তোমাদের বিপন্নতার মাঝে নিজেকে খুঁজি, তোমাদের
ব্যথার বিশ্বরুপ দেখে তাড়াতাড়ি ওঠে পড়ি
শুন্যের শিখরে– বিচ্ছেদে ও ভয়ে;
আন্যকোনো জীবানুর সংক্রমণ,
চাঁছাছোলা জীবন, লাভার গুমোট গর্জন,
শিয়রে বসে থাকে অপেক্ষায়–
আমি ঘুমের বুকের পশমে নিজেকে গুঁজে দেই,
ফিরে পাই সেখানেই তোমাদের, স্বপ্নের মৌসুমে;
পলাতক বালক আমি সেই,
পথের নির্জনে পিতামাতার স্বরূপ
ফুটেছে থোকা থোকা– আতঙ্কের নানা বর্ণে;
যদি পারিতাম হনুমানের নিমগ্ন লাফ–
শক্তির সূচিকর্মে রাক্ষসী ও সমুদ্রলহর,
এক দূরহ লক্ষ্যের হিংসায় রচিতাম প্রাকসেতু—
সংঘর্ষের মাঝে বিশ্রাম নিয়েছে বেদনা,
কামতপ্ত অধিবিদ্যা শেষ হলে,
বস্তুর বিজ্ঞান লাভে ব্যর্থ, আমরা…
এসবই নেশার দাপট
অন্ধকারে জমাট বিপণন– কবিতা অহম পণ্য;
কটূ স্বাদ থেকে লাফ দিয়ে ফিরে আসি
ঘুমের ভিতরে আবার,
ঘুমও নয় যথেষ্ট নির্জ্ঞান!
বিশুদ্ধ শূন্যতার পরে নারীর প্রারম্ভ
সৃষ্টির বকুল সে– ভাঙ্গা ভালোবাসা নিয়ে
বসে থাকে চিরকাল, বাউলের কাছে বিষণ্ণ
আমি তার অনুগামী,
.জানি তো বুদ্ধের গ্লানি।
