অতিবাহিত ধূলোর বৈঠক–৮

স্তব্ধ থাকতে ভালো লাগছে; আরেকটা জীবন অন্তরালে বাস্তব, ভুলে যাওয়ার পর মনে পড়ে, অস্বীকারের আনন্দ, তারপর লাভার মতো ফুটতে থাকে; ঘাড়ের উপর পাহাড় তুলে দিয়ে যারা বলছে, উড়ো, খাঁমচি দিয়ে ছিঁড়ে নিচ্ছে স্মৃতি, বেদনার বালু পথে শুধু পদক্ষেপ, আছড়ে ঝলসানো কদাকার গন্তব্যের কাছে নিবেদিত কথার খিঁচুড়ি, আর স্তব্ধ থাকা গেলো না; একটা একটা করে ডাল ভেঙ্গেছ, অথচ ফুলের প্রত্যাশায় এগিয়ে দিলে কেশ, তোমার চুলে হাত ডুবিয়ে বসে থাকবো, এই খুশিতে কবজি কেটে নিলে আমার, আর ব্যথা প্রকাশের জন্য ফেইসবুক, মুখোমুখি যাহারা আড়াল; এইভাবে আমাকে শিখাচ্ছো ঘৃণা; তীব্র স্বাদের জন্য লালায়িত, পেশ হয় শূকরের ছানার ব্যঞ্জন–
স্তব্ধ থাকা হলো না আমার, যারা আসছে, যারা যাচ্ছে, তাদের কাছে নিরূপিত হবার বাসনায়, নিজেকে নির্ণয় করলাম হিঁজড়াদের করতালির ত্রাসের ভিতর
স্বভাবের কুয়াশাগুলি, গ্রাস হয়ে যাচ্ছে অনির্ণেয় কথাকলির পুনঃ পুনঃ ঝরে যাওয়ার সুবাদে………

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top