ঘটমান


​তানিম ভাই আইছিল; গেছেগা। তার দিকে তাকাইতে পারতেছিলাম না। বিরক্তি, যার উৎস একটা অব্যাহ্যত বোধের বলয়, আমার মনটারে প্লাস্টার কইরা দিতেছিল; প্রচণ্ড একটা ‘না’ নিয়া আমি শক্ত হয়ে বসেছিলাম; এর বেশি কোমল হইতে পারতাছিলাম না; তিনি একটু পর পর আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তাতে বিরক্তি বাড়তেছিল, প্রশ্ন করছিলাম, ‘কি’; উচ্চারিত শব্দ ব্যতিরেকে আমার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছিল ওই প্রশ্ন, আসলে প্রশ্নটা নিজের কাছেই; কিন্তু মনোভাবের তরঙ্গগুলো কাদায় নির্মিত, এমাথা থেকে ওমাথা পর্যন্ত ভাষাহীন, নিরুত্তর, অস্বস্তিকর; জানি না কেন মনের এহেন অবস্থাকে প্রশ্রয়ও দিতেছিলাম, এই মুহূর্তে স্বাভাবিকতায় ফিরে যাওয়া যেন হেরে যাওয়ার সামিল। বোধহয় মন এমন একটা বিন্দুতে এসে জড়ো হইছে, যেখানে বা যেখান থেকে অতিবাহিত সময়ের গ্লানি নজরে আসে, একের পর এক; খানিক দূর থেকে একটা সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, তার প্রতিটা তরঙ্গচূড়ায় কালিমা। বিকালের আকাশ, অনড় নীল দেহ, হাতে আঁকা মেঘ; ছাদের পাশে পেয়ারা গাছ, তার পাশে কদমের পচা মাংস ধরে রাখা কদম গাছ, শাখায় ওড়ে আসা বাদুড়দের আশ্রয় দিতেছিল-কোথাও অনুরক্ত হওয়ার মতো সজল কিছুই ছিলো না, যেন এই প্রকৃতিকে বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে, নিরস ঐশ্বরিক দক্ষতায়; কোথাও চোখ রেখে আশ্বস্ত হইতে পারতেছি না, আমার চারপাশে এমন একটাও নাই যার উপর আমার মন এক মুহূর্তের জন্য বসতে পারে; আমি ভয়ও পাইতেছিলাম-কখন তানিম ভাই’র সাথে চোখাচোখি হয়; জানি না কেন মনের এই অবস্থার লিগা নিজেরেই অপরাধী মনে হইতেছিল; অবশ্যই এইসব কিছুর দায় আমার নয়, এই পরিবেশটা সহ্য করতে মোটেই বাধ্য নই আমি, এই যুক্তিতে কঠিন ধাতুর মতো বসে না থেকে অর্থহীন শব্দের মতো হাঁটতে শুরু করেছিলাম, ছাদের উপর; সবকিছু এতো অর্থহীন লাগতেছিল, তানিম ভাই’র বসে থাকা বা একটু পর শুকনো ছাদে শুয়ে থাকা শুদ্ধ-আমি ভাবলাম বা ভাবনার অস্পষ্ট আলোক তরঙ্গ অনুভব করলাম। লোকটা কেন আসে আমার কাছে, লোকটা কি মনে করে নিজেকে- মহারাজা? কেন তাকে আমার সময় দিতেছি, বিরক্তি নিয়ে তার সাথে বসে থাকতে বাধ্য হচ্ছি; সুযোগ পেলে সে কি আমাকে অপমান করে না, আর এই মুহূর্তে মনের মধ্যে যে গ্লানির সমুদ্র তা’লাগি যাদের অহংকার দায়ী তিনি তো তাদেরই একজন; অহংকারি এবং অকর্মা; জীবনে আমার কোনো কাজে এসেছে, আমার পরাজয়- ব্যর্থতা নিয়ে তার কাছে যাই কখনো আশ্রয় খুঁজতে! কিন্তু টনটনে অহংকার নিয়ে ঠিক ঠিক চলে আসে আমার কাছে- আমার কাছে নিরাময়, আমার অক্ষমতার মাঝে; দুনিয়ার সকল লোক খারাপ, স্বার্থপর, ছোটলোক; তাবৎ ঘটনার কালো রঙের ব্যাখ্যা তার কাছে হাজির, এবং এই মহাজগতের মর্মবিষের তিনিই একমাত্র প্রবক্তা-আমি সজীব শ্রোতা, তার পরজীবী অহংকারের একক পোষক; অথবা এসব কিছুই আমার মনের নির্মাণ, আমার উদারতার অভাব, সম্পর্কের মেকানিজম না বুঝতে পারা গবেট আমি-ইত্যাদি; তখন কিন্তু রকম স্পষ্ট করে ভাবতে পারি নাই, এখন ভাবনার যেই গতি; তখন, এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলেছিলাম, ‘চলেন, আপনাকে এগিয়ে দেই, আমার প্রচণ্ড মাথা ধরছে।’ তিনি বলেছিলেন, ‘বাড়িতে আজাব; একটু রিলিফ পাওয়ার লিগা তোমার কাছে আই; কি করবা তুমি, শুইয়ে তো থাকবা, ছাদে থাকো।’
​’না’, আমার আচরণে দিব্যি অসহিষ্ণুতা প্রকাশ পাইতেছিল, ছাদে একদম ভালো লাগতাছে না, চলেন, আপনারে আগাইয়া দেই।
​যাব, অন্ধকার হোক, আরেকটু।
​আবার আমি অর্থহীন ভাষার মতো এলোপাথারি পায়চারিতে নিযুক্ত হলাম; অল্প সময় গেলে আমার মনে হইতেছিল, আকাশে শুক্লপক্ষের স্বচ্ছ চাঁদ, তার আলোও প্লাস্টিকের, সেই স্পষ্ট আলো কোনোদিন অন্ধকারকে প্রতিষ্ঠা পেতে দিবে না; কখনোই আমাদের মনে হবে না যথেষ্ট আঁধার হয়েছে; আমি তানিম ভাইকে কিছু না বলেই ছাদ থেকে নেমে আসতেছিলাম…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top