একটা অবস্থায় আছি, থাকতে হয়; তার বিবরণ কাউকে জানাতে ইচ্ছা করে না; কৃষ্ণ গহ্বরের মতো তীব্র এক নেতির মাধ্যাকর্ষে হাত ভারী হয়ে ওঠে, কলম রেখে দেওয়ার ঘটনাটা স্বস্তিদায়ক; নিজেকে ঝাকি দিয়ে জাগাই, কলম ধরে রাখ, সুত্রধরের সুতোটা ছেড়ে দিও না-কিন্তু কী বলার জন্য? শব্দের পর শব্দ গেঁথে নিয়মানুসারে কিছু গড়ে উঠবে, একটা অনর্থক আজগুবি ফলক যা হাজার বার গড়ে হাজার বার ভেঙে ফেললেও কিছু যায় আসে না জগতের, এমনকি আমারও; তবু মাথায় থাপ্পর দিয়ে হুশ করি এই খেলনা গুলি আমার অনন্ত কোটি সম্ভাব্য ব্রহ্মাণ্ড এখানে ‘না’ হয়ে আছে, কেবল আমার ঈক্ষণের অপেক্ষায়; শব্দের ডিম ও ডিমের পূর্বে যে গোধূলি, নিক্ষিপ্ত ধূলিরাশি-এসবই আমার, তবু অক্ষির শাটার নামানো, তালামারা-তালার কৌশলে শাশ্বত কালের জংকার, যে জেগে উঠবে সে তার প্রতিবন্ধকতা অনুভবে, প্রতিকার জানে না; তাই কৌটায় ভঁ ভঁ করছে প্রাণ ভোমরা, বিপ্লব করছে ঘাসেরা চেপে বসা পাথরের বিরুদ্ধে-তমসাকে যতই খনন করো তার কোনো শেষ নেই, কেবল খননের জেদ আকাশকে ঘায়েল করে নিভে যায় প্রক্ষিপ্ত আতশবাজি; তারপর? যতবার আমাকে খেলার সুযোগ দেওয়া হয়, সৃষ্টির তাড়না দেই নিজেকে যতবার, স্বপ্ন রচনা হয় উল্লম্ফনের; ততবার কেবল এই সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলোকে সংগঠিত করা হয়, ধীরে ধীরে ব্যথার বোধও ক্ষয়ে যায়-যেই জলে আশার হংস প্যাকপ্যাকায়, নিরাশাকে মনে হয় আশার ছায়ায় পেতে ওঠা দই, সেই জলজ মণ্ডল চক্র পাল্টায়, বরফরানীর বর্শা ছুঁয়ে দেয় সমস্ত দুরাশার অঙ্গ-উটের গ্রীবার মতো, জিরাফের গলার মতো দীর্ঘ সুদীর্ঘ নিস্তব্ধতা; পঞ্চমীর চাঁদ তাকে চিনে ফেলে-কিন্তু এই মুহূর্তটির আত্মঘাতী প্রণোদনায় ঘুন ধরেছে, তাই আরো দীর্ঘ হয় নিস্তব্ধতা; সকল মানবিক আকাশ যাকে ছাউনি দিতে ব্যর্থ-শব্দগুলো তাকে ছুঁয়ে অর্থহীন হয়ে গেছে…
