উলঙ্গ হও
নাগা-সন্ন্যাসীর মতো
অথবা বাজার তটস্থ করে
চলে যায় যে উচ্ছন্ন পাগল,
বেপর্দা লিঙ্গ ঝুলিয়ে লালাশিক্ত
তার মতো,
মনুষ্যের নিয়ম লঙ্ঘন করে
প্রয়োজনে থাকো—
অভ্যুদিত হতে পারে অমানব চেতনা
যেখানে আর্ত ইচ্ছাদের নেই কোনো
ছিনালীপনা;
আর কোনো গূঢ়ৈষা ছুবেনা তোমাকে,
শ্যাম নেই–কূল নেই
আহা কী ছাই-মাখা মজা!
পার্বতী এসে সাধিলে কামনা
আশুতোষ বা অসুর কখনো হয়ো না,
তুমি শুধু ঝিঝঝির অবীচিলোক—
না সন্ন্যাসী, না পাগল…
তাহলে খেলাতেই থাকো
গ্রহণ করো প্রণাম বা চপ্পল
অথবা আরেকটু উজানে, যেখানে
তোমার মুখে মুতেছিল ইচ্ছার ঘোড়া,
কীর্তিত নায়কের ভূষা থেকে পিছলিয়ে
করুণ খচ্চরের নিয়তি, পেয়েছিলে
মনে আছে?
নিজেকে দেখো! নিজেকে দেখো!
যদিও কেউ কেউ জোকারকে মনে করে
নিষ্পাপ শিশু—
তার অক্ষম লোভ, বাষ্পীয় অভিমানে চরে
আবাহন করেঃ
প্রতিনায়কের ভূমিকা,
আবার
লজ্জিত হয়ে করুণা-ভিক্ষুর চিবর
পরে নেয় নতুন মিথ্যায়…
তুমি আর কোনো অধিবিদ্যায় উলঙ্গ হয়ো না
বিষাদই তোমার প্রকৃত নগ্নতা।।
