লিখিবার সত্য বাহানা


​বিদ্যুৎ নেই। ছাদে আসিয়া বসেছি। নিতান্ত কিচ্ছু করার নেই, তাই ফেসবুক খুলিয়া বসিয়াছি, ফেসবুকেও করার তেমন কিছু নাই তাই নোট লিখিতে বসিয়াছি, সাধুমিশ্রিত আলাপে; কী কারণে জানিনা উত্তেজনা বোধ করিতেছি, যাহা খুশি লিখিব-যেভাবে খুশি, অথবা লিখিতেছি শুধু এই বোধ থাকিবে, আসলে কিছু লিখিব না; ইহা তো সাহিত্য প্রয়াস নয় যে ভাবিয়া-চিন্তিয়া গ্রহণ যোগ্যতা বিচার করিয়া লিখিতে হইবে, খুব সাবধানে, যেন জরুরি কিছু লেখা হয়! মন খুলিয়া দিতাম, মনের মইধ্যে যেসব আড়মোড়া গজাই উঠে, অর্থহীন খিস্তি যতো, যতো অভিশাপ, বিশৃঙ্খলা, অবস্থান হারানো বেদনা, অশেষ বিরক্তি ও তার পৌনঃপুনিকতা, সব কিছু লইয়া কমপ্লিট অর্থহীনতা; বেশিক্ষণ যুইত পাবো না, জানি আমি, এখন মন তাড়াহুড়ি নিজেরে গুটাইয়া লয়, উড়িতে সন্দেহ করে, অর্থ খোঁজে, গজাইতে দেয় না নিজেরে, অপ্রাসঙ্গিক প্রসঙ্গান্তরে ঝাঁপ দিয়া অঢেল কুড়াইবার সাহস হারাইয়া ফেলিয়াছে? বিদ্যুৎ আসিয়া গেছে, এখন লিখা বন্ধ করিয়া দিলে পারি, লেখা বন্ধ করিয়া দিয়া কী করিব? ভাবনা আসিয়া যায়, যারা হয়তো পড়িবেন তাহাদের ভাবনা রোধ করিতে পারি না, তখন সব কলাপ্স হইয়া যায়। মন কপাট লাগাইয়াছে, মন্দ মধুর বায়ু দেহের উপর আছড়াইয়া মনের ভিতর প্রবেশ ভিক্ষা চাইছে; মন বুঝি মুচড়ানো কলি, নিজেই নিজের পাপড়ি খুলিতে পারিতেছে না, একটা কাজের ভিতর আরেকটা কাজ আইসা বাগড়া দিয়াছে, নিজের একটা ঘর না থাকার অসুবিধা আছেই তো, এই মুহূর্তে আমি কোনো নৈতিকতা মানিতেছি না, কিছুই না, ভাষার যেই অতি পরিচিত মুখ সর্বদা দেখি তাহাকে দেখিতে চাই না, একজন পঙ্গু লোক যেভাবে নিজের আরামকে খুজিয়া লয়, সেইমতো, ভাষাকে, অন্তরের ধন, প্রিয়তম, আপনজন করিয়া, বসাইয়া, পাশে শোয়াইয়া, কী জানি করিতে বাসনা হইতেছে-দেহমনের সর্বাধিক নিষ্ক্রমণ; এইখানে অযথাই যতিচিহ্ন-লেখাটা কাহাকেও ট্যাগ করিবো না, আমার লেখা, সর্বনাশা আতুর, সে আমার নোটবুকে জমা থাকবে, সেই দমবন্ধ করা, চারপাশ থেকে আক্রমণ-উদ্যত মুহূর্ত আর নাহিকো-বিদ্যুৎ আসিয়া গেছে, ফুটফুটে আলো আছে, ঘর বাহির স্বাধীনতা, শরীর কথা না কহিলে আর তেমন কোনো বস্তুগত অসুবিধা নেই, ঘরে ফ্যান না থাকাতে গরম লাগিতেছে কিন্তু অসহ্য লাগিলে ছাদে উঠিয়া মন্দ মধুর হাওয়া লাগাইবার স্বাধীনতা আছে, সারারাতের প্রচুর সময়, চাহিলে রাতভর লিখিতে পারিব, এমনকি লিখিতে. খুব ইচ্ছা না করিলেও; আসলে কি-সরাসরি কম্পিউটারে টাইপ করিয়া লিখিতে তো অভ্যস্ত নই, বিরক্ত কিছুটা হচ্ছি ঠিক, যা যতদূর লিখিয়াছি তাহা মুছিয়া ফেলিয়া ঘুরন্ত পাখার নিচে শুইয়া পড়িতে মন করছে, শরীরেরও সেটা অনুমোদন, তবু আমি লিখিবো, হয়তো সারারাত পারিবো না, যতক্ষণ না ক্লান্ত জেদ সমতল হয়; অবশ্যই এই জেদ নিজের প্রতি, যাহার অভাবে নিজেরে জড়-পদার্থ বলিয়া অনুভব হয়, আমার সৃষ্টিশীলতা যেই আফসোসে দুম মারিয়া আছে, আমি তো আমাকে স্বীকৃতি দিতে চাই, নাকি? কাহাকেও ট্যাগ করিবো না, তবু যদি কেউ মরিয়া আলস্যে বশ হইয়া এতোদূর পড়িয়া ফেলেন ও মনে মনে বিরক্ত হন, তার দায় কিন্তু আমি নিতে পারবো না, কারণ, আমি কিছু সৃষ্টি করিতে বসি নাই, কোনো জরুরি বিশ্লেষণ হাজির করিবার প্রতিশ্রুতি দেই নাই, কাউকে পড়িতে বাধ্যও করি নাই, আমার খেয়াল হইয়াছে, আজ আমার সময় আমি ভিন্ন যতিতে, আওলা নিয়মে খরচ করিবো; কার তাতে কী!
​এইক্ষণে, আমি নতুন একটি প্যারা সৃষ্টি করিলাম, অন্য কোনো কারণে নয়, আমি ইহা সৃষ্টি করিতে পারি বলিয়া করিলাম, কোনো বিষয় তো নাই লেখাটার কিন্তু বৈচিত্র মরিয়া গেলে চলিবে না, একটি সৃষ্টিক্ষম মন পলে পলে বিষয় পয়দা করিতে পারে, নিতে পারে ভাষার মধ্যে বিপদজনক মোচড়, শুধু, সেলাপি একটা অনাবশ্যক গতির বৈধতা আদায় করিয়া লইতে হয়, কার থাকি? ইহা একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে, কেহ এতোদূর আসিলে প্রশ্নটা লইয়া ভাবিবেন বাধ্য করি; আমার এই গতিমুখর মনটারে লইয়া ভাবিতে ইচ্ছা করে-কার উপর এই গতির নির্ভর বা কিসের উপর? গতি পুরাতন ভঙ্গিগুলোকে অস্বীকার করে এবং….. বাকি কথাটা বলতে গেলেই পুরান হইয়া যাইবে, তাই নীরব থাকাই শ্রেয়… অন্য একটা প্রসঙ্গে যাওয়া দরকার; ক্লান্ত জেদ-ভয় পাচ্ছি সদাশিব মুহূর্তটা কখন নিজেকে ভেঙে ফেলে, ফেলুকগা, আমার স্টকে একটা সিগারেট আছে, আর থাকবে সত্যিকারের ক্লান্তি;
​অসুবিধায় পড়িয়াছি, তাহা হইলো-আক্ষরগুলো মুছিয়া ফেলিলে কেহ স্বাক্ষী থাকিবে না, যে লেখাটা লেখা হইয়াছিল, তাহাতে এতোক্ষণের শ্রম ও জেদ মাটি হইয়া যায়, মানে বরবাদ, আর তাহা বরবাদ হইলে কী কোনো অর্থ সৃষ্টি করে পুরা বিষয়টা? আমার তো মানুষ হিসাবে কর্তব্য অর্থহীনতার বোধ হইতে মুক্তির খোঁজ করা, নয়তো পরে আমাকেই অভিযোগ করা হবে, আমি জীবনের মূল্য খুঁজি নাই, অপরের কথা না হয় ছাড়িয়াই দিলাম, নিজেরে কী বুঝাইয়া সান্ত্বনা দিবো-একটা অর্থের সম্ভাবনাকে নষ্ট করিলাম কোন যজ্ঞের প্রতারণায়? খাতায় লিখিলে হয়তো ছাপার লাগি এই লেখান দিতাম না (কিন্তু দিলাম তো), তবু পুড়াইয়া না ফেলিলে লেখাটা থাকিতো; সর্বোপরি একগুচ্ছ অদৃশ্য পাঠককে মনে মনে ধরিয়া লইয়া লেখা আবেগ জুটান হইছে, অতএব নোটটা পোস্ট করে আবেগটারে গতি দেওয়া ভালো-সনাতন ধর্মাবলম্বীরা সব কিছুর সদগতি কামনা করে, আমিও করি; পর্যাপ্ত বিষয়ের অভাব কী বিড়ম্বনায় ফেলিয়াছে! এমনটা হইতো না যদি প্রচুর পরিমাণে খুচরা বিষয় লেখায় যোগান দেওয়া যাইতো, যার লাগি রাইত ফঅর কইরা লিখিতে হইতো, অন্তত এই জিদখান তো থাকিত যে লিখিতে লিখিতে রাইত কাবার করছি এবং সেটাই একটা অর্জন হইতো; বুঝলাম, কমপ্লিট বিষয়হীন লেখা লেইখা রাত কাটানোর মতো গতিবেগ আমার মন এখনো পায় নাই, লক্ষ লক্ষ সাপের পোনারা যখন ছোবল মাইরা মনের মইধ্যে দাঁত বসাইয়া লইটকাইয়া থাকব তখনকালা এমন লেখা পয়দা হইবার পারে… লিখিতে লিখিতে যেমন করিয়া শেষ বিন্দুতে আসিয়া পরলাম, পড়িতে পড়িতে এমন যদি কেউ আসিয়া থাকেন, জানিতে বড় সাধ হয়, তাহার সাথে আমার ঐক্য বা অনৈক্য স্থাপিত হইয়াছে কিনা, নাকি তিনি শুধুই বিরক্ত হইলেন; আরো জানিতে সাধ হয়, রতন কুমার লেখাধান পড়িলেন কিনা। কে জানাইবে! এমনও তো হইতে পারে, শুধু রতন কুমার নহে, কেহই ইহা পড়িলেন না, তাহা হইলে কী আমি কষ্ট পাইবো?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top