চতুর্ভুজ

তোমার নীরবতা (১ম বাহু)

নীরবতা যখন অপমানের ভাষা
স্মৃতিতে তখন খুঁজি কিছু কণা, যাহারা
উঠেছিল নেচে তোমার প্রশ্রয়ে;
অবকাশে অভিমান-অভিযোগ, তাদেরও
আসন ছিল আকাশের মাঠে—
তারাদের কল্লোলে কুন্ঠিত কিছু
তবু একেএকে সব, ঈর্ষা-লজ্জা-ভয়
ফুলের পাপড়ির মতো থরে, মেলেছি
তোমার কাছে (শুদ্রের অপরাধী মন)
ভেবেছি বাঁশির সুরে কিছু কিছু করবে গ্রহণ;
পেয়ে গেলে ভয়—
দেখে এই উলঙ্গ হৃদয়? নাকি ঘৃণা!
অজুহাত গুলো আফসোস হয়ে
বিতৃষ্ণার নিগুঢ় বাসনা, করলো প্রকাশ?
তাই নিম্নবেগী উল্কার মতো, শুরুর উজ্জ্বল
ভুলাতেই নেমে এলে, আলোর নীরব?
এই ছিল অনিবার্য; উৎস থেকেই সচেতন যা
নির্বাপনে আবির্ভূত সেই নিরবতা।
যেই ফুল ফুটে গেছে, কী করে
করবে প্রবেশ কুড়িতে আবার!
ঝরে পড়ে মুক্তি পাবে
রেখেছ কি সেই স্বাধীনতা?
মধু ও গন্ধের বিষ মর্মরে শরীরে আমার,
যেহেতু পাইনি আমি ভুজঙ্গের দেহ
ফণার আক্রোশ রবে, ছোবলে অক্ষম।
না গ্রহণ, না বর্জন; নিরুত্তর নিষ্কলুষ নীরবতা
কী মহান তুমি!
অকর্তা হয়েও গড়ো অপমানের ভাষা।
(হে নির্গুন নিরঞ্জন পরব্রহ্ম আমার!)

তোমাকে পরম ভেবে (২য় বাহু)

তোমাকে পরম ভেবে হয়ে গেছে মানবীয় ভুল
তবু এপথেই যেতে হবে সোনা; বৃক্ষের পলাতক
ডালে রক্তিম দানা, ঢেকে রাখে ডাঁশা ত্বক–
পাতার পিছলা পোশাক, কেড়ে নেয় অভিজ্ঞ
আকাঙ্ক্ষার এযাবৎ সঞ্চিত কাণ্ডজ্ঞান যতো–
দুর্বল শাখায় ঝুলে থাকে কিশোর গোয়াম;
ভারসাম্যের ব্যাকরণ এইখানে শেষ, তারপর
নির্বিচার পতনের জুয়া– দাম্ভিক আতশবাজির
বা গুপ্ত হিংসায় রত ভাঙা কলশির কানা; এইসব
চিরায়ত কথা, জানে এই পৃথিবীর সকল প্রেমিক
বাসনারে মুক্তি দিতে পতঙ্গের কীর্তিত মূর্খতা
আগুনের সাথে কী গহিন আলাপ যে করে!
আমি তার কিছু কিছু কথা– তোমার বিমুখ
ভঙ্গি ও অবাধ্য চুলের স্পর্শাতীত নিকটে
গিয়ে জেনেছি, সেসব গুহ্য শব্দের বিকিরণ–
মূলত উজ্জ্বল করে তোমারই পৌরুষ; যেহেতু
পরম ভেবে হয়ে গেছে ভুল, (তার আর নেই
কোনো মামুলি মাসুল)। মোহ মায়া মুগ্ধতা
লোভ গ্লানি ব্যর্থতা, অনুতাপ-অভিযোগ-অভিমান…
এসকল নৈবদ্য আমি তোমাকেই দিবো, যে
পাথরে ভাঙা হয় শত শত ডিম তার থেকে ভালো
তুমি– তোমারো পারদ খসে, কয়েকটি বিম্ব তাই
আমাদের ফাঁকি দিয়ে হয়তোবা চলে গেছে
যথার্থ বিনাশে…

বিবর্তমান (৩য় বাহু)

অভিমান দিয়ে তোমাকে উপলব্ধি করি
আফসোস দিয়ে পূজা করি তোমার ভ্রুকুটি
সমস্ত অপসৃয়মান বস্তুলীলা ধরতে গিয়ে
শরীর থেকে প্রাণ উড়ে যাওয়ার মতো কষ্ট
সেই দ্বিচারী বেগের উৎসে তোমাকে স্থাপণ
করতে গিয়ে ব্যর্থ, বারবার ফিরে যাই
স্মৃতির আঁধারে—
কয়েকটি ক্ষতের আগে যেই অনাবিল
উপস্থিতির মোহ, অসংখ্য সম্ভাবী ঘটনার
নীরব উল্লাসে স্মিত, সম্পূর্ণ কলায় প্রস্ফুটিত
চাঁদের মতো উদার– সেই উড়ন্ত গালিচায় ভেসে
কতোদূর যাওয়া যেতো?
অটল পাহাড় দেখেনি অবুঝ পাখি
ভেবেছিল, তার সাথে মেঘ হয়ে উড়ে যাবে বুঝি!
এখন নিজেকে পাই–
অলস ভাবুক, আধশোয়া অবতল বক্রতায়;
বিনয়ের বিষ রেখে চলে গেছ তুমি
তবু নিঃশ্বাসের মতো ফিরে আসো
রক্তের সাথে বয়ে চলা স্বাভাবিক গ্লানি—
তোমার অবাধ এই বিচরণ, হিংসা করি
ঘৃণা দিয়ে পুষে রাখি ভালোবাসা,
নিরাধার অস্ফুট যাবতীয় অভিযোগ
একেএকে ফুটে যেন অন্ধকারে সজারুর কাঁটা

তমসা কুসুম (৪র্থ বাহু)

এইযে তুমি—
নিজের মাঝে সংকোচিত কলি
প্রস্ফুটিত হতে চাচ্ছো না,
প্রতিটি পাপড়ির জন্য বেছে নিয়েছ
মাতৃ-গর্ভের ভ্রম–
এতোটা অবিশ্বাস ভালো কি?
তুমি কি চাও না রুক্ষ্ম সূর্যের প্রশংসা
দূষিত বায়ুর আদর;
স্বার্থপর পতঙ্গ আর পাখিদের
তৃষ্ণার প্রতি বিরূপ, তোমার
কৃপণ বুকে —
পচাবে প্রজন্ম পরাগ?
তুমি তো জানলে না পাপড়ির রং
তোমার সৌরভ কেমন!

তোমাকে পেড়ে নিতো জীবিকাধারী সকলে—
স্ব-স্ব প্রয়োজনে;
তেলতেলে হাসির জমজ পরিচয়
নিয়ে ছিত্তিসান হয়ে যেতে
হয়তোবা আমলার পদতলে।

তার চেয়ে ভালো হতো
বদগন্ধ বন্য ফুল হয়ে ফুটা
অগোচর উগ্র রঙে
ধূলোর ময়লা প্রেম,
আদিত্যের আগ্রাসনে বর্ণিল–
প্রকাশ্য আড়াল থেকে বিমলিন
সবকিছু দেখা

তোমার এই পাপড়ির দ্বিধা কতোটা সঠিক?
ভূমিষ্ট হলে না, বেঁচে আছ ভ্রমের জঠরে
জন্মান্ধ না হয়েও
পটিবাধা জ্ঞান্ধারীর মতো
দিতে পারো কৃষ্ণরে অভিশাপ—

কিন্তু, তুমিতো হলে না স্বাধীন;
বিকশিত পাপড়ির ফুল—
হায়, নিজমধ্যে সংকোচিত কলি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top