হেই অনুপস্থিতি! বিগলনরত বরফের মতো শব্দের উপর বয়ে চলা বাতাস, স্মৃতির গুদামে রিমঝিম! ধুয়ে গিয়ে প্রবাহিত জলের ছিটায়, প্রসন্ন কুসুমেরা কী স্বাধীন! নিরবে বাড়ে ঘাস, অনুপস্থিতি! মাটির মূর্তির মাংস, তোমার চরণ পেতে গলে যায়; আজ অন্ধকারই প্রদীপ, না দেখার অখন্ড টলটল, ফিরে যাওয়া সমুদ্রের রাগে, প্রণত প্রলয়– চুপ করে থাকো; লেজ নাড়ে অস্তমিত অন্তিম রঙ…খালের উপর নৌকার দোলনায় ঝরছে সর্বশেষ– দৃশ্যের কম্পন আর বরফি শব্দের জমজ, এক সুরে নিভে যেতে তোমারে পেয়েছে।
