অসমাপ্ত-২

শূন্যের সাথে যুদ্ধ করে পারিনা
পরিণাম স্বরুপ ঘুমিয়ে পড়ি, জাগরন দমে গেলে;
একলা ঘরে আমার পরাজয়ের সাক্ষি নেই–
কিছু দুর্বোধ্য শব্দ কিছু পরিচিত শব্দের আভাস,
ঝড় হবে– তার আয়োজন;
নিবিড় কলরবের প্রত্যাশা করছিলাম,
শান্তির মতো ঠান্ডা বাতাস
যাতে প্রহরায় থাকে– চেতনার চারপাশে;
এই রাতে কুকুরের কন্ঠ ভালো লাগে, চকিদারের বাঁশির আওয়াজ;
আজানের ধ্বনি খুব আপন মনে হয়– ভয়ের বিরুদ্ধে
এসব প্রাকৃতিক প্রতিরোধ, কাজে লাগাই
আমি বুদ্ধিমান প্রাণী, সৃষ্টিক্ষমতাধর;
একটা টিকটিকি অথবা উচ্চিংড়ি– কে কইবো,
কার পক্ষে যায় ওদের চেঁচানী–
কাঠের দরজার গায়ে বিরামহীন আঁচরানি,
কার জানি–
সন্দেহ করি।
বহু দূর দিয়ে গর্জন করে ট্রেন চলে যায়;
মনে পড়ে এটা মানুষের পৃথিবী, মানুষের রাত;
বহু শব্দের কোনো মানেই বুঝি না আর
হয়তো তাদের স্বপ্নে দেখছে রাত– ঘুমিয়ে গেলে
ওরাই হবে আমার স্বপ্নের মেহমান,
বিমর্ষ দৃশ্যের ধূলিতে গুন্ঠিত বয়ান– ইতিহাসের হাওয়াই মিঠাই–
ধারাবাহিক সক্রিয় সুপ্তির কেশরে তোমার রুপালী ত্বক,
মাছের শীতল সান্নিধ্যের সত্য– সবাই মিলে এই উদযাপন হয় না!
মাউথ অর্গানের কোকড়ানো ব্যথা– পদে পদে যতিচিহ্ন– মৎসকণ্যার পা–
মিঠা আগুনের আঁচে আমরা গড়েছি এই রুপকথা–
রাজপুত্র তুমি, ছিলে বদরাগী জমিদার, এখন সৈনিক…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top