মানুস

একটু কিছু পড়তেই মনে হয়
একটু কিছু লিখি
রোগগ্রস্ত যেন।

এইযে বেঁচে আছি
চোখে ধুলো দিয়ে বেঁচে আছে বদমাশ।
হাতবদল হচ্ছে শরীর।
ঢেকে রাখা রিপু
পদ্মগোখরা।

আশা রেখোনা কভু
তবে যেন বুঝতে পারবে ভালোবাসার মানে।
চর্বিত হতে হতে জ্ঞান
অন্ধবেড়াল।

রেশনের লাইন দীর্ঘ হতে দীর্ঘতর
তেঁতে গেছে রোদ
চাল ফুটতে ফুটতে দুপুর
জানলা দিয়ে কিছু দখিনা বাতাস এলে
গুমোট কাটে কিছু
গল্পহীন গল্প লেখতে লেখতে
বাকী থাকে কেবল পুরস্কার।

দীর্ঘজীবন কামনা ভীতিকর
ক্রমশঃ একলা থেকে একলাতর হচ্ছে
কেবল মানুস।
পশুরা যূথবদ্ধ আজো।

জিভে রক্তের স্বাদ মাংসের স্বাদ
রক্ত মাংস থরে থরে বিকোয় বাজারে।
ভালোবাসাও বিকোয় এমনকি অক্সিজেন ।
তথাপি বাঁচতে চাওয়ার তুমুল মানে আছে।
মানুসের মত না হলেও
যেন তেন যেকোনো প্রকারেই হোক।
পাখি হবার মেঘ হবার এইসব ফ্যান্টাসি টিকে আছে এখনো
যদিও মানুস হবার ইচ্ছে মনে হয়
মরে গেছে মানুসের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top