একাকীত্ব বৈধব্য হেন। ২০২৬ সালের শীত গতকাল বৃষ্টির পর ভূমিষ্ঠ হল যেন । কত পাখির নাম জানিনা তবু বুঝতে পারছি বাইরে একটা দোয়েল শীষ দিচ্ছে। বুকের হাঁপর দুর্বল হয়ে আসছে ধীরে ধীরে। একঘেঁয়ে জীবন একঘেঁয়ে মৃত্যু মাঝখানে তার যেন দৃশ্যায়িত হতেছে নারকীয় ঘটনাবলী। ভূখণ্ড জুড়েই কেবল নয় সমগ্র পৃথিবী জুড়ে। কেবল একাকিত্বের হাতছানি। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছে। বোর্হেসের মত অন্ধ হবার আগে এ অসার আত্মোপলব্ধি কোন গল্পের ফর্ম নিচ্ছে না। গদ্য হচ্ছে নিতান্ত কায়ক্লেশে কারণ লেখক মকর রোগের মত কবিতা আক্রান্ত। অন্ধকার যেন তার ঘোমটা খুলতেছে। অন্ধকারে বসে আলোর কথা লেখা যায়। আলোয় বসে অন্ধকারেরও। পৃথিবীতে যে আলো আসে সে আলো ছাড়াও এক রূপক আলোয় মানুষ রাঙাতে চায় পৃথিবী। সে আলো নেই এখনো। চারদিকে নিকষ নিরেট অন্ধকার। তবুও মৃদু শীতের মাঝে সূর্যের আলো আসুক। পঙ্গপালের মতো মানুষের সমাজে।
