পুরাতন আশাবাদ

নিজেকে খুন করার
একটি সহজ মুহূর্ত থাকে,
যেভাবে পৃথিবীতে প্রথম আলাপ
অসহ্য গুমোট থেকে ফুটেছিল
প্রত্যেক মুহূর্তের ধ্যান ভাঙ্গে, অগোচরে প্রায় সব
তা না হলে দেখা যেত দিব্য নাটক—
রক্তের ধারা বহে আনন্দ মুখর; পাশাপাশি রেললাইন,
গাদলা শীতের দিন, আকাশে সূর্য নেই,
রোদ ওঠে মনে, তোমাকে লক্ষ্য করে– বিদেশী ঘাতক—
আমিও তোমার খুনি—
এইখানে ভালোবাসা নেই, বহুকিছু নেই,
নেই থেকে ধাবমান শেয়ালের মতো
অন্ধকারে, তোমার ঝিলিক
কল্পনার বৃত্তভেদে আছে— কটূ-গন্ধ ব্যাস;
জানি আমি, হতাশার মরুভূমি খুবলিয়ে
বেলা কেটে যায়, নিয়মত অন্ধকার নামে
দিন গুনে মৃত্যু, আঙুলের কড়ে
তারে কেউ বাধা দিতে পারে?

বিশাল এক লাঠি নিয়ে মেঘের জটলা ভাঙ্গি
যেন প্রতিভাত হয় সূর্য
যেন দেখি, আমি বন্ধী আছি
জাগরণকামী ধ্যানের ভিতরেঃ
আমাদের ভিতরে আছে আস্পষ্ট বুদ্ধ
একথা সূর্যের মতো সত্য, আমরা মানি না,
দুঃখের ভয়ে হয়ে যাই কাদাখোচা পাখি
তার ঠোঁট ভাঙ্গে না অব্যয়, শীতকাল ফিরে ফিরে আসে
কুয়াশা শিশির হয়ে রোদ্রের তরে কাঁদে—-
আমরা বুঝি না, শুনেছি শীতের গল্প, আগুনের
কাছে বসে— আমাদের চেতনা হয়নি আগুনের ঘন
বিপ্লব, তবু, অব্যাহত থাকি…

ক্ষীণ থেকে ক্ষীণতর দেহে
নিজেকে খুন করার সহজ মুহূর্তটা পুরানো হয়ে গেছে—
তখন আমি তোমাকে খুঁজি
রক্তপানের তেষ্টা নিয়ে
খুনি হয়ে ওঠি………

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top