রাত বোবাধরা।নিজের বাইরে যাই।তারপর বিবশতা নিয়ে ফিরে আসি।দূরে কুকুরের ঘেউ।কারো অস্পষ্ট কথার আওয়াজ শোনা যাচ্ছে।কান ঝি ঝি।চোখ জ্বলছে।চোখের কোনে গড়িয়ে এসছে কিছু পানি।রঙের গন্ধে ঘর আমোদ।কোথাও কনসার্টের আওয়াজ।এরকম কনসার্ট হরহামেশাই হয়।অমুকের গায়ে হলুদ। লোকাল ব্যান্ডগুলা খেপ মেরে টুপাইছ কামায়।হালের হিন্দী টপচার্টগুলা আইটেম সংগুলা এসব অনুষ্ঠানে চলে ভালো।পোলাপান এমনিতেই উদ্দাম।তাদের এই উদ্দামতায় পালের হাওয়া।ট্রেনগুলো যথারীতি আসবে-বুকে হালকা মিহি কাঁপ ধরিয়ে চলে যাবে।কনসার্টের আওয়াজ দুমদুম করে বেজেই চলছে।ব্যাটারীঅলা রিকশা একটা রাস্তা পেরিয়ে চলে গেল।নাহ্ শাশ্বত কোনো অনুভব নেই।মাথা শূণ্য।দূরে টিকটিকি টিকটিক করে উঠলো-না ইহা কোনো হ্যাঁসূচক ইঙ্গিত নয়।টিকটিকি তার খায়েশে ডাকে হরহামেশাই।বয়স বাড়ার সাথে সাথে দম কমে আসে।ফজর আলীর ছেলে মরেছে বেশ ক’বছর।আন্দোলন চাঙা হোলোনা।দেলোয়ার।নেই।ছত্রিশ সাতত্রিশ বয়স হোতো এখন তার।তার বুড়া বাপ এখনো নিরলস রিকশা টানে।কদিন এমনে আর।কোনোদিন মুখে কোনো অভিযোগ নাই।পরিস্হিতির সাথে তাল মেলানো সর্বংসহা মানুষ এরা।প্যাডেল মেরে চলে।শহরের চোরাচালান সিন্ডিকেট তৎপর।সিএনজি করে লটে লটে পাসিং হচ্ছে পণ্য।বখরা যার যার রেডি।নগর উন্নয়ন চলছে।গ্রাম বাদ নেই।বিদেশ করা ছেলেরা বেশ ক’পয়সা এনেছে দেশে।লোকের আধিক্যে ধানী জমি বিলীন হচ্ছে ক্রমশ।দখল হয়ে যাচ্ছে খাস জমিগুলো নানা বন্দোবস্তে।টাওয়ারে টাওয়ারে সয়লাব শহর।বাড়ছে ইশকুল কলেজ হাসপাতাল।গ্রাম ছেড়ে নতুন প্রজন্ম পাড়ি জমাচ্ছে শহরে।আঁটোসাঁটো ফ্ল্যাটে জায়গা করে নিচ্ছে আধামফস্বল আধাগ্রামের মানুষেরা।লোকজন কিনছে খাচ্ছে হাগছে মুতছে-শহর তুমি লোড নিতে প্রস্তুত।ঠুসে ঠুসে জায়গা হোয়ে যাচ্ছে কোথাও না কোথাও।শহর জেগে উঠছে নোতুন কোরে প্রান্তিক এলাকাগুলোর নবায়ণে।শহরে বাড়তি শ্রমিক চাহিদা জোগান দিচ্ছে উত্তরবঙ্গের মানুষেরা।নানা কটাক্ষ অবহেলা সহ্য করে তারাও পাঠাচ্ছে রেমিটেন্স।গরীবের বিদেশ।বিদেশই। আঞ্চলিকতায় বহু বিভক্ত মানুষের লোকাল ইমেজ বড় শক্ত।এর ভিতর আবার জাতীয়তা।পাহাড়ীতো আরো দূর এলিয়েন।যে যার কাজে কর্মে ভিড় করছে -শহর ফুলে ফেঁপে ঢোল।এখন মিকা চলছে-আর কঁকিয়ে চলছে কুকুরটা-এভাবে রাত গড়ায়-কয়েল অথবা পুরোনো কাপড় লাকড়ী জ্বালিয়ে ধোঁয়া করে রাত জেগে থাকে পাহারাদার।ঠ্যাকবাজ ওঁৎ পেতে আছে কোনো অন্ধকারে শিকারের অপেক্ষায়-ভোর হতেই ডায়বেটিস রোগী নানা পেশার মানুষের হাঁটার হিড়িক।পৌরউদ্যান মানুষে ছয়লাব।ব্যাঅাম করুন সুস্হ থাকুন-হা হা হি হি-নানা খোশগল্প-বাড়ী-মেয়ের বিয়ে-নাতনী-ছেলে অস্ট্রেলিয়া জাপান কানাডা লন্ডন আমেরিকা-বিসিএস ক্যাডার-ঘৃতকুমারীর শরবত-উদ্যানের বাইরে ঘটা করে জমে যায় ছোটখাটো বাজার-সকাল হেঁটে ডায়বেটিস প্রেশার খোশগল্প সেরে নিত্যদিনকার ফটকাবাজি মেনেমনে নিয়ে আপোষরফার আতশবাজি।তবু রাত এখনো বাকী। বেড়ালও ডেকে ওঠে।মায়াবী মানুষের স্বরে।
