অতিবাহিত ধূলোর বৈঠক–১০

জীবন এক নেশা নাকি! তবু অধিক কিছু লাগে। দুই হাতের ভূমিতে চলে আসতে চায় যেন কলিজা– রান্নাকরা, পোড়া গন্ধের। এই সংলগ্নতায় বৃদ্ধির বিলাস নেই। যৌথতার আনন্দ, ক্লান্তিকর বিষাদে আবার বিচ্ছিন্নতায় পলায়ন করে। তবু এক আমিষাশী সৌন্দর্যের জন্য লিপ্ত থাকার পরিপাটি অভিনয়। স্বাধীন কোনো ঘোড়ায় চড়ার মাঝে যে সহযোগী বলের অবিরাম সায়, এমনি কিছু অভিজাত আকাঙ্ক্ষায়, বারবার ক্ষতের উপর নখ চলে যায়। ঘাড় ফিরিয়ে একবারও দেখবে না সে, রাজসিক মস্তিতে সাঙ্গীতিক! তার আনন্দের কারণ হয়ে উঠার মতো, অন্তঃস্থ বিকিরণে সম্মানিত বা নায়াব বা যোজনের জন্য প্রাসঙ্গিক বলিষ্ঠ সক্রিতায় নেই বলে– গরীব; অন্তর্গত ধ্বস্তিতে করুণ ও ক্যাবলা-কুচ্ছিত উদয়ের, সমুৎপাদিত দুর্বল অস্তিগুলির যোগফল, আহত ব্যহত ক্লান্ত ওবিমুঢ় ‘আমি’ প্রকাশিত হই– ভুল রঙের মতো কুন্ঠা নিয়ে। অথচ এ-তো চারু ব্যথাই– অহংদৃপ্ত আকাশের নীলের সাথে চোখাচোখির যোগ্য এক হৃদয়ের শুভসূচনা নিয়ে বেড়িয়েছে যে; পোড়া কলিজার স্বাদলিপ্সু মানুষের বিবিধ প্রতিবন্ধতার আশ্রয়– মিথ্যা উদারতা রচনায় আরো ন্যুব্জ ও বিকৃত, আত্মা হয়ে উঠলাম কবে?
তবু, তার বিমুখতার মাঝেও ইতিমান তরঙ্গরা আছে, সর্বজনীন প্রদাতা হিসাবে কোনো আনন্দ-বিক্রিয়ার। কিন্তু তবু, আমার নীরব প্রার্থী হৃদয়ে চরণ রাখে না সে। সামাজিক প্রণালীগুলো অবজ্ঞা করে, একটি স্বতন্ত্র ধারা হয়ে আসে না– আমার জন্য, আমার কাছে। ঋতবান বরাদ্দ রেখা থেকে একটুও ঝুঁকেনা, অপুষ্পক প্রাচীনতা নিয়ে কী নিষ্ঠুর!
কোনোদিন আমার মৃত্যুসজ্জার পাশে বসবে না? বা একটু পিছনে! মেঘের থেকে মেঘ ছিঁড়ে যাওয়ার মুহুর্তে, আমার প্রতি একাগ্র প্রসন্ন ও কিছুটা অনুতাপময়, তোমার মনের রূপান্তরিত ননী আমার হৃদয়ের কাছে আসবে না, তার সুস্বাদ নিয়ে?
হয়তো সেই গোধূলি-লগ্নে, রক্তাক্ত মেঘের আবহে সে তার সমস্ত সঠিক অস্তিত্ব নিয়েও একটি কামনাযোগ্য রশ্মির মতো স্পর্শ করবে আমার আভাগা কপাল– রেখাময়; অন্তিম ইচ্ছার ক্ষয়িষ্ণু দেহ, কোলে নিয়ে বসবে সে। একবার আমার জন্য তার উদগত কান্নার সজল বাতাস আমি টের পাবো– যে আমাকে কোনোদিন চায়নি, কোনোদিন না চায়নি, এমন কঠিন নিরপেক্ষতা থেকে ঝরে শুধু একটি অভগ্ন স্বপ্নের মতো জ্বলতে থাকবে– শেষ প্রদীপ যেন, অশেষ অন্ধকারে, যেন তার হৃদয়ে আফসোসের ভয়াবহ নিঃসঙ্গ জন্ম নেয়। তার কপালে ফুটতে থাকা সেই কুঞ্চনের মাঝে আমার অন্তিম ঝিলিক দেখবো। একটু অন্যায্য, হয়তো মিথ্যা, তবু সে অন্তত একবার আমার জন্য ,আমার প্রতি, ঝুঁকে বসুক– শেষ শয্যায় শুয়ে মূল্যবান হয়ে উঠি– যাকে হারিয়ে ফেলা সূর্যাস্তের রঙ নয়, একটি সম্ভাবিত মহাবিশ্বের ডিম ভেঙে যাওয়ার কষ্ট!
তোমার শক্তির বেনামী উৎস হিসাবে আমিও ছিলাম, সেদিন হয়তো তুমি অনুভব করবে; নাকি তোমার অন্যমনস্ক মন থেকে নিঃসৃত হবে অনাবশ্যক খেদ, “আহা”!
তবু এই শব্দাবলী সময়ের শূন্যে এক স্থাপত্যের মতো, যার ছায়া ও আলোয় ‘আমি’ থাকি….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top