দাফনের দিন

শব্দের শরীরে হাত দিয়ে দেখি, ঠাণ্ডা;
উপমার মাছি আসছিল পচনের মোহে
তাদের তাড়িয়ে, আমি এক বৃষ্টিস্নাত
অপরিচিত দৃশ্যের ভিতরে গচ্ছিত আছি;
উজ্জ্বল পিচ্ছিল রাস্তা, একপাশে হোন্ডার
শো-রুম, তার আলো দিচ্ছিল বৃষ্টিকে
ভিজিয়ে– তেরছা হয়ে ঝরছিল গাড়ির
গতিশীল আলোয়, সুদূর বিশ্রাম পেতে;
কোথাও মানুষ নেই, উল্লাসে নির্ভীক বা
বিব্রত; কেবল দুইপাশে ঝুকে আছে স্নাত
অকপট বৃক্ষেরা– দলবদ্ধ ও একা;
বাতাসে কাঁপছে শাখা, শরীরে লুকিয়ে
পাখি ও বিবিধ প্রাণ– কৃতজ্ঞ বাকল বেয়ে
নামছিল বৃষ্টির জলের শান্তি; এখানেই
দাফন হবো আমি– পৃথিবীর কোনো এক
অচেনা হাইওয়েতে; বর্ষার আরামপ্রিয় গোধূলি–
অনুপস্থিত সাক্ষীর অপুষ্পক দরদ আর
লগ্নভ্রষ্ট আলোর উদ্ভাসে ব্যথিত– দ্রষ্টাহীন;

নিথর শব্দের মাঝে বিলয় হবে আমার, যেন
বেঁচে ছিলাম অন্য কারো অতৎপর স্মৃতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top