আমার মাসুম

আলো থেকে ছায়ায় চলেছে মাসুম
আমার উদ্বেগের ঢেউ, খোলসের মতো
ফেলে; স্নেহের আফসোস
নিয়ে এই দৃশ্য দেখি বহুবার,
শিশু সে—অত্যাচারী—
কাছে এলে দুজন দুজনকে পাইনা;
সম্পূর্ণ সমর্পণ তার, অন্য কোথাও
অথচ প্রশ্ন ও আবদার নিয়ে আসে
অর্ধেক ঈমানে, খারিজের কলকল ইচ্ছায়
ফিরে যাবে মায়ের গরম কোলে—
খেলার সবটা উচ্ছ্বাস এমন সার্বভৌম, তার;
ধরতে গেলে কেমন আচরণ! যেন
নির্ভিক নির্দোষ এক রসিক জ্যামিতী
আলো থেকে ছায়ায় অধরা…

আকাশের নীল আগুনে পুড়ছে হৃদয়
সেখানে অন্য সনাতন দুঃখ
আজো সমাধান চায় অনিবার্য এন্ট্রপির
যেখানে, অ-পিতা– অখন্ড অদ্বয়;
বেহুদা ব্যয়ের পরেও যথেষ্ট বীজ
সংরক্ষিত; মালিকানাহীন ও স্বাধীন—
উষ্ণ শরতের দিব্য মেঘের মতো
বিরাট পুরুষের চর্বি, অখিল সম্ভাবনায়
আনত মধুর…
আগুনরঙা প্রশস্ত কপাল
তবলার বোলের মতো চুলের ঢেউ
মেধাবী চোখ
সঘাম সান্নিধ্যে প্রজ্ঞার বিকিরণ
একটি একাগ্র স্পর্শ যেন ব্রহ্মান্ডের টংকার
নির্গুণ সেতারের;

নীল আগুন নিভে গেলে, হৃদয়ের ছাই
মারিয়ে আমার কাছে আসবে না
সে, চলে যাবে ছায়া থেকে আলোয়
তার পিছু
আমার মাসুম…

ফিরিয়ে নিয়েছি মুখ, যেভাবে
জ্বলন্ত চিতার থেকে শ্মশানবন্ধুরা
পেছনে না তাকিয়ে চলে আসে, গৃহে
বৈরাগ্যের মোহ নিয়ে নিকটে তাকায়
সাবলীল বোধ হয় জীবনের আবহমানতা

সময়ের ভঙ্গুরতায় কেইবা সঠিক!
প্রায় সকলেই ভালো করে কিছুই জানে না—
তবু, অগ্রসর হই সংশয়ী কাফেলায়
শিশু সন্তানেরে ডাকতে গিয়ে টের পাই
শ্মশানেও কাশফুল রয়েছে প্রচুর
আর রয়ে গেছে শহুরে হট্টগোলে
হেঁটে চলার বাসনা, অনন্ত-সন্ধ্যায়
প্রিয় অনুপস্থিতির সাথে…

অথচ ভয়ে থাকি
বাসা থেকে বেশি দূরে চলে যাই যদি
হয়তো পরিচিত দ্বন্দ্বে ফিরতে পারবো না আর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top