রাত্রির ফেনোমেনা তথাপি প্রতিভাস এই
আঁধারে ছেয়ে গেছে সমগ্র চরাচর
হাবুডুবু খেতে খেতে
ঘর ফেরা মানুষ
ডায়াল ঘড়ির মত
দম নেয় সব
এদিকে ইতিউতি থকথকে আলোর ভিড়ে
শেষ বাজারের দর
রণ ক্লান্ত যোদ্ধার বাষ্পীভূত ঘাম
বাতাসে ঘনীভূত
অতঃপর স্বপ্ন স্মৃতি রিলে রেস
গভীর নৈঃশব্দ থেকে জেগে উঠে
বোবা ধরা ক্ষন
ফিরে পেতে চাইবার কিছু নেই
চৌদিকে গভীর খাদ
পতন বিন্দুতে আলেয়ার হাতছানি
ধ্যানমুদ্রায় এখানেই বসে থাকা যায়
প্রলম্বিত দীর্ঘ পতন কাল
তোমাকেই ভেবে ভেবে ভুলভাল
ভুলে গিয়ে অতঃপর ভুলের ভেতর
অতলান্তিকতায় ক্রমশ তলিয়ে যেতে থাকি
