১
দিব্য নৈরাজ্যের কালে
কোলে নিয়ে বসে থাকো প্রতিবাদ
অনিবার্য ঘৃণার অপর পিঠ দেখো
বাধ্য হও, হয়েছিল গরিষ্ঠ হিলিঝিলি
ব্যথা পেলে হবেনা ইনসাফ; ফেলেছ
হারিয়ে তোমার সহজ অধিকার
দ্রোহহীন সবজির পাতে পেশ
হও– কর্মফল করো অঙ্গীকার,
আশংকার কুয়াশায় যা ছিল সুদূর…
মিথ্যাবাদী রাখালের বাঘ এসে গেছে
সংঘের শক্তি সব চলে গেছে অপচয়ে–
অভিযোগ, অপমান– ক্ষোভ, ক্রোধ, ঘৃণা
কোনোকিছু সাজে না তোমার;
হয়ে গেছ বধযোগ্য নতুন অসুর।
দেবকূলে ইতর উল্লাস
নূরানী ললাট থেকে সহযোগী মিথ্যার
অবাধ সন্নিপাতঃ
পুনরায় উদবোধিত সহিংস ছলনা!
বাঘের হুংকার মেখে
পালেপালে ক্ষুধার্ত কুকুর…
তুমি সেই স্থবির গরু
প্রতিবার রক্তমাখা খাদ্য হও
সম্মানহীন একা–
নির্ণিত হও ইতিহাসে,
প্রকান্ড বোকাচোদা।
০৯/০৯/২৪
২
সাবধানে রেখো তোমার বিপ্লব
হতে পারে ধনুকটা তোমার
কার তীর
কার বিঘ্ন
গাঢ় কুয়াশায় বুঝে গেলে!
অন্যের মুখে ঝাল খেয়ে
যুদ্ধে নামা, বেকুবের কাজ
আরেকটু সবুর করো
আগুন পোহাও;
পক্ষ চয়ণের এমন কী তাড়া?
দেখছনা, অর্ধেক মুখোশে
কলুষিত উদগ্রীব মুখ,
রুপান্তরের ছলনায় হাসে;
আত্মশুদ্ধির চেয়ে সহজ
বরং কেন্দ্রের দখল পাওয়া
কখনো দেখেছঃ
ক্ষমতার, ক্ষমা চাওয়া?
তবু তার প্রচার সৈনিক,
তবু তার আদর্শের পাপ
তবু তার মজলুমের ভেক
অসৎ ঐক্যের ডাক–
তোমার আবাল সম্মতি পেয়ে যাবে!
অথচ ইতিহাসের মেঘ
জটিল কুয়াশা হয়ে
থমকে আছে লোকালয়ে;
ভাষণের শৈত্যপ্রবাহ কাটছে না
গুজবের কালো তুষার
ঢেকে ফেলছে কুমারী মাটি…
এরই মাঝে খুঁজে পাও আপ্তবাক্য,
কূটনৈতিক ন্যায়, সাব্যস্ত করে ফেলো
বন্ধু ও শত্রুর মুখ? তোমার বীরত্ব
সুস্বাদু মনে হবে কারো কারো কাছে
যেহেতু তুমি সহজ জ্বালানি, মাগনা;
সাবধানে রেখো তোমার বিরল উষ্ণতা
কোকিলের মতো চতুর পাখিরা আছে
বিবর্তিত জৈব-যন্ত্রে, চুরি করে জুতে
দিবে সবচে অন্তরঙ্গ অবদান, তোমার।
৩
নির্লজ্জ উত্থান সর্বজনীন কৃতঘ্নতার
ওরা প্রেম ও অবজ্ঞার তফাৎ বুঝেনা
তবু তাদের সাথেই সহবাস ভালো লাগে
তোমাদের; সংলাপের ব্যর্থতা জেনেছে
সবাই, শুধু সত্য রটনার সাহস করে না
কেউ, আমি তো অবোধ্য অলীক পরী
উভয়েরই কাছে পরিহার্য ও নিরীহ
প্রজাতি, বহকাল ধরে নিজেরে বিলুপ্ত
ভাবি; যারা কিনা প্রথম সারির লোক
বৎসরে দুইবার কোলাকুলি করতে প্রস্তুত
আলগোছে এড়িয়ে যায় তারা, জানে
না ঠিকঠাক স্বভাবের শিকড় কোথায়
এদের? কারাই বা পানি ঢালে, নিষ্ঠায়
সার দিয়ে বিষবৃক্ষ করেছে সতেজ; তবু
কেউকেউ ফকিরীর পরিত্যক্ত খোলস
পরে নেয় দরদের ভান করে, নাকি ভ্রান্তিতে!
জ্ঞানের জাকাত দিতে মনস্থ, মূর্খকে–
আর তুলে আনে কোনাকাঞ্ছির বীতশ্রদ্ধ শুভ,
রূহানী জজবায় আলিঙ্গন করে কালসাপ
তবুও যারা প্রেম ও অবজ্ঞার তফাৎ বুঝেনা
তাদের অধিকার, গণতন্ত্রের পচা ডাল থেকে
পেড়ে দেয়– বিশুদ্ধ স্বৈরাচারের চর্চা, অলঙ্ঘ
বীর্যে যেন করতে পারে তারা—আর আমি
বিপন্ন সীমায় দাঁড়িয়ে কিছুটা অদৃশ্য
ফলে ভৌতিক স্বাধীনতা পেয়ে দেখি,
নির্বিচার উত্থান সর্বজনীন কৃতঘ্নতার…
৪
হয়ো কাশফুলের ধূলি
এইসব ঘটছে, ঘটতেই থাকবে
তুমি বসে থাকো, কাশফুলের
ছায়ায় চুপচাপ, দুধভাত অধিকার
নিয়ে বিতর্কে কী লাভ? নেমে
আসো ক্লান্তির ময়দানে, সকল
মেঘ উড়ে গেলে অতি-রিক্ত আকাশ
ঝরতে থাক নিরব রক্তে, কথারা
বেঈমান বড়, সুবিধার চঞ্চলতায়
এপাশ-ওপাশ– তুমি শ্বাস-যোগে ছুঁয়ে
থাকো মাটির অথৈ; শিকড় স্পর্শ
করে অস্পৃশ্য পৃথিবীর ধন, তারও
সীমা আছে– থামতে হয় তাকেও,
তুমি থেমো না খনিজ ভান্ডারে তখন;
যে মাতৃকারা এইসব ধরে আছে
সেইখানে না যাও, আহরিত না
হও তাদের সকাশে, খেলা ছলে
ভেঙ্গে নিক বা না নিক, তোমাকে
তারা নিখিল প্রয়োজনে, থেকো
অধিকার বা দয়ার আশ্বাসহীন
নিরিবিলি; ঘাসের প্রেরণা হবে
ফুলের মূলধন তুমি; চূড়ান্ত অজ্ঞানে…
।।ঈক্ষণ পূর্বের বিলীন বিন্দু, তাহাকে
ফোটাতে আদ্যাশক্তির বিস্ফোরণ
তুমি সেই সৃষ্টিলীলার অনুকরণ নও
বরং তুমি কাশফুলে নির্জ্ঞান ধূলি
অতি তুচ্ছ বিচেতন নিখোঁজ সকলি।।
