স্মৃতিকাতরতা

শহর যখন ভাঙছে নতুন করে

উধাও সাবেক মানুষগুলোও

তবু কি স্মৃতি থেকে যায়

ইথারে

অধিকৃত শরীর কি ছটফট করে

অগাধ তৃপ্তি নিয়ে

প্রশ্নগুলো থিতায়

তাড়না উবে যায়

কর্পূরের মত

মায়ের মত মমতা রেখে যায়

কবরে ঘুমায় অতঃপর

তবুও পৃথিবী যুদ্ধ ক্ষত নিয়ে

জ্বলতে থাকে

অনাহারে অথবা গুলি খেয়ে

মরে যায় শিশু

মৃত স্তন তবু

চাঁদের আলোয় অদ্ভুত ভারী হয়ে ওঠে

দেব শিশু উড়তে থাকে

আকাশে তারায় তারায়

মা ডাক মিলিয়ে যায়

চারিদিকে স্থির স্তম্ভ

যুদ্ধ বিরতি

শেষ রাত

প্রার্থনার পর ভগ্ন উপাসনালয়

নির্বাক প্রভু

পৃথিবীর যুদ্ধ বাজ প্রভুরা সরব তবু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top