এভাবে রাত্রির গ্রন্থিগুলা শিথিল হয়ে আসে
পরস্পর দূরত্ব নিয়ে আরো দূরে সরে গিয়ে
নক্ষত্রের মতো একা
এভাবে দূরে সরে যাওয়াই মনে হয় নিয়তি ছিল
তবু একবার ঘুরে দাঁড়ানোর গল্প গুলো মনে হয়
তারপর একরাশ অন্ধকার ঘিরে ধরে
এ জন্ম যেন এভাবেই নিঃশেষ
সমগ্র যেন এভাবেই কুরে কুরে
অধঃপতিত
খন্ডিত টুকরো টুকরো
বায়োস্কোপের রিল ঘুরতে থাকে
মনে পড়ে যেতে থাকে অতীত
ব্যর্থতা যত
হারের যাবতীয় পদাবলী
মনে হয় তবু যেন এখনো সময় আছে
তারপর হাতড়াতে থাকি
দূরত্ব এত দূরত্ব অসীম থেকে অসীম হতে থাকে
তারপর দৃষ্টিসীমার বাইরে ঘটে যেতে থাকে সব
এই মধ্য প্রহরে কোথাও কেউ নেই
এই গভীর নিঃসীম একাকিত্ব
যেন এক অভিশাপের মতো আষ্টেপৃষ্টে ঘিরে ধরে
