ক্ষুধা লাগছে। খাইতে ইচ্ছা করতাছে না। এই মনোভাবটা অযৌক্তিক? খানা ঢাকনা দেওয়া আছে ডাইনিং টেবিলে। তবে? এতোক্ষণে ভাত অনেক ঠাণ্ডা হইয়া গেছে, তরকারিও- মাছের ঝোল, ডাল, ভাত: বাঙালির খাদ্য, তবুও খাইতে মনের সায় নাই-জিদের কারণে-যদি মাংসভাত থাকতো তাইলেও এমন লাগতো? খাওনের লিগা হাত ধুইতো হইতো, ভাত মাখতে হইতো, বইসা স্থির হইয়া গরাস মুখে তুলতেই হইতো- কতো দিকদারি! না খাওনের মধ্যে এক রকমের স্বাধীনতা আছে; কেউ কিছু কইবো না; এতো রাতে যখন সবাই ঘুমাই গেছে, জাইগা আইসা খাওনের লিগা পিড়াপিড়িও করবো না; আমি, আমার শুকনা চিন্তা নিয়া সময় পার হইতে পারতাছি নির্বিঘ্নে, আমার মতো কইরা: যেন চিন্তা পরম্পরায় একটা সমাধান আইজকা রাতেই ডেলিভার হইবো; আসলে কিন্তু চিন্তাও ফাও, সমাধানও ফাও: রাতের পর রাইত হুদাও বইয়া যায়, জাল পাইতা কিছুই ধরনা যায় না, জাল পাততেও পারি না: হেলিগা পরের দিন নতুন কিছু কয় না, দেখবার ও দেখাইবার মতো কোনো পরিবর্তন কোনোখানে হয় না, দিনরাত্রির ড্রপ খাইয়া আমার জীবন টেনিস বলের মতো, বদমাশ একটা বাচ্চার একটানা খেলা হয়; খেলার আনন্দ ঐ শিশুর মনে বন্দী, আমি সেরকম শিশু হইতে পারি না। এখন যদি আকাশ থিকা ‘পরি’ নাইমা আসে অথবা আগামীকাল জাদু বলে আমার একটা চাকরি জুইট্টা যায় তাইলেই কেবল আনন্দ পাইতে পারি এরম পরিমাণে বিস্মিত হমু; শিশুরা কতো ছোট ছোট বিষয়ে আনন্দ পায়, বস্তুর অফুরান জাদু তাদের কাছে ধরা দেয়, কেবল টেনিস বলে ড্রপ খাওয়াইয়া তারা দীর্ঘ বেলা কাবার কইরা দিতো পারে, ড্রপ খাইয়া বল যখন তাগো হাতে ফিরা আসে, তারা আরেকটা ড্রপ দেখতে চায়, বল উত্তেজনায় ছড়াইয়া আবার ফিরা আসে, এইভাবে সামান্য টেনিস বল তাদের প্রিয় হইয়া ওঠে: শিশুর জীবনে কোনো অর্থ থাকে না, খেলার মধ্যেই তাগো মন ছিতরাইয়া থাকে, এর মধ্যেই খেলার নতুন একটা ভঙ্গি তারা আবিষ্কার করে, খেলে; এর বেশি তারা কিছু চায় না; যতো যাই হোক এটাই সত্য যে আমি এখন আর শিশু নাই; আমি বড় হইছি, লেখাপড়া শইখ্যা লায়েক, এখন আমার চাকরি দরকার;;; জীবনের অর্থ খুঁজতে খুঁজতে আমি জেরবার হইয়া গেছি; মানুষে কয়, শুনি, জীবনের অর্থ নাকি বোকারা খুঁজে কেবল, হাচা কথা জানি, কিন্তু বড়র কি খেলা লাগে না বাচ্চালোকদের মতন; বাচ্চারা খেইলা আনন্দ কুড়ায়, বড়রা খেলার নিয়ম লইয়া গোল করে, খেলাডারে বিরাট পবিত্র কিছু বানাইয়া ফেলে, যেন হেইডারে খেলা বইলা চিনন না যায়; খুন হয় খুন করে, পারে কি বিস্মিত হইতে? আশেরপাশের সব কিছু তার কাছে তাড়াতাড়ি কইরা পরিচিত ও স্থির হইয়া যায়; সে পরিবর্তন কামনা করে কিন্তু পরিবর্তন সইজ্য করতে পারে কি? ইতা সব লইয়া মাথা ঘামাইতে ভাল লাগতাছে না- আমি একটা খেলা বানাইয়া লইলেই ভালো করমু, এই যেমন উপাস কইরা আকাশ পাতাল ভাবনা-আকাশ পাতাল ভাবনারে আবার সময় হইলে বুড়া পাতার মতো খসাইয়া দেওয়া-শূন্য ডাইলে কয়েকটা নতুন কুঁড়ির স্বপ্ন দেখল, যার মইধ্যে থাকবো চাইল-পাঁচটা কলি, কলির থিকা ফুল ফুটনের লিগা অপেক্ষা করণ-অপেক্ষা করতে করতে ফুলের রঙ নিয়া ভাবন, ফুলের গন্ধ থাকবো নিকি, ফুলের পাপড়ি ঘন হইবো না পাতলা থাকবো-এইসব লইয়া ব্যস্ত থাকনের মইধ্যেই আনন্দ আছে, আবার ইতা লইয়া ব্যস্ত না থাকলেও অসুবিধা নাই-অঙ্কুরে আনন্দ যদি নাও পাই তাইলেই বা কি সমস্যা! পাইনসা তমসাল ভিতরেও চাবুক লইয়া দাঁড়াইয়া থাকে সূর্যদেব-অন্ধকার তো আলোরই শরীর; ভিতরে ও বাইরে, প্রাণ বিচিত্র পালক লইয়া পেখম মেলছে; কোনোডাই ফেলনা না, একটা কালা ফোড়া বা নীল দাগ, যেডাই হোক আলপনার অংশ তারা-বস্তু ও ভাবের উপর দুই পা দিয়া দাঁড়াইয়া থাকে ইচ্ছা, কিন্তু ওই ইচ্ছার উপাসনা করণ যায় না, ইচ্ছার ভিতরে অচেতন বিন্দু হইয়া হারাই গেলে লাভ; কিছু করতে হয় না, কিছু না কইরাও থাকন যায় না; তারপর ভাব ভাষা থামাই দিয়া অথবা তারপর, তারপর কি হইবো তা নিয়া ভাবনা করা খ্যামা দিয়া-চুপ, মধুর মতন চুপ হইয়া থাকন…
