অতিবাহিত ধূলোর বৈঠক–৯

কী এক বিষণ্ণতা– ব্যথা বা বিপন্নতা– প্রতিবন্ধীতা! শব্দের দেয়ালে গর্ত করে ভরে রাখা লাল। অভিনয়ে প্লাস্টার করা বেহিসাবি, অসমঞ্জস্য পদার্থসকল। সবচে বেশী নীলের কাছে ভার নিয়ে বসে থাকা। ভাঙ্গা পিতলের মতো বিচ্ছিন্নতা– চোখ বন্ধ করে পাড়ি দেওয়া অপার কান্নার নুনে ও জলে। অসুন্দর ছবিটা টাঙ্গিয়ো না, অশুভ বাতিটা জ্বালিয়ো না; ভাঙ্গা হোক এক-একটি প্রত্যঙ্গ, পাবেনা কাউকে দায়ী। গ্লাস থেকে ছিটকে পড়া জলের মতো অভিমান, আজন্ম ব্যর্থতা। মুখ ফিরিয়ে বসে থাকো,ব্যথার অগ্রভাগ দেখুক কেউ– সম্পূর্ণ নয়; অতিনীল বিষময় বদন না দেখাও। শব্দের আঙুর, পা দিয়ে দলে-মলে এগিয়ে আসবে কোনো অবাস্তব, অপেক্ষা করো। বিচূর্ণ শব্দের গোসাঘরে মৃতপ্রায় প্রাণ এক– তেল ফুরানো সলতের কমে আসা আলোর মতো অনিরুদ্ধ ক্ষয়ে, অন্তিম উদ্বেল কান্নাবেগের প্রিয় সাফল্যে নামা গোধূলি, আখরাত। অন্তত কেউ একজন ন্যায় করো, অন্তত সময় হোক ন্যায়বিচারক। চোখে পড়ে না অন্তর্মুখ নির্দয়তা, এবং তুলনায় মূল্যহীন, লঘু। এই বিষাদে রাজ্য বানিয়ে থাকো, সব থেকে অনর্থক পতিত সুন্দর। যে প্রিয়, সে কখনো হাতে নিয়ে দেখবে না তোমাকে। আহা! এই বিরহে বিস্তৃত হও গর্জনকারী সমুদ্রের মতো অতি-অতি শব্দে, তরঙ্গে। নেতি ও ধ্বংসের অনিবার্য ছন্দে যোজিত হয়ে বাজতে থাকো, অসুখের মতো সক্রমণশীল আবেগে; কেউ যেন ভাঙ্গতে না পারে তোমার শব্দের খোসা, অনন্ত মন খারাপ ঢাকা থাক নিজের প্রেতে, আহত-কুটিল…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top