ক্লান্তি; নিশ্চয় এর ইতিহাস আছে, তাই এখানেই থামতে বলি-কোথায় যাবে আর কী নিয়ে? ক্লান্তি হলো পাহাড়, চেষ্টা তুলনায় ইদুর-শব্দের অস্পষ্ট বাহিনী বিপথে কূপথে চালিত হবার এইতো সময় এবং যতিচিহ্নে মাথা ঠেকিয়ে অন্যমনস্কতা, সময়ের বানগুলি চিহ্নিত করতে না পারার পুনরাবৃত্তি; ফলকথা শুরুতেই বুঝে নাও-এই বলা আসলে কিছুই না বলা এবং বলতে না পারার অসমাপ্ত ভূমিকা; অনিবার্যভাবে শব্দের মৃগমায়া ও মায়ামৃগের ধাঁধা, যাকে অসম্পূর্ণ রেখে আরো প্রান্তের আলপনা আঁকা, ইস! যদি একে বুনট বলতে পারতাম! তা হবে না, অর্থবহ কোনো কারু এখান থেকে প্রত্যাশা করা যাবে না-তমসার বিবিধ ছলনা, আত্মরক্ষার্থে সৃষ্টির কুসুম যেন কিন্তু সত্যিকারের সৃষ্টি নয়, তা জেনেও আমি এই ভোজবাজিকে আবাহন করে যাই, যাতে মনে হয় ক্লান্তি একটা খোলস মাত্র, বোধে ঝুলে থাকা অভিশপ্ত ফল, কোনোদিন পাকবে না! তাই অবলীলায় ছিঁড়ে নিতে পারি, যদিও বোটার সাথে তার সম্পর্ক পাথরের মতো শক্ত; বস্তুত তা ঝুলেই থাকে। কল্পনাও পরাজিত তার অচলতার কাছে, আর অচলতা নিজেও, ওই পটিয়সী কল্পনার কাছে-এক শলা ধূমপানের বিরতি দিয়ে এবার তোমাকে শুরু করা যায়, রাতের অপচয়ে আমার অন্তত আপত্তি নেই-তো শব্দ আলো দাও, কী করে মূল প্রসঙ্গে না গিয়েই সমাপ্তি টানা যায়, এক রাত আর এই রাতের যৎকিঞ্চিৎ জাগরণের মাঝেই একে শেষ হতে হবে। এখানে যদি এতোই নিরেট যার ধারাবাহিকতা হয়না, ফলে প্রশ্নগুলো তুচ্ছ হয়ে গেছে আমার আম্বাদের পিছলতায়।
আমিও দেখতে চাই কী কূট প্রতারণায় তুমি রঞ্জিত হতে পারো! যেহেতু মাথার ভিতর কিড়মিড় করছে ঘুম, অঙ্গ অবশ হয়ে আসছে, শব্দগুলো ক্লান্তির থেকেও ভারী আর বিকট চেষ্টায় এই ভার বয়েও নিতে পারতাম হয়তো কিন্তু গন্তব্য কোথায়?
