বেদনার কৃষ্ণাঙ্গ ফুল…

তুমি দাঁড়িয়েছিলে চুম্বনের মতো
আলিঙ্গনের স্বাদ উদ্রেগ করছিল
অদিশা ভঙ্গিমা তোমার, করুণ
পাখিদের লেদায় অপরিচ্ছন্ন
খাল-পাড়ে; কয়েকটি কালোপাখি
মরে পড়েছিল সান্ধ্য-ঢালুতে…
আমার গরীব স্বপ্নে, সুদূর সৌন্দর্যের
কৃপণ বিকিরণ হচ্ছিল তোমার
সুষম শরীর বেয়ে, চুয়ে পড়ছিল
মনের অতল রহস্য… সম্বোধনের
সাহস হচ্ছিল না, অতিক্রম করতে
নেভিব্লু রঙের নিরবতা–
আগের দৃশ্যে ছিল– মৃত পিসির
বিয়ের পালকির বিরতি– বাকা উঠান,
ডালিম গাছের ক্লীশে ব্যথা; তখন কি
সূর্য অস্ত গেছিল পূবে– বাঁশপাতারা
ঝাট দিচ্ছিল কৃষ্ণপক্ষের চাঁদ?
ইচ্ছা হচ্ছিল তোমার সান্নিধ্য পেতে,
সকল মৃত পাখি ও মানুষের শীতে
মোড়া স্মিত উষ্ণ প্রেম– যে নিখিল
অন্যমনস্কতায় আটকে রয়েছে, যদি
ভেঙ্গে যেতো তা; আমার নির্লজ্জ
চেষ্টায় না, তোমার এক-কনা আগ্রহী
দৃষ্টিপাতে– প্রেমিক পক্ষপাতের
বিদ্যুৎচমকে; যেন আদিম গুল্মের
সপুষ্পক হয়ে উঠার মজনুয়ানা;
অথচ তুমি ফুটেছিলে বৃহত্তর
বিনাশের দর্শক, করুণা ও প্রেমে
টনটন তোমার অবয়ব; তাই আমি
উজিয়েছিলাম তোমারই দিকে
অভিমানী দীনতায়… আমার দরিদ্র
স্বপ্নে বেদনার কৃষ্ণাঙ্গ ফুল– ফুটেছ
বিধায়, হয়েছিলাম নিরাশায় ধনী।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top