তোমাদের দাম্পত্য

তোমাদের দাম্পত্য আমার ভালো লেগেছে–
এক নারীর মনের তৃপ্তি, অহংকার, বিরহ
আর কিছু নীল বিমর্ষতা
কল্পনা করে নিচ্ছি–
সে যতভাবে তোমার স্বাদ গ্রহণ করে
সেসব স্বাদ আমিও ভালোবাসি;
আমি জানি,
সে তোমার স্বচ্ছ-ঘন মণিরতন দুটি ভালোবাসে–
পরিত্যক্ত সাদা আকাশটা সহ;
তোমার দেহের বলিষ্ট আঙুর
যে কুচকুচে পশম দিয়ে ঢাকা, তাকে–
ভালোবাসে তোমার দ্বিধা-বিভক্ত চুমো,
সযত্ন পরাক্রম তোমার– বগলের মিষ্টি ঘাম;
তোমার পিচ্চির গৌরব, তার লবণাক্ত স্বাদ–
ওরা কিন্তু ততটা বন্য নয়, তুমি যতখানি ভাবো;
সে তোমার এই নাবালক পুরুষসুলভ
বিভ্রমের কাছে খুলে দেয়–
বুকের থরোথরো অভিমানগুলো, তার;
তোমার কৃষ্ণবিধুর শোষণ ক্ষমতায়
বিলীন হয়ে যেতে চায়, উন্মিদিনী সে–
ভালোবাসে তার স্বপ্নে লালিত
চঞ্চল প্রিয়তম সবুজ সন্তানের মতো করে তোমায়;

তুমি ভালোবাসো তার প্রিয় ঘ্রাণ, বাদামী লজ্জা,
বিপন্ন অভিমান– গুছানো ঘর, পরিচ্ছন্ন বিছানা;
ভালোবাসো রক্তের বিদ্যুৎ চমকে
অনাগত তোমার, বিভোর অনুভব…

আমি শান্ত হয়ে বসেছি,
জানি আমার কোনো নীল হীরা হবেনা;
তোমাদের একেছি তাই, অবিঘ্ন আকাশে–
তোমাদের দাম্পত্য থেকে নিষ্কাসিত হয়ে,
অজন্মের ব্যথা সমাপ্তি ছুঁয়েছে–
আদি নীলিমার মনে ছড়িয়েছে– ভেসে আসছে আমের মুকুলে;
আর যেই পিঙ্গল ঢেউ শূন্যের শাসনে
সবকিছু ভাসিয়ে দিতে আসে,
তারেও দেখি– ভালোবাসি;

পরবর্তি ঢেউয়ে ভেসে যায়, আমার ভালোবাসা–
ক্ষুণ্ণ অতৃপ্ত, আবার শুরু হবে আমাদের গল্প…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top