অক্ষম ভদ্রলোকের মতো বাঁচতে ঘৃণা হয়। ক্ষমতাহীন জীবন গ্লানিময়। আমি যে বাস্তবতাকে অনুভব করছি প্রতি মুহূর্তে, যেটাকে ভাষায় রুপান্তরিত করার ইচ্ছা শক্তিহীন, সেই মরাটে ইচ্ছাটাকে বেহুলার মতো ভালবাসতে না পারার অক্ষমতায় আরো দীন, প্রভাহীন অস্তিত্বের বিস্বাদ শরীরে জড়িয়ে, আমার নির্বীজ আমিগুলো শিকার হয়ে যাচ্ছে– যারা শিকার করেই প্রতাপশালী হয়েছে তাদের ঈষৎ চালাকিতে; এই আত্মাবমাননার প্রতিটা দৃশ্যে আমি বিদ্ধ জংকার পড়া পেরেক দিয়ে, এখন একটা উন্মাদ ইচ্ছা সিংহের মতো নখর ও ধারালো দাঁত চায়, যেন চিঁড়ে ফেলতে পারে এই নির্বিকার দুনিয়ার বেলাজ দেহ (কিন্তু এতো জুয়া খেলার নিয়ম, এর দেহে কি রক্ত আছে)! এই প্রিয়তম নেতি বাসনার চোখে চোখ রেখে বুঝি আমি যথেষ্ট নই, ধ্বংসের পরম্পরায় শেষাবধি চেয়ে থাকার মতো নির্মোহ আমার আসেনি, চাইনা তা আসুক কখনো! কেবল একটি নিষ্পাপ ইচ্ছা অপুষ্টিতে মরছে– আমাকে, আমার নিজেকে ভাষিত করার উদ্ভাষিত করার সক্ষমতা, আর সেই দুর্জ্ঞেয় শক্তির বিরোধীতায় আত্মনিষ্ঠ– পায়ের আঙ্গুল থেকে দূরতম নক্ষত্র পর্যন্ত প্রতিটা সীমান্তে ফুটে উঠুক ভাষান্তর সক্ষম আমার প্রিয়তম স্বরুপ, স্পষ্ট ও সত্য, ন্যায্য ও নির্ভয়। হ্যা! অবশ্যই নায়োকোচিত। নির্লজ্জ ভাবে বলিষ্ঠ, সাফল্যের লক্ষ্যে নিয়োজিত প্রতিটি কণা– এরচেয়ে কম কোনো কুয়াশাচ্ছন্ন সম্ভাবনার সম্ভাবিত রাজত্ব আমি চাই না। আমি আমাকে চাই, সুদ সমেত সমস্ত বিকাশযোগ্য প্রতিভায় ভাষিত।
