এক নিশ্বাসে…

অস্থিরতা। আমূল ব্যর্থতার ভয়। নশ্বর ইন্দ্রিয়ের জন্য করুণা। উধাও চৈতন্যের খোঁজ। আমার দিনরাত্রির আমার না? স্মৃতি। বাস্তবতা। অপবিত্র জীবন। নেই। যেতে চাই যেই স্থির সংগঠিত মনবস্থায়, অপরিচিত বিঘ্ন সেখানে। তাড়াহুড়ি হার স্বীকার করে ফেলেছি। ছোট ছোট পেরেক দিয়ে গেঁথে অস্থির মনদ্বারে বিঁড়িয়ে রাখতে হবে। অর্থ সৃষ্টি করছে না? তাই ঈর্ষা। বিক্ষোভ। অভিযোগ। ইতিহাস। অনেকগুলো স্বতন্ত্র প্রারম্ভের তরঙ্গ-একটার পর একটা বেহুদা নিয়মে গাঁথা, অদ্ভুত মালা; আমি জানি সামনে আগানোর পথ আছে, শব্দে নির্মিত, অনভ্যাসের সাধনায়; তিতা স্বাদ; অতিবাহিত সময় কেন অপরাধ? যুক্ত করছি তোমাকে, নীল তেলাপিয়া; বেইমানে দেশ ছেয়ে গেছে-স্বাভাবিক সেটা; তোমরা ভুলে গেছ সুঁচ-রাজার লোককথা! যন্ত্রণায় টইটম্বুর হলে পরে, হক কথা-ঋতপথ-ঋতসত্য, মনে আসে, মন বসে সেই নিয়মে; জিজ্ঞেস করো না কোন নিয়মে। করো না, করো না, কারণ বারবার উপনীত হওয়া যায় তটের কাছে, ঢেউয়ের মতো, সমুদ্র তবু উত্তর পায় না; শান্তি না; এমনকি সান্ত্বনাও না; সহজ সদত্তোর; নাকি; ভেবে নাও পাগল, আমার কি! তোমাদের যা খুশি ভেবে নিতে পারো, অথবা না ভাবলে, কে তোমাদের তাড়া দিচ্ছে, আমাকে যেমন? মহত্ত্ব কুড়াচ্ছি না কিন্তু-অনিয়ন্ত্রিত-আর এভাবেই মনের শান্তি আলাপিত-মন হাটের মতো বসে, ভেঙে যায়; সত্যখানি টুকে রাখো; আগাও; আমার সাথে নয়, আমি কি জানি কোথায় আঘাত করতে হয়, কীভাবে? এনিয়ে তোমরা ভাবো! তোমাদের ভাবনা সুনির্দিষ্ট-সমাধানমুখী-বড় বিজ্ঞান সুলভ; আমার মন চূড়ান্ত অবৈজ্ঞানিক-বেশি স্বাধীন-উদযাপনযোগ্য? পুরোনো, একই অবস্থার অনুতাপহীন পুনরাবৃত্তি-অ্যাবসার্ড! তোমাকে পেলে, জলচর নীল তেলাপিয়া; এমন হতো না; আমিও সাংসারিক হতাম; তারপর? তোমার জিজ্ঞাসা; বৈধ; অভিমানে বৈঠা বাই কিছুক্ষণ, তারপর দেখি, ফুরিয়ে গেছে নদী; কিন্তু আজকে তিনকালের আশীর্বাদ পেয়ে জল-স্থল-অন্তরীক্ষে ভ্রমণ- অসমাপ্ত চক্র, আরেকটা; মন মজা পেয়েছে, খণ্ডে খণ্ডে মজেছে; আসলে তো একটা ফাঁদ; ভেবেই রেখেছ সংগঠন আসবে, তাই অপেক্ষা করছো, ফুরিয়ে যাচ্ছে হাটের তেল; মন, লোভ করো না, শব্দের প্রতি লোভ করে কি লাভ, বলো? -প্রশংসিত হবে, নাহলে উপেক্ষিত, তা দিয়ে কি হয়; আর বস্তু-এই জনমে কে ওর সাক্ষাৎ পেয়েছে? যুক্তি দিও না, যুক্তি দিয়া কারে বুঝাবা; বুঝ ঠিকঠাক আগেই হয়ে আছে, সমাধান নয়, সোচ্চার ক্লান্তির আশা করো, যাতে ঘুমাতে পার, যাতে সময়ের খাই খাই মাগী স্বভাব নিবিড়ভাবে মেটাতে পারো; তোমার কাছে দাবি তার অসীম, যদি এক লহমায় সকল দাবি দেখে ফেলো, রূপকথার সমস্ত নিষিদ্ধ প্রপঞ্চের মতো, তাহলে হাতে হারিকেন, পুন্দে বাঁশ, এই তোমার নির্ধারিত পরিণতি; তুমি কী বীর? তাহলে তোমার প্রস্তরীভূত চেতনার শেষ কণা বিস্ফোরক-সিনা তোমার, সমুদ্র ধারণক্ষম? সকল নীতিবাক্য, তাই একজোট হয়ে বলে, ধারাবাহিক হও-তোমার মনে উঁকি দিচ্ছে কারা? কারা; খিড়কি লাগাঅ; প্রস্তুত হও নিরন্ধ্র বাসর ঘরে সময় সনে অনন্ত রমণে, খেয়াল রেখো না, কে-কার বেইমানির সূত্র ধরে সুতানালী পথে কাকে কেন দংশন করে গেলো, কে ভাসলো ভেলায়? আগাম স্বপ্নের ফিরিস্তি তারা দিতেছে, যাদের দেওয়ার, তুমি নিমগ্ন থাকো- মৃত মনে মত্ত অন্ধকারে; ধীরে ভোরের প্রস্ফুটন দেখতে পাবে, কারণহীন; কারণ, কারণ দিতে গিয়ে এই নীল গল্প একের পর এক আঁকা হয়েছে-হচ্ছে-হবে-দেহ ক্ষুধার্ত হবে হচ্ছে হয়; হিংসার পরম্পরা তরল অক্সিজেন, সেখানেই সে, নীল তেলাপিয়া, সাঁতার কাটে-বলে রাখলাম, তাকে চুম্বনের বাসনা থাকলে কপালে খারাবী আছে; আর আমি তো জানি, সাবধান তুমি কখনো হও না, শর্তহীন সকাল দেখবার নিষ্কলুষ শুভ্রতা নিয়ে তোমার জন্যই হয়নি-সেহেতু, তথাস্তু বলে এই বর দিলাম, তুমি পারো বা নাই পারো জিততে, অন্তত তাতে একটা গল্পের জন্ম ঘটবে…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top