ধবধবে রোদের পথ ধরে চলে যাই কোথাও, প্রবল উন্মাদ বাসনার জ্বালানী নিয়ে, এই গ্রাম হাট-বাজার শহরতলীর সর্পিল মনে ঘুরে ঘুরে, হঠাৎ নাড়িকাটা বিচ্ছিন্ন ভুবনে– রা নেই এমন কোথাও, চলে যাই এই ধবধবে রোদের পথ ধরে…
অকপট হয়ে উঠছে প্রকৃতি, রোদ তীব্র, আকাশ নীল আর পাতারা সবুজ; সমস্ত বছর বিরত থেকে হঠাৎ পাতার পরে উদ্বেলিত রঙের বেহিসাব– পলাশে শিমুলে… যেন রমণের অন্তিম সংরাগ রূপ নিয়েছে এইসব চন্ডী ফুলে ফুলে, তারই সঙ্গতে মন হচ্ছে অঘোর– যাসব নীতি, আদর্শ, তত্ত্ব– ধর্ম, আইন, তন্ত্র– যন্ত্র ও প্রতিষ্ঠানে বিন্যস্থ থাকার প্রতি অরুচি এসেছে তার; প্রকটিত হতে লেগেছে অবদমিত হতাশা, বিষাদে তাকানো যাচ্ছেনা দমবন্ধকর রোদের দিকে; উল্লাসহীন জীবন নিয়ে– ওর সংরক্ত, প্রখর ও নিষ্ঠুর শরীরে আমি মৃত অঙ্গ, অতিবাহিত ধূলোর ভিতর সব পাপ স্পষ্ট, সব অলঙ্ঘন যেন ব্যাপ্ত রোদে চিত্রিত ছায়ার মতো; তারই প্ররোচনায় তারই বিপরীতগামী রেখায় প্রবাহিত করুণ এক প্রাণ– উন্মোচনে অপরাধী…
