একটি স্বপ্নের বর্ণনা

একটি স্বপ্নের বর্ণনা

অপরাধ শরীরে রেখে ঘুমাতে পারিনা;
বেহাল জমিন ক্ষুব্ধ নায়িকা, স্বপ্নের দেশ কব্জা করেছে–
তার তুষ্টি নেই বিচ্যুত শব্দের বলিদানে,
বিকশিত আবেগের প্রতি অধীর হিংসায় তাকিয়ে আছে–
পাতালঘর থেকে চিলেকোঠার দৈর্ঘ্য মাপছে, তাচ্ছিল্যে;
দেহভঙির নগ্নতা– নারাজ একটিও বন্ধ কপাটের খেদ রেখে দিতে,
তার অবিরাম জেদের বিচ্ছুরনে ভীত ও উন্মোচিত দালান;
ফলত নিখাদ সন্ত্রাস হুহু বেড়েই চলেছে,
কম্পনের উৎস হয়েও সেই দেবী, সদর দরজার কাঠ খুলে চলে যেতে উদ্যত,
অবশিষ্ট করাল ঘৃণায় ছিঁড়ে নাড়ী– বিভক্ত হবে মহাকম্প ভয়ের জননী;
শুষে নিয়েছিল হয়তো সম্ভাব্য কুহকগুলো নিবিড় রাত্রির–
যেসব কূট ডাক অবহেলা করে আমরা ঘুমাই;
আমার তীব্র রাত্রিকে ছুঁয়ে সকালেই, তার অস্পষ্ট স্মৃতি মিশে গেল
বিস্ময়ের বিষণ্ণ অসীমে– যাবৎ স্মৃতিরা যেখানে থাকে…
যত্তোসব মারমুখী শৃঙ্খলার তেজ নিয়ে, সে, নতুন মনসা;
আমাকে চাঁদবনিকের অজানা শৈশব দিতে চেয়েছিল?
যাতে আমার স্থাণ হয়–
জল্পনায়- বিস্মৃতিতে- অকবিতায়…
জানিনা কেন শীবমন্দিরেও নামকীর্তন, ধ্যানের বদলে ফণা তুলে ঢুলে–
নীল বিষ্ণু আর অতিনীল মনসার নীলিম আঁতাতের, প্রয়াস-বিষে?
হতে পারে আমার সন্দেহ অক্ষমের অপরাধ,
তবু আমি নিজেই আমার স্বপ্নের রচয়িতা– সেখানে তারা ছিল;
স্বপ্নধূলিতে লিপ্ত হয়েও আমি ছিলাম না, সেখানে
কোথায় আমি ছিলাম তাহলে?
কোন অজাত ঊষার সাথে প্রায় নীরব কথোপকথনে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top