এই পঙ্কিল ভূমি…

এই পঙ্কিল ভূমি কদাচিৎ সেজে ওঠে শুভ্রতায়
নক্ষত্ররা ঝুঁকে আসে, নুয়ে থাকে শেফালির ডাল
শারদীয় স্বচ্ছতায় তাকায় চরাচর– শান্ত নিষ্পাপ
দৃশ্যের উপর– কুয়াশাও ঘুম-ঘোরে ঝরে টুপটাপ;
মধ্যরাতে এরকম নির্ভীক গোধূলি ফুটে রয়
ঘিরে রাখে সকলের ঘুম; সবকিছু স্নিগ্ধ এমন
যেন কারণ সলিলে ফিরে গেছে বাসনার ঢেউ,
মানবিক বাক্যরা মিশে গেছে বৃক্ষের প্রাণে–
অর্থহারা ধ্বনিদের মৃদু, পরিশ্রান্ত সময়ের সাথে
বিপরীত রমণে রয়েছে এখনো; এই বিভোরতা
টুকাতে আসেনি কেউ, তুলে ধরে শান্তির
যবনিকা; তুমিও, প্রস্রাবের বেগে ঘুম
ভেঙে যাওয়া দ্বিধাচারী যুবা, এই জোসনার
পরিধির খুঁজে এগিয়ে যেয়োনা;

আমগাছে ঝুলে থাক অভাগীর লাশ, কুয়াশায় ঢাকা;
কারণ এই পঙ্কিল ভূমি কদাচিৎ সেজে উঠে শুভ্রতায়,
নক্ষত্ররা ঝুঁকে আসে, নুয়ে থাকে শেফালির ডাল,
নিরবে শিশির ঝরে যায়…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top