষ্টা, থামলে চলে না; দাড়ি-কমা-সেমিকোলনের বর্ষা, নিঃশ্বাস প্রশ্বাসের মতো জীবনের নিরন্তর বিলীন ঘোষণা, আর কোনো সুস্থির বর্ণনা নেই, যুক্তিতে অনিষ্ঠা; সরিসৃপের শীতল প্রাণশক্তি, শুধু যেই ভয় তা পুনরাবৃত্তির… কোথায় আছি, কেন আছি, এমনকি কীরকম আছি সেসব ফুটে না, ইহাদের থেকে নিষ্কাসিত ননি অক্ষরে অক্ষরে জমে থাকে, শব্দের তুখোড় মেঘ তখন থাকার বিপক্ষে নিনাদ করে উঠে; আহা বর্ষা! সবগুলো ইন্দ্রিয়ের বিগলন সেই জলে, আবার আরো ঘন সংশ্লিষ্ট মিথ্যা-কুসুম ফুটতে থাকে… তখন ঘুম পাওয়া অন্যায় বা অন্য তাগিদ, একইরকম ভাষার স্বাধীনতায় হস্তক্ষেপকারী পাষণ্ড;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top