পলাশ

কে বুঝবে অভিমান; তেমন সূক্ষ্ম পুরুষ, আছে নাকি পৃথিবীতে?
সভ্যতার অনুরুপ কামনাও মার্জিত হয়েছে– বিশৃঙ্খল শাখা
বিস্তারের অপরাধ, বনস্পতির সুষমায় পেয়েছে শিল্পিত ক্ষমা;
ব্রহ্মতালুর নীচে, মগজের গারদে অপেক্ষাতুর শিকারী কুত্তার মতো
এক সমুদ্র ঘেউঘেউ বেগ, পেয়ে গেল ঘনশ্যাম পাতার আবেগ–
জলপাই রঙের কমরেড; থোকা-থোকা, সভ্যতায় বিন্যস্ত শক্তির
মাদকতা; রণজিত! আমি জানিনা কেন তাকে, বর্বর প্রিয়তম সে;
ভালোবাসি– তার জামকালো বুকে মাথা ঠুকেঠুকে, কামনার
অন্তিম দরজা, কে খুলেছে! কে খুলেছে– কে রেখেছে পলাশ
সবুজ বমিতে! তার স্থান নেই প্রাণের উলালে, সভ্যতার মার্জনা
পাবেনা সে, আরশের পুরুষের কাছেও আলাপরহিত, তাই;
তার লাঞ্ছিত অভিমান ফুটেছে ,ব্যাকুল নীলের কাছে…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top