কী হয়েছে তো, সিগারেট নেই? মস্তিষ্ক পরিশ্রমী হয়ে উঠলে তার বেতন চায়, কিন্তু সে তো বিনা বেতনের নোকর; কারণ নিজের কাজই সে করে, নিকোটিন তাকে সেই কাজে উৎসাহ দেয়, সঙ্গ দেয়; অতএব তুমি সৎ হও।
উৎসাহদাতা সঙ্গী সবসময় নাও থাকতে পারে, এমন সংকটে কি তুমি তোমার কাজ স্থগিত রাখবে! বারবার একটা অভাব তোমাকে বিবশ করে দিতে চায়, সময় চলে গেলে সাথে করে সেই বিবশতা উড়িয়ে নিয়ে যাবে, তখন খেয়াল করে দেখো, তুমি আরেকটু আগালে; কোথায়? কেউ কি জানে এই প্রশ্নের উত্তর-সচেতনতার গন্তব্য কোথায়? আরো সচেতনতার দিকে! এই সব অভিজ্ঞতার স্মৃতি এখন দুর্বল, মানে ওদের পানে সরাসরি চাইতে পারো না; মন তন্দ্রায় হারিয়ে যায়, ঘোলাটে মেঘে বা তখন মস্তিষ্ক নিজেই পাথরের মতো ভারী একটা মেঘ; বাতাস যাকে সরাতে পারে না; মুশকিল (!) কখনো তুমি ঘোড়ায় চড়ার আনন্দ বা মোটরসাইকেল চালানোর গতি অনুভব করতে পারোনি, অথচ একটা সিগারেট জ্বালাতে পারলে তোমার সচেতনতা তন্দ্রার কাঁধে ভর রেখেই এগিয়ে যেতো কয়েক পদক্ষেপ; স্বাধীন; নতুন চেতনার প্রথম নভোচারী অস্তিত্বের নির্বচন স্বাদ, এক পলকের; আবার বিভ্রান্ত ময়ূরের মাথা দ্বিমাত্রায় ত্রিমাত্রার আকাঙ্ক্ষায় ইতিউতি চাইতো, কিছু বাদ দেওয়ার জন্য নয় এই অস্থির একাগ্রতা, বরং অন্ধকারে চকিত উড়াল শেষ করে হতাশার প্রথম আক্রমণে আরো জেদী হয়ে ওঠার ক্ষমতার জন্য মরিয়া হয়ে ওঠা! না। এখনো শেষ হয়নি কিছুই, আসলে শুরুই হয়নি, কেবল নিরালোকের প্রথম পরশ-কল্পনার কাছে এখনো সমাদৃত। তারপর আসতে পারে পূর্বাভাস না দিয়ে একটা অকাট ছেদ-হতভম্বকারী গিরিখাদ, কী দিয়ে তাকে ভরাট করা উচিত! অতীত; মানে স্মৃতি। যেহেতু তোমার এখনো ডানা নেই বা পর্যাপ্ত ওজনহীনতা যা তোমার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অতীত তো রসালো আমের মতো পচেই যাচ্ছে, আফসোসের কতোগুলো মাছি শুষে নিতেছে তার ক্ষত; কেন এতো ক্ষত! তবু আর কিছু বা আর কেউ ওই ক্ষত-বিক্ষত অতীতের চেয়ে বেশি আপন? এই নিশাচর একটানা ধ্বনি, ধ্বনির কয়েক প্রকার মিশেল; অন্ধকার; অন্য সকলের ঘুমন্ত মন; গুটি বসন্তের মতো নির্মম নক্ষত্রের উপর্যুপরি প্রহারে কাতর, তাই সকল অপর বিষয়ে নির্লিপ্ত ওই দুঃখী আকাশ (তার বিকট ব্যথার দিকে তাকালে চোখ ফিরে আসে, মন মরে যেতে চায়)! বরং যদি আফসোস সম্প্রদায়ের বিশ্লেষণ করতে শুরু করি হয়তো পচন রোধ করা যাবে না, তবু দুঃখকে অবৈধ করতে পারা যাবে-আসলে পচে কে? সময়। তার অপচয়, এক দশক দুই দশক তিন দশক; কিন্তু কিছুই প্রাপ্তি নেই, কারণ হয়তো কোনো বীজ বোনা হয়নি, তাই এখন আর কাঁদলে কী হবে? কী তুমি করেছো? তিশিটা বছর! তুমি প্রেম করেছ… সেই স্মৃতি দুর্বল; হোক। যদিও আজ আর সেইসব প্রেম ভাষায় পুনর্জীবিত করতে পারছো না, কিন্তু কেন পারছো না? অনেক বেশি ব্যবহার করে ফেলেছ তার স্মৃতি? তার মুখমণ্ডল! ট্রেনের কামরায় জানালার পাশের সিটে বসেছিলে, সেখানে হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদছিলে; সে ফিরে এসে তোমার পিঠে একটা থাপ্পড় দিয়েছিল, তুমি মুখ তুলে দেখেছিলে ওই অসম্ভব নির্লিপ্ত আকাশ-সেও প্রেমের করুণায় ঝুঁকে এসেছিল… আসলে কিন্তু জায়েজ সিগারেটের তৃষ্ণা, যেহেতু স্মৃতির অখণ্ডতাকে ছিঁড়ে ছিঁড়ে সে পেটপূজা করেছে, একটা দৃশ্যও স্বয়ংসম্পূর্ণ নেই, তাহলে সেই সব চিহ্ন যথেষ্ট গাঢ় ছিল না! আরো কতো সময়, কেবল ওই স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়েছে-সময়, স্মৃতি উভয়েই তাদের প্রতিশোধ নিয়েছে; মাঝখানে উলুখড়দের দুর্ভোগ। কিন্তু যারা অত্যন্ত অস্পষ্ট এবং যাদের শরীর ক্ষতচিহ্নে আকীর্ণ, তাদের ছেড়ে দিতে হবে শিকল ভেঙে-যা পাখি, অন্য সময়ে ফিরে আসিস, এখন বনজে-খনিজে বন্য প্রাণীর মতো স্বচিকিৎসক হও গিয়ে, তোমার মালিক বড় একরৈখিক।
তাহলে হতাশার দ্বিতীয় ধাক্কা, এখন এই সচেতনতার ভাষা নিয়ে সংশয় প্রকাশ করছে, কেননা যে অবলোকন একটা প্রিয় স্মৃতিকেও ভঙ্গুর পরিণাম থেকে উদ্ধার করতে পারে না তার ফাঁসি হওয়া উচিত।
তাহলে বেশির ভাগ ঘটনা এখন নেপথ্যেই ঘটে কারণ তাদের প্রকাশযোগ্য পোশাক নেই-তারা এতো ভয়ঙ্কর, এজন্য নয়; তারা এতো অস্পষ্ট বা মৃদু, এজন্য; কেন তা? যে জীবনকে লিপিবদ্ধ করতে চায় তার ধ্যান স্বেচ্ছাচার বুকে নিয়েও স্মৃতিনিষ্ঠ হবে; স্মৃতির অস্থিরতা দমন করবে কল্পনা দিয়ে, স্বপ্নের স্বৈরাচার দিয়ে, ভাষার সামান্য মিথ্যা সহযোগে স্মৃতি ও কল্পনার অভিকর্ষ যে এলাকায় স্থির-শূন্য, সেই ওজনহীন দেশেই লিপিকার তার তথ্যভাণ্ডার মেলে দেবে, দুমুখো টেলিস্কোপ দিয়ে আরো তথ্য ছিনিয়ে এনে পুরনোর নতুন করবে সদা সর্বদা, জীবন্ত থাকবে নিজে ও জীবন্ত রাখবে তার সৃষ্টিক্ষমতা…
অন্ধ তুমি; চারপাশে কোনো ঘটনা দেখো না বা তোমার দেখায় ঘটনাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরছে, তাহলেও প্রতিটা কণাকে বুকের উত্তাপ দিয়ে যাচাই করা দরকার, তা সম্ভব?
ফলে, যতোখানি পারা যায়। কিন্তু বহুদিনের অপ্রকাশের ঝুঁকি না নিলে অভ্যাসযুক্ত অধরা কি ধরা দেয়?
