প্রকৃতি ভাব


​সূর্য কি নারী না পুরুষ; চাঁদ আমাদের মামা না প্রেয়সী; পাথর দেবতা নাকি দেবী; আগুন আমার ভাই না বোন—- বাতাস, জল, মাটি, আকাশ এদের লিঙ্গ কী? উত্তর পাব এরকম আশা নিয়ে আমরা এমন প্রশ্ন করি না; আমরা এও জিজ্ঞেস করি না, বকুল গাছ ছেলে না মেয়ে? কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমরা এজাতীয় প্রশ্নের উত্তর আশা করি-কুকুর ছানাটি, হরিণ শিশুটি, বাদরের বাচ্চাটির লিঙ্গ-জ্ঞাপক প্রত্যঙ্গ আমরা প্রত্যক্ষ করি; আমরা বলতে পারি এটি পুরুষ বাঘ আর মা বাঘটি মেয়ে; অতএব মানুষের বেলায় তো কথাই নেই, যেহেতু মানুষ ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদক এবং সভ্যতার প্রবক্তা। মানুষ শুধু যে নারী-পুরুষ হিসাবে আলাদা আলাদা লিঙ্গের অধিকারী তাই নয়, সেই লিঙ্গ তারা পোশাক দিয়ে ঢেকেও রাখে, সেই পোশাক আবার লিঙ্গভেদে পৃথক। তবু জড় থেকে বুদ্ধিমান প্রাণী অবধি যাবতীয় সত্তাকে আমরা একটা নামে ডাকি-প্রকৃতি। প্রকৃতি শব্দ দিয়ে আমরা আবিষ্কৃত ও অনাবিষ্কৃত সকল কিছুকেই বুঝাই; মোট কথা প্রকৃতির বাইরে আর কিছুই থাকতে পারে না, শব্দটির স্থিতিস্থাপকতা অসীম। প্রকৃতি’র সমার্থবাচক শব্দ আরো আছে; যেমন: জাহান, মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড… ইত্যাদি, কিন্তু শব্দগুলোর কোনো লৈঙ্গিক অভিজ্ঞান নেই, অথচ প্রকৃতি শব্দটি স্ত্রীবাচক। বোধহয় এই কারণে বাকি শব্দগুলোর থেকে ‘প্রকৃতি’ শব্দটির অনুভব আলাদা। এই শব্দটি ভারতীয় দর্শনে, উপমহাদেশের লোকজনের সমন্বিত স্মৃতিতে একটি বিশেষ অর্থের ভূমিকা পালন করে। শব্দটি সজীব আর সজীব বলেই শব্দটির লিঙ্গ পরিচয় আছে; শব্দটি স্ত্রী-লিঙ্গবাচক। কিন্তু প্রশ্ন হলো: সকল বস্তু, শক্তি, প্রাণ, আত্মা, মোট কথা আমাদের পরিচিত ও অপরিচিত সমস্ত কিছুকে এক নামে ডাকার জন্য পুরুষবাচক শব্দ কেন ব্যবহার করা হলো না, যখন সমাজটা পুরুষতান্ত্রিক? মানুষ; এমনকি পুরুষ মানুষ হয়েও আমরা কিন্তু প্রকৃতিরই অংশ; আর সেই প্রকৃতিকে কল্পনা করা হয়েছে নারী রূপে-জগজ্জননী; চিন্ময়ী; শক্তির আধার স্বরূপা শক্তি রূপে; আজো হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মহা প্রকৃতির উপাসনা করে থাকে। তো, এর যুক্তি কী? জড়-জীবন; বস্তু-শক্তি; নারী-পুরুষ সবকিছুকে কেন একটি অসামান্য নারীবাচক শব্দে প্রকাশ করা হচ্ছে? প্রশ্নটি আমি একজন সাধুজনকে জিজ্ঞেস করে উত্তর পেয়েছি এরকম যে, নারী জন্ম দেয়, জননী; সেইহেতু সৃষ্টিরত মহাবিশ্ব নারীবাচক এবং প্রকৃতি শব্দটির কল্পনা নারীকেই মনে করিয়ে দেয়। একই প্রশ্ন আমার এক বান্ধবকেও করে উত্তর পেয়েছি যে, নারী ধারণ করে সেইহেতু সমস্ত কিছুকে ‘যা’ ধারণ করে ‘তা’ নারী শব্দে প্রকাশিত। এই উত্তর কি সন্তোষজনক? কে জানে? কিন্তু যুগ যুগ ধরে আমাদের উপমহাদেশের আধ্যাত্ম চর্চায় ‘প্রকৃতি’ শব্দটিকে অত্যন্ত আদর ও শ্রদ্ধার সাথে বরণ করে নেওয়া হয়েছে; প্রখর অধ্যবসায় ও দারুণ মমতা দিয়ে শব্দটির মর্মের মাঝে অর্থের যে ইঙ্গিত তা সবিস্তারে অনুধাবন ও অনুভব করতে চেয়েছেন নানা বর্ণের সাধক জনরা এবং প্রকৃতির তল খুঁজতে গিয়ে এর অতলে হারিয়ে গিয়ে তারা স্বয়ংই প্রকৃতি হতে চেয়েছেন-সাধক ও সাধিকা উভয়েই। লোকমনে, এই শব্দের প্রভাব ও ব্যঞ্জনা এতোই গভীর-এখানকার পুরাণ ও ধর্মীয় লোককথায় তা এমন স্বচ্ছন্দ ও ব্যাপকতা নিয়ে ছড়িয়ে আছে তাতে এটাই মনে হয় এখানে লোকের ধর্ম বিশ্বাসের কেন্দ্রে রয়েছে ‘প্রকৃতি’ বা ‘প্রকৃতিভাব’। কথিত আছে: একবার সাধিকা মীরা বাঈ বৃন্দাবনে গিয়ে প্রখ্যাত বৈষ্ণব শ্রীজীব গোস্বামীর সাথে দেখা করতে চেয়েছিলেন। মীরা বাঈ নারী এবং বৈষ্ণব’রা নারী সঙ্গ করেন না, এই যুক্তিতে তিনি মীরা বাঈ’র সাথে দেখা করতে অস্বীকার করেন, তখন মীরা বাঈ তাৎপর্যময় একটি কথা বলেন, ‘আমি তো এতদিন জানতাম, জগতে পুরুষ একজনই, তিনি শ্রীকৃষ্ণ আর সকল জীব তাঁর দাসী: তবে কোন যুক্তিতে পরম বৈষ্ণব নিজেকে পুরুষ বলে দাবি করছেন!’ এতে শ্রীজীব তাঁর ভুল বুঝতে পারেন। এটি একটি প্রহল গল্প, এখানে ঐতিহাসিক সত্য খোঁজা বৃথা কিন্তু গল্পটি আমাদের জানায় লোকমনের মাঝে প্রোথিত ‘প্রকৃতিভাব’ এর মূলকথা-মীরা বাঈ নারী, শ্রীজীব গোস্বামীও নারী, যেহেতু দুজনেই প্রকৃতির অংশ। অর্থাৎ জগৎ ভাবনার কোনো এক স্তরে নারী-পুরুষের জৈবিক বিভাজনকে প্রত্যাখ্যান করা হয়েছে; পরম সত্যের প্রেক্ষিতে নারী-পুরুষ উভয়ই সমানভাবে নারী বা প্রকৃতি। এ বিষয়ে আরো কথা বলা যাবে আপাতত আরেকটা উপাখ্যান শোনা যাক-কল্কি অবতার; ভগবান বিষ্ণুর অসংখ্য অবতারের মাঝে শেষ অবতার; একটি কল্পে চার যুগ, তার মাঝে শেষ যুগ কলিযুগ; এই কলিযুগে কল্কি রূপে বিষ্ণু অবতীর্ণ হন পৃথিবীতে; তো প্রতি যুগের মতো কলিযুগেও ভগবান কল্কির জন্য ভগবতী আগেই নির্দিষ্ট। সেই দেবী এবার পদ্মাবতী নামে কোনো এক রাজ্যের রাজকন্যা-তাঁর পতি নির্বাচনের জন্য স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে, কিন্তু দেখা গেল যেসব রাজা ও রাজপুত্র, পদ্মাবতীকে বিবাহ করার অভিলাষে সভায় উপস্থিত হয়েছেন কোনো অলৌকিক মায়ায় তাদের সকলেই নারীতে রূপান্তরিত হন; তখন পদ্মাবতী বলেন ‘আমি কার গলায় মালা পরাব; সভায় তো কোনো পুরুষ দেখি না।’ পরে ভগবান কল্কির সাথেই ভগবতী পদ্মার বিয়ে হয় এবং আগত রাজপুরুষেরা রাজকন্যার সহচরি হয়ে থাকেন; পরে অবশ্য তারা তাদের পুরুষত্ব ফিরে পান।
​এই পুরাণ কাহিনীতেও একই ভাব ফুটেছে যে, স্বয়ং ভগবানের কাছে পৌরুষ পরাজিত; তাঁর সাথে পুরুষের অহংকার নিয়ে প্রতিযোগিতা চলে না; কেবলমাত্র ‘প্রকৃতিভাব’ অর্জন করেই তাঁর লীলার সমভাগী হওয়া সম্ভব-তাঁকে আস্বাদন করা সম্ভব। দুটি গল্পেই দেখা যাচ্ছে প্রকৃতির সাথে প্রকৃতি অতিরিক্ত একটি ভাব থেকে যাচ্ছে যাকে আমরা ঈশ্বর বলে থাকি; আবার প্রকৃতি যখন ‘রাধা’র প্রতিমায় রূপায়িত তখন সেই ভাব হয় ‘কৃষ্ণ’। প্রকৃতি-পুরুষ; রাধা-কৃষ্ণ-তারা যুগল; একটা থেকে অন্যটাকে পৃথক করা যাবে না। সাগরকে কে দেখেছে সাগরের ঢেউ ছাড়া-আগুনকে কে বুঝেছে তার দহন ক্ষমতা বাদ দিয়া! সারকথা অনেক প্রাচীন ও অব্যাহত-এক; হলো দুই, লীলা বাসনায়-এই তত্ত্বকে ইন্দ্রিয়গ্রাহ্য করার জন্যই রাধা-কৃষ্ণের রূপক কাহিনী, নদী-সাগরের উপমা; যেন এক পরম নারী, পরম পুরুষের সমুদ্র বিলাসে নদীর মতো ছুটে চলেছে। হতে পারে পুরুষতান্ত্রিক সমাজ বিন্যাসে এই উপমাটাই বেশি খাপ খায়, কিন্তু এর অন্য একটা দিকও আছে। তা হলো: নারী দেহেই নিবেদনের উচ্চাঙ্গ উপস্থাপনা। সমাজ-সংসার ছেড়ে, দেহ-মন-প্রাণ দিয়ে কৃষ্ণের কাছে রাধার চূড়ান্ত আত্মনিবেদন এমন এক ব্যঞ্জনা সৃষ্টি করে পুরুষের ভোগী ব্যক্তিত্ব যার কাছে ম্লান। পুরুষ যতোক্ষণ পুরুষ, নারীর নিজের সর্বস্ব উজার করে নিজেকে দান করার গড়িমা, ততোক্ষণ তার কাছে অচেনা, অধরা। বিশেষ করে যেই অঞ্চলে রাধা-কৃষ্ণের আখ্যান নানা ভাব ও রসে সিক্তিত হয়ে নানা গানে, গল্পে, লোককথায়, নাটকে, পালায় বার বার উচ্চারিত। তাই এই উপমহাদেশে পরম পুরুষের জন্য ভক্তি, পরম সত্যের কাছে আত্মোৎসর্গের ভাব নারীকে মাধ্যম বানিয়েই বারেবারে জাগতে চায়। সাধক পুরুষ যতোক্ষণ পর্যন্ত না তার পৌরুষকে নস্যাৎ করে ঐ ‘প্রকৃতিভাব’এ ঝাপ দিচ্ছে ততোক্ষণ পর্যন্ত তার সাধনা পূর্ণতা পাচ্ছে না।
​এই উপমহাদেশে গুরুবাদী সাধনার প্রায় সকল ধারায় ‘প্রকৃতিভাব’ মর্যাদার সাথে গৃহীত ও চর্চিত; আর যেহেতু প্রকৃতি নারী রূপে কল্পিত, সাধক পুরুষকে তাঁর শরীরে নারীভাব আহ্বান করতে হয় কোনো না কোনো মাত্রায়। ভাবের কোনো লগ্নে এমনও দেখা যায় সাধক ধারণ করেন নারী বেশ-শাড়ী-চুড়ি পরে মহাপকৃতির অনুকরণ করতে চায়; সমাজের অনাধুনিক স্তরে যেখানে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি শিকড় মেলতে পারেনি সেখানে সাধক পুরুষের এই নারীভাব ও নারীবেশকে পুরুষের মানসিক বিচ্যুতি, এমনকি যৌনরুচির ভিন্নতা হিসেবেও দেখে না, বরং মূল্যায়িত হয় আধ্যাত্মিক অর্জনের একটি স্তর হিসাবে যার সাথে যৌনতার কোনো সরাসরি সম্পর্ক নেই, বরং কাম’কে প্রেমে রূপান্তরের বৃহত্তর অনুসন্ধানের মাঝে এই নারীভাব অবদান রাখে; সত্যের পরম প্রকাশকে ধারণ করার আধার হিসেবে ব্য হয় এই রূপান্তর মানসিকতা, যাকে রূপান্তরকামিতা বা সমকামিতার সাথে গুলিয়ে ফেলা ঠিক নয়।
​এ প্রসঙ্গে সাধক রামকৃষ্ণের উদাহরণ টানা যায়, যার মাঝে ‘প্রকৃতিভাব’ এর প্রভাব এতোদূর যে এমন গুজবও আমরা পাই যে তাঁর নাকি মাসিকের রক্ত বেরুতো-এই তথ্যের সত্য-মিথ্যা আজ আর প্রমাণ করার উপায় নেই কিন্তু বিবেচ্য যে তাকে একজন সাধারণ রূপান্তরকামী হিসেবে কেউ ভাবেনা বরং উপমহাদেশের ইতিহাসের এক শুভক্ষণে তাঁকে একজন মনীষীর মর্যাদাই দেওয়া হয়, আজো অব্যাহত ভাবেই। সত্য’কে ইন্দ্রিয়গ্রাহ্য রূপে পাওয়ার এমন অকুণ্ঠ ব্যাকুলতা তাঁর মাঝে যতোটা দেখি এমনভাবে আর কোথাও পাই না। তাঁর মাঝে ছিল সহজাত প্রকৃতিভাব, তাঁকে অন্যান্য সাধকের মতো এটা অর্জন করতে হয়নি; ‘পরম’ এর সাথে রমণ-লীলায় তিনি এতোটাই সমভাগী ছিলেন যে স্ত্রী সারদা দেবির সাথে স্বামীর মতো ব্যবহার করা তাঁর পক্ষে অসম্ভব ছিল; নিজের মাঝে তিনি যে প্রকৃতি সত্তার অভ্যুদয় ঘটিয়েছেন সেই সত্তা, নারী প্রকৃতির এতো উচ্চতর পর্যায়, সেই পর্যায়ে অবস্থান করে নারীর প্রতি পুরুষের মতো ব্যবহার করা যায় না। প্রকৃতি জগজ্জননী, তাই স্ত্রী সারদাকেও মাতৃরূপে শ্রদ্ধা করতেন; প্রকৃতির প্রতি অত্যাধিক শ্রদ্ধার ফলেই তিনি ছিলেন প্রকৃতিভাবে মাতোয়ারা; সেই ভাব থেকে নেমে এসে সাধারণ পুরুষভাবে প্রকৃতিকে ভোগ করার মন সৃষ্টি করা তাঁর পক্ষে তাই কঠিন ছিল।
তাঁকে যদি একজন সাধারণ রূপান্তরকামী হিসেবেও দেখা হয় তখনো তাকে এভাবেই ভাবতে হবে যে তিনি একজন পথিকৃৎ, কেননা সেক্ষেত্রে তিনি তাঁর অন্তর্নিহিত রূপান্তরকামী বাসনাকে এমন এক পথে প্রবাহিত করেছেন যেখানে এই সত্তার আশু সমাধানের ইঙ্গিত রেখে গেছেন; এমন এক উচ্চতায় তিনি এই সত্তাকে স্থাপন করেছেন যে এই সত্তার সামাজিক গ্রহণযোগ্যতাই শুধু নয় এই সত্তাকে একটি কাঙ্ক্ষিত সত্তার মর্যাদায় উত্তরণ ঘটিয়েছেন; অবশ্য সেজন্য সমাজের ভিতরেও এমন কিছু উপাদান থাকতে হবে যা নিক্ষিপ্ত হওয়ার জন্য এজাতীয় বিশিষ্ট সত্তার অপেক্ষায় থাকবে; আমাদের উপমহাদেশে এই উপাদান আছে, প্রকৃতিভাব-এর সামাজিক স্বীকৃতি রূপে। আবার ‘প্রকৃতিভাব’ এর মাঝেও আছে এমন কিছু উপাদান যা, নারী-পুরুষ-রূপান্তরকামী-সমকামী-উভকামী-এইসব শ্রেণীতে মানুষকে বিন্যাস করার যে রীতি তার বিকল্প একটা রীতির দিকে ইঙ্গিত করে, যেখানে মানুষের জৈবিকতার স্বীকৃতি থাকবে কিন্তু সেটা মানুষের পরিচয় হবে না। মানুষের পরিচয় হবে সে প্রকৃতির অংশ এবং প্রকৃতি যে সত্তায় নিজে বিবর্তিত হতে চায়, সেই অধরার প্রেমিকা রূপে এক নম্র উম্মাহ হিসাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top