চাওয়াটা কি অনেক বেশি? উত্তরটা আমি জানি। চাওয়াটা বেশি কি কম, এই প্রশ্নটাই অবান্তর। কারণ চাওয়াটা অবান্তর। তবু চাওয়া নিজে অক্রান্ত, যদিও চাইতে চাইতে আমি ক্লান্ত এখানেই দুঃখের আঁতুড়ঘর এবং দুঃখরা অবৈধ-অমীমাংসিত-কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামী, ফলে চাওয়াটা অপরাধও। কেননা এমন চাওয়া আরো অজস্র বাস্তব, বৈধ, সুস্থ ও আইনসম্মত চাওয়ার সাথে সাংঘর্ষিক। আর এই চাওয়াটা বাদ দিয়েও জীবন চলে; বস্তুত জীবনের জন্য অপরিহার্য কোনো আকাঙ্ক্ষা নেই; জীবনের প্রয়োজনে স্মৃতিরা নিজের শরীরে প্যাঁচিয়ে রাখে উলঙ্গ বিদ্যুতের তার, এমনকি একটা অলস দৃষ্টিপাতও সেখান থেকে তড়িতাহত হয়ে ফিরে আসে, নিজের জঘন্য বর্তমানে-ভালো না লাগার অনবরত বোধ নিয়েও জীবন দিব্যি চলে, চলতেই হয়-দুঃখের সিলগালা বাক্সগুলো বহন করে গাধা যেমন, যেহেতু সে জীবিত; জীবনের যৎসামান্য খোরাক নিয়েও জীবিত থাকি-মরে যাই না; যেহেতু এইসব অবাধ্য যুক্তি মৃত্যু গ্রহণ করে না-কেবল হৃদয়ের কতোগুলা ভাঙা টুকরার বিনিময়ে মৃত্যু জীবনকে কিনে না, কিনতে চায় না; মৃত্যুর নিশ্চয় মৌলিক কিছু দাবি আছে, এই অধিকার সময় তাকে দিয়েছে।
সময় কী নিষ্ঠুর রঙবাজ! তার সর্বব্যাপী মহাবৈশ্বিক পরিকল্পনার কাছে আমার দুঃখ কতোই না তুচ্ছ আর বিপন্ন! তখন রাগ হয়; মন, সময়ের প্রতিদ্বন্দ্বী হয়ে মনে মনে কিলবিল করে ওদের মতো, সমাজের আস্তাকুঁড়ে যারা জীবন যাপন করতে বাধ্য থাকে; আমি কি তাদের সাথে একাত্ম? না। এটা কেবল একটা উপমা-তাদের হিংস্র, অপরাধপ্রবণ তেজস্বী আকাঙ্ক্ষাগুলি বৈধ, জীবনের মৌলিক নেতি তাদের প্রাপ্য-তাদের দুঃখে বিলাস নাই, মৃত্যুর হিংসুটে বিধি তাদের এই অনস্বীকার্য ভোগান্তির মর্যাদা দিতে বাধ্য, নাহলে সময় তাদের জীবনকে পারবে না তার মহা-পরিকল্পনার অংশ করে নিতে। আর আমি, আমরা, বিশেষত আমাদের দুঃখ সেই দুঃখের কাছে শ্রীমমাণ হয়ে সময়ের চোখে অপরাধী, মৃত্যুর গণায় অধর্তব্য-এখানেই আমার গ্লানি এবং প্রশ্নটাও দরিদ্র: চাওয়াটা কি অনেক বেশি?
এই প্রশ্নের সম্মানজনক উত্তর নিজেকে দিতে আমাকে প্রতিদিন ঘুমের বড়ি গিলতে হয়, ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ার আগে যে তন্দ্রাচ্ছন্ন মুহূর্ত, যেখানে আবেগ’কে কনডম পড়াতে হয় না সেই বিগলনময় স্বৈরাচারী স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ ‘আমি’র জাদুবাস্তব স্বাধীনতায় আমি আমার ক্ষতের বাস্তবতা অনুভব করি; নিজের জন্য কাঁদি; নিজেকে ক্ষমা করে দিতে হয় মহার্ঘ অভিমান’এর উদয়ের পথে-হ্যাঁ! তখন তোমাকে অভিযুক্ত করতে পারি যেহেতু সেই ক্ষণে একমাত্র বিবেচ্য আমি নিজে-তোমাকে ঘৃণা করার অধিকার পাই, কিন্তু তোমাকে ঘৃণা করার যুক্তি থাকে না।
আমি অস্বাভাবিক জীবন যাপন করছি। কিন্তু স্বাভাবিকতা কী? -এই কূট তর্কে যেতে চাই না। আমি নিজে বুঝি আমি স্বাভাবিক অবস্থায় নেই; আমার ঘুম অস্বাভাবিক আমার জেগে থাকা বিভ্রান্ত। আমি ঘুমানোর জন্য ঘুমের বড়ি খাই না; এটা না খেলে আমার শ্বাসকষ্ট হয়, শরীরে রক্তের তোলপাড় একটা তীব্র অভাব সৃষ্টি করে; অতএব, এই সেবন আমার নেশায় পরিণত হয়েছে। একটা মানুষের মন আসলে কী! ভাবনা, চিন্তা, স্মৃতি, অনুভব ইত্যাদি ক্রিয়াই তো চলে বিবিধ বিন্যাসে; নাকি! নেশা এই প্রক্রিয়ার মাঝে বিপর্যয় সৃষ্টি করে-হঠাৎ বুঝতে পারি আমি কিছুই অনুভব করতে পারছি না, আমার চারপাশ আমার মস্তিষ্ক ও হৃদয়ে কোনো অর্থবহ সংবাদ দিতে পারছে না; আমি কোনো বিষয়ে চিন্তা করতে পারছি না, মনের যে সক্রিয়তা চিন্তা হিসাবে আমরা অনুভব করি তার ইঞ্জিন আচানক বন্ধ হয়ে যায়, আগে-পিছে কোনো কারণ ও আলোড়ন না রেখে; সেইমত স্মৃতিরাও-একটা বেদনার চামড়া পুষে ফেললে যেরকম ঝরঝর করে সমস্ত দানা ছড়িয়ে ছিটিয়ে যায়, তেমন: জীবনকে একটা ধারাবাহিকতা দিতে ব্যর্থ হয়… ঘুম: এতো নিকটে মায়ের শরীরের উগ্র গন্ধ মেখে কোল পেতে রাখে, আমি আমার স্বাভাবিক জীবনটাকে যাপন করার জন্য ঘুমের কোলে মাথা পেতে দেই, অথচ এই আত্মসমর্পণ অস্বাভাবিক, জীবনবিমুখ এবং প্রতারক; তার দেহ খুঁড়ে খুঁড়ে স্বপ্নের খনি-গলিতে গিয়ে গিয়ে দেখি আমার অস্বাভাবিক জীবনের সম্পূরক কোনো খনিজ-নীতি সেখানে উৎপন্ন হচ্ছে না; স্বপ্নগুলো যেন আমার জীবনকে বিকর্ষণ করতে চায় বিবেক শাসিত একটা আমি আছে যে এই প্রতিবন্ধী মনের জন্য কষ্ট পায়, প্রায় যেন ধর্মীয় বিরোধ জাগিয়ে রাখে বরবাদির দিকে মোড় নেওয়া আমার এই জীবনের বিপরীতে; কিন্তু কী বা কে আমাকে সাহায্য করতে পারে? প্রেম? একটা মহৎ হৃদয়ের আন্তরিক, জ্বরগ্রস্ত ইচ্ছাশক্তি? -এই অসুস্থ চাওয়া আমার জীবনের শাসক; খুব বেশি চাওয়া কি তা? -একটা হৃদয়ের জন্য একটা হৃদয় কেবল!
কতবার প্রেমে পড়লাম! যন্ত্রণার এক স্বাদ থেকে অন্য স্বাদে-চন্দনের শ্যামল সৌরভ থেকে আগুনের শান্ত শিখায় হৃদয়টা ছুঁড়ে দিয়েছি, সেখান থেকে জোড়-ভুঁড়ের উপত্যকায় লোমশ ভালুকের জন্য দীর্ঘ, দীর্ঘ নিষ্ফল প্রতীক্ষার ক্ষয়, চাওয়ার বুকে ক্ষত নিয়ে অনেক দিনের অসুখ যাপন, তারপর এক কৃষ্ণ তমালের কাছে আরোগ্যের প্রার্থনায় নতজানু হয়েছি, সেখানে নম্র প্রত্যাখ্যান, তাদের সমবেত ‘না’ থেকে ‘তোমার’ উৎপত্তি-তোমাকে চেয়েছি ভিন্ন ভিন্ন শরীরের মাঝে, বিভিন্ন রং-গন্ধ-আকার ও স্পর্শে; তোমাকে খুঁজেছি বিশিষ্ট ভাব, প্রিয়তম ভঙ্গি, ঈর্ষণীয় গুণ ও কাম্য দোষের আলাদা আলাদা পাত্রে; তোমার দিব্য-মানবী বিগ্রহ আমার থেকে মুখ ফিরিয়ে রেখেছে সবসময়; তাই কারো বিমুখ হৃদয়ে আমার অনুরাগের আলো প্রতিফলিত হয়ে না এলে আমি পথ চিনে চলতে পারি না; বহুবচন তুমি, আমার জন্য কতো আবশ্যক!
তোমার এই ক্ষমাহীন বিমুখতার সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক কারণ সমূহ রয়েছে; আর আমার রয়েছে এসবের অতিরিক্ত যুক্তিনাশী প্রয়োজন। আমার চাওয়াটা খুব বেশি অবাস্তব, কিন্তু আমি বাস্তব; এই প্রকৃতি-বিরুদ্ধ বাস্তবতার জন্যই রয়েছে লোডেড রিভালভার-সময় তুমি পরিহাস করো, মৃত্যু তুমি প্রস্তুত হও; যখন আমি নিজেই ‘না’ হয়ে যাব, তখন প্রচার করো একথা: মূর্খটা জানতো না, অপমৃত্যুগুলোও মহাপরিকল্পনারই অংশ ছিল…
