১
আমার আরেকটা আমি
আমার আরেকটা আমি লাগবে
তাকে ছাড়া আমি ডাসবিনের আজড়
তবে তোমাদের জন্য স্তুতি থাকবে
বৃক্ষে যে সুখে ফুল ফোটে, যদিও
বাসি হয় দুএক দিবসে তবু, তোমাদের
তোমাকেই কামনার প্রথম প্রহরে
যে যাচনা তার মাঝে গ্লানি ছিল, যেহেতু
সেখানে সুপ্ত ছিল মহৎ বাসনা–
দেহ ও দেহের অধিক পঙ্কজ;
ছাতিম ফুলের গন্ধে পলাশের রঙ, কোকিলের ডাক
ভাটের খয়েরি কলি, আমের মুকুল-মুকুট; ধূলার
বাউল কনা ছুঁয়ে, তবু তারা পাপী–
উৎপীড়ক বসন্তের ফেনা, সেখানে বিস্তার পায়
যুগল বেদনা– বিছানা থেকে বিশ্বরোড সংক্রমিত
লোভ ও বিষাদের বেনী দুলে দুলে খুলে যায়
কত শত ছোবলে অশ্রুর অঙ্কুর জমে!
কাম বলো প্রেম বলো, সবকিছু পরীক্ষিত ধোকা
সব ফাঁদ বুঝে নিলেও থাকবে পিপাসা
তাইতো অশ্রুগুলো মূল্যবান–
তোমরাও, বিশেষত তুমি;
কিন্তু আমার আরেকটা আমি লাগবেই
যাকে ছাড়া আমি ডাসবিনের বাজড়
তার জন্যই তোমরা, উপকারী মিথ্যারা
নিপীড়ক দেবতা– তবু স্তুতি পাও, পুষ্প পাও,
অশ্রু পাও, পঙ্কিল হৃদয়ের ভালোবাসাটাও;
আমার আরেকটা আমি
কে জানে কেমন তুমি?
এইবার তুমি ওদের জানাও :
তোমরা আমাকে জন্ম দিবে বলে
তোমাদের প্রসব করেছি ব্যভিচারী।
তুমি বোবা বক্তা ওরা বধির শ্রোতা,
তবু তুমি ওদের জানাও।।
২
পরীর লগে কুস্তি
কী করতে চাইয়া রইছো ওইদিকে
আর কোনো দৃশ্য নাই দুনিয়ার?
হনুমান নাকি তুমি, নাকি গ্রন্থাগার!
পায়চারী দিয়া ধইরা ফেলতে চাও
সিড়ি নাই যার, পায়ে ব্যথা নিয়া
ফিরা আসো ঠিকই বিছনায়, মেঘের
আড়াল থিকা যারা যারা দিছিল
উকি, পাইছ কি তাদের কোনোদিন
নিয়া আসতে পারছ বালিশের পাশে?
তারা মেলা আকাশটা আইছে কি
সিলিঙের নীচে, তোমার ক্লান্ত চিন্তার
পিছেপিছে? এহন তারা ঘুমের অসুধ
যাত্রা করবো স্বপ্ন বরাবর, শেষ হতে।
যহনই এই ছাচে তুমি নিজেরে বানাও
কোনোদিন ব্যতিক্রমে দুই হাত দিয়া
শক্ত কইরা ধরছিলা, তোমার যমজ
পরীর পা? হেচকা টানে ফালাই দিয়া
মাটির উপর, নিয়া নিতা একটা চুমা
আজীবন সই করে রাইখা দিতা লগে
কী করতে চাইয়া থাকো ওইদিকে
তারে নিয়া দেখতা বরং শখের দুনিয়া…
