অতিবাহিত ধূলোর বৈঠক–৫

কিছু লিখি। কিন্তু যেন কোনো কথা নেই। নিশ্চুপতার তটে ভাবনা গুলি ঢেউয়ের মতো এসে ভাঙ্গে, ফিরে যায়। কিছু কি চাইছিলাম এখানে? কেন দাঁড়িয়ে রয়েছি? ব্যথা নেই কোনো, তাগিদ বা তাড়না নেই; পানসে মাদা মেঘ এসে ছেয়ে ফেলেছে মনাকাশ। ধনুকের ছিলার মতো বক্রতায় যেসব আকাঙ্খা তীরন্দাজকে সৃষ্টি করেছিল, তারা বারুদহীন মরে পড়ে আছে। একটা কিছু ঘটবে, জীবনে– দিব্য কিছু! এরকম ছেলেমানুষী আশা মরে গেছে সঠিকভাবে। যেমনটা হওয়ার কথা ছিল, সব কিছু তেমনই যান্ত্রিক। দুটি হাত দিয়ে যতটুকু শূন্যতা আগলাতে পারি, যেন ডানার মতো ব্যবহারে তা অনন্ত হয়, সেই উড়ন্ত মুহুর্তে তোমাকে বানাচ্ছিলাম, আর অনিবার্য মহাকর্ষ নামিয়ে আনলো উদ্দেশ্যহীন বাস্তবতায়। প্রাত্যহিকতায়। এখন মাথার রগে পিস্তল ঠেকিয়ে ভাবতেই ভালো লাগে, কিন্তু মৃত্যুর মাঝে যে স্বাধীনতা তাও সংশয়ে গুলিবিদ্ধ। ফড়ফড়ফড়ফড় আওয়াজে একটি আটকে যাওয়া স্পন্দনের ব্যথা, বেঁচে থাকার রোমাঞ্চকে এই অস্বস্তিকর শব্দে বন্দী করে ফেলার পরিকল্পনা নিপুণ। নিজেকে মেনে নেওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়লে মানুষ, কী করতে পারে? বীর্যের রঙের মতো ফ্যাকাশে, পিচ্ছিল আর বিক্ষিপ্ত ছড়িয়ে আছি, সমস্ত সম্ভাবনার ঋত থেকে ছিটকে পড়া একরাশ ব্যথিত চেতনা, অন্ধ ও প্রতিহিংসাকুল ক্ষিপ্ত জোনাকির মতো বোরুদ্য জ্যোতির কনায় লয়মান আমি’র বালুকা। তোমার তোষক থেকে ঝেড়ে ফেলো আমাকে; অস্তিত্বের একটি কনাও যেন না থাকে, অথচ পরিহাস– না জন্ম, না মৃত্যু, না কোনো দৈব, কিছুই চেতনার ধ্বংস ঘটাতে পারেনা। স্টুপিড একটা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top