যেন শীত, বসন্তের শীত; স্থির হয়ে কারো করতলে বসবে না! চাপ নিয়ে অবিরাম পলায়ন, শিখার মতো জ্বলতে থাকা ব্যথায়– পড়ে থাকা, শিশুর ভুক্তাবশিষ্টের মতো– ভিজে ভিজে উঠা, যেন গভীর অতৃপ্তির শরীরে বৃদ্ধার অচরিতার্থ কামনার উদ্বেগ– মানুষের কাছে যাওয়ার উদ্দেশে হাঁটতে শুরু করে– ভীত, দরিদ্র, দীন; বুঝতে পারা এ পৃথিবী আমার নয়, একে আমূল পাল্টে না দিলে জীবন ভীষণ বিচ্ছিন্ন আমার– এই শীত, বসন্তের শীত, কামনার শীত, ভিজে ভিজে উঠা এক অনুভবের উন্মেষ, যেন কলমিলতার মতো শব্দে ছেয়ে যাচ্ছে পুকুর– সব বন্ধন ছিন্ন করে, সহজ ব্যাভিচারী পূন্যমতি উষ্ণতায় নিক্ষিপ্ত হওয়া, যেখানে মানুষের সকল ন্যায্যতার নকশার বীজ… এই পৃথিবী থেকে বিষাদ নিয়ে যাবনা; না! যাবনা আমি বিষাদ নিয়ে, এই বসন্তের শীতে যে ফুল অনায়াস ফুটে– ঝরে আবার ফুটে– তার কাছে, তবু তার থেকেও দূরে, চিত্তের স্পন্দনগুলি দিয়ে বিষাদের প্রতিমা বানাবো, বিসর্জন দিবো– ঝাপ দিবো, দিবোই; না হলে এই পৃথিবী– শ্বেত গাভী, আমাকে বারবার মরুভূমির দৃশ্য দেখাবে– তুচ্ছ করে দিবে, তার খুরের ধূলির থেকেও বেশি দুর্বল ইচ্ছার, গোধূলি দিয়ে ঢেকে দিবে মহাবিশ্ব; আমায় দেখতে দিবেনা-দিবেনা-দিবেনা– শক্তির প্রেমে রুপান্তরিত হওয়ার ঝলক… কেউ আমায় ধাক্কা দিয়ে ফেলে দাও, অত্যাচার করো– যেন সেই রুপান্তর দেখার দ্যুতি ও শরিক হওয়ার অধিকার পেয়ে যাই, যেন এই শব্দ সত্য হয়– এক ঈশ্বর জাগেন আমার ভিতরে! এক বিরাট মহৎ প্রেম! যাকে জায়গা দেবার আধার আমার হৃদয়ে নেই– হৃদয় খনিত হোক, তোমরা খুড়ো– কী শীত এই বসন্তের!
