উজ্জীবিত প্রেমের মাঝে ব্যথা কেন? স্বপ্নে যে জেগে ওঠে,
নামবে না নীলকান্ত ঠোঁটে সে; ভাঙা প্রেমে ঘাস গজিয়েছে–
এখানে গোধূলি ছিল, ঘনিভূত কেশ; সমস্ত কথা ছিল
চুম্বনে ভেজা– খুলো না দালিমের বক্ষোদেশ পাখি,
প্রতিটা দানায় পাবে স্তনের মতো ব্যথা; তুমি কি
পশমে নিবে সেইসব বিহবলতা? নিভে যাক সুর্য তাহলে,
সমুদ্রবেষ্টিত হয়ে আমি হবো তোমার প্রিয়তমা–
ভাঙা প্রেম দিয়ে বানিয়ে বেহালা, সুরমুগ্ধ অন্ধকার
দিয়ো না রক্তের মাঝে ঢেলে– একবার আলিঙ্গন দিয়ে
আর তুমি আসবেনা ফিরে; আমি জানি– কোষে কোষে
সুঁচ গেঁথে একে দিবে বিরাট বিরহ; আমি পারব না
বজ্রবাহী মেঘমালা হতে– স্বপ্নে তুমি এসোনা আমার,
ভিজিয়ো না; আমি আমার মতো মুদ্রায় গেঁথে যাই
মিলন ও বিরহ, তোমার মুখে উদিত প্রেমের মতো নাচি…
