চুপচাপ শুয়ে আছি–
হৃদপিন্ড চকিত ভয়স্পন্দিত, অন্ধকারকে নিতে না করে
বিগত সময় স্বাধীন স্মৃতি, ডাক পেলে ফিরে আসে;
কিছুক্ষণ
পাখির মতো বসে ফিরে যায় অন্য খাবারে–
আমাদের অভিনীত গল্পে, কে রাজা?
তার চেয়ে খুঁজি বরং নিজের শ্রাবণ– লোভী সময়ের নোলায়
গৃহিনীর গরম খন্তির ছ্যাঁকা, দিয়ে ফিরে পাই না থাকার উৎসাহ;
ফুটেছে জঘন্য সুন্দর–
শান্ত সৌম্য কথা, যথাযথ অক্ষয় বচন, নিমগ্ন দেখার প্রলাপ,
পরিমিত প্রিয় নিরবতা– উৎসারিত রূপবান এতো– নিয়ত সঞ্চারণে
কলমুখর নিরর্থে পর্যবসিত; নদীর ধারাবাহিক বর্ণনা সাগর দেখিল–
চেচাচ্ছে অসংখ্য শৃঙ্খলা অথচ বিশৃঙ্খলা– অস্থিরতার সমাপ্তি নেই,
সেহেতু কিবা আসে যায় অধম পাথর হলে বা নাহলে কিছু; তবু,
তবু’কে ভাঁজ করে রাখবো কোথায়?
অন্ধকার শেষত প্রবেশপথ পেয়ে যায়,
বেহুদা স্পন্দন থেকে উড়াল দিয়ে ভয়, সম্ভাব্য সকল প্রকল্পে ঠোকর দিয়ে
ফের হৃদপিন্ডে ফিরে আসে– এখানেই স্থায়ী নিবাস তার,
স্মৃতিরা অস্থায়ী যেখানে?
