বিগলন

বারবার তোমাকেই মনে পড়ছে
মৃত শহর
আলোকিত শশব্যস্ত
তবু মদিরার মত
ঢলে পড়ছে ঘুম জাগৃতি
তবু ধীরে ধীরে
কান চুলকায় এ শহর জাগতে রহো
নাভির মতো
তোমার ভেতরেই আছে প্রাণভোমরা নায়ক তুমি নৈয়ায়িকও
যেন ধীরে ধীরে
কেমন একলা হয়ে পড়ছ তুমি
ফুলেফেঁপে ওঠা কৃমিময় পেটের মত ক্রমশ ফুলে উঠছো তুমি
তবু তুমি ক্ষুধাময়
হৃদয়ের কেন্দ্র ধীরে ধীরে
ক্লান্ত হতোদ্যম
অনেক পেছনে ফেলে সব জয়ী
অনেক হারিয়ে চূড়ামনি
কোথায় যেন তোমার চাবি
কার কাছে ছিল
সে কোথায় বিশ্বাসঘাতক বড়
নগরের চৌদিকে ছোরা হাতে
হন্যে হাঁটছে সবাই
কে কাকে করবে খুন
নিশ্চিত নয়
তবু নস্যাৎ করা ছাড়া
এগিয়ে যাওয়া যাচ্ছেনা
কে হবে মহারাজ
রাজাধিরাজ আর
এই মৃত শহরের রানী
অধঃপতনের পর
এইসব ভাবে শহরের হাওয়া
সেও মৃত
এই মৃত পৃথিবীতে
এমনি সব মৃত ভাবনাগুলো
শহরের মস্তিষ্ক থেকে
গলে গলে পড়ছিলো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top