১
চিন্তা ভয়ঙ্কর
বোঁটায় ধরে আছি যে গল্প তারাই আমাকে শাসাচ্ছে দেখো,
আরো ঘন আগুন জ্বলবে — তারই স্মৃতিতে বরফের আগুনে পুড়ছি ;
একপাশে পদ্ম ফুটে আছে এক পাশে কারাগার —
নিজের কাছে যে ফিরবো সে পথ কোথায় —
সব পথের শেষে আমি বসে আছি, কীট রাজা —
প্রশ্রয় দিয়ো না, ব্যথা পাবো;
জানি নাতো কারে এতো ভালোবাসি!
আমার থেকেও বড়, সে কি আমি হয়ে আছি?
২
তোমরা স্বপ্নের প্রাণী (ঈষৎ বিস্ময়)!
কে তুমি সচল কোষ অথচ মৃত?
স্তনেরা যুগল– তিলকে অঙ্কিত নাভি
নীচে মরুভূমি, রোলটানা বালি হৃদয়ের ঢেউ
ঋতুগণ পুষ্পিত, ফলবতী– ভিনগ্রহে,
স্বপ্ন থেকে নেমেছে তারা (দর্শনার্থী), ঝাঁকে ঝাঁকে
ফড়িঙের প্রাণ রুপালি প্রজাতী; মৃত নয়
মুক্তাঝোপে আটকে আছে ভেলা– মূমুর্ষূ
মৎসকণ্যার, তার চুল নেমে গেছে
জলীয় জীবনে, ছুঁয়ো না; পশ্চিমপাটে
দেখো– উদিত ক্লান্তির রঙ, উলটা পিঠে
তার নাম ঊষা! ফলত রঙ দেয়
দুষ্ট বিধাতা প্রফুল্ল পলাশে; সেই ফুল, সেই ফল
তবু ঋতুচক্রে সেই তুমি নেই; কে তুমি?
ব্যাকটেরিয়া–
ওরা ফিরে যায়, তোমার বৈষ্ণবী চিহ্ন
তখন দিব্য সংবাদ, হয়ে রটে গেছে
স্বপ্ন-বিশ্বে, দিয়েছিল প্রেম বা ভক্তির
তুফান, ভাসমান প্রাণীটির মনে–
তার জন্য আছে এক উপশম ঋতু।।
৩
পদার্থ জায়গা দখল করে
শব্দরা আসো, তোমাদের ছুঁয়ে থাকি নিরক্ষর সুখে ;
পিপাসায় ঝরনার কাছে
আর্ত পথিক, দাড়িয়ে থেকো না
দেখছো না আবহের ঝংকারে বধির
যেজন, তার সঠিক অনুপস্থিতি
পীড়াহীন!
এরকম মৃত্যুলীন চেতনাই কুয়াশার মতো
ঢেকে রাখে দৃশ্যের নি-উপশম ক্ষত।
পৃথিবীর চেষ্টাহীন পড়ে থাকা সকল পদার্থে, অস্তমিত আমি–
অর্থ বিচ্ছেদে দুখি অজস্র শব্দ দিয়ে ঢাকা!
উদয়াস্তের অসীম বৃত্ত, মন্থনে অনুদিত বিবর্তন …
মাখন না মৃত মাছ!
