মেঘলা দিনগুলা আমাদের হুদাহুদি বিষণ্ণ করে। বাবুর মনও বিষণ্ণ। অফুরন্ত রোদ্রের মা, এই অনবদ্য নীলাকাশ প্যাঁচার পলক-বন্ধ চোখের মতো; কিছুই আর দেখার উপায় নেই— না নীল, না মেঘ, না রোদ। রোদ—তা যে বেলারই হোক ওর মাঝে একধরনের হাতছানি আছে; সকালে পড়া করার সময় সেই রোদ যেন ছুটির প্রক্সি দেয়, উকি মারে জানালায়, দরজা দিয়েও ঢুকে পড়ে চৌকাঠ পেড়িয়ে মেঝের কিছু অংশ জুড়ে—বাবুদের ক্লাশের দুরন্ত প্রসেনজিতের মতো— তাকে নিয়ে টিচাররাও অতিষ্ট হয়ে, ছড়া কাটেনঃ দুষ্টের শিরোমনি লঙ্কার রাজা; চুপিচুপি খায় সে চানাচুর ভাঁজা। তা থেকে বাবুর ধারণা হয়েছে চানাচুরের সাথে দুষ্টামির একটা সম্বন্ধ আছে এবং চানাচুর খাওয়ার সময় তার মনটা খারাপ হয়ে যায়; কারণ বাবু দুষ্ট ছেলে না, দুষ্ট ছেলে হতেও চায় না; সে চায় সবাই জানুক, বাবু একটা লক্ষ্মী ছেলে। প্রসেনজিৎ দুষ্ট, কিন্তু মন্দ ছেলে না, সে বাবুর বন্ধু—একমাত্র বন্ধু; কিন্তু স্কুলে মন্দ ছেলেও আছে, তাদের কেউ যখন তাকে অহেতুক অপমান করে তখন তার কেমন লাগে! সে এতো ভালো ছেলে, তবুও!
সেদিন; ক্লাশের আগে এবং এসেম্বলির শেষে, লাইন করে যখন সবাইকে ক্লাশরুমে ঢুকতে হয়, পেছন থেকে ইমরান তাকে ঠেলা দিচ্ছিল; আরে সামনের পোলাপান যদি না আগায় বাবু কীকরে সামনে আগাবে, কিন্তু ইমরান সেটা বুঝে না; বাবু বলেছিল, ‘ঠেলা দিবা না’। ‘দিমু। তুই কি করবি’ ইমরান বলেছিল, যেহেতু তার গায়ে অনেক জোর। ‘আমি মেডামের কাছে কমু, তুমি আমারে ঠেলা মারছ’ খুব সরল ন্যায়বোধ নিয়ে একথা বাবু বলেছিল। আর তখন ছেলেটা তার পাথরের মতো শক্ত হাটু দিয়ে বাবুর হাটুর পেছনের নরম জায়গায় এতো জোরে মারলো!—ব্যথায় বাবু দাঁড়িয়ে থাকতেই পারছিল না; ছেলেটা বাবুর কলার টেনে ধরে বললো, ‘মনে থাকবো?’; সে ধারণাই করতে পারেনি তার মতো এতো শান্ত একটা ছেলেকে শক্ত কোনো অপরাধ ছাড়াই কেউ এভাবে আঘাত করতে পারে। তার খুব অসহায় লাগছিল, এরকম আঘাতের প্রতিউত্তর তার শারীরিক মানসিক ক্ষমতা ও অভ্যাসের বাইরে, তাই অসহায়তা অপমানবোধে, অপমানবোধ অ্ভিমানে রুপান্তরিত হয়েও এই সান্ত্বনাহীন বিস্ময়-ব্যথা থেকে সে আজ অবধি মুক্তি পায়নি, তার ভিতরে কেউ একজন এই অসহায়তাকে স্বীকার করতে পারে নি, কেবল সে মনে অযৌক্তিক একটা সজলতা বুনে সেই প্রতিহিংসাকে বিভ্রান্ত করে রেখেছিল; অবশ্য আজকের আকাশে ও রাস্তায় ও বাসার উঠানে আর স্কুলের মাঠে যে সজলতা এর সাথে ঐদিনের অনুভবের কোনো সম্পর্ক নেই। আজ আকাশ নিথর, যেকোনো সময় বৃষ্টির সম্ভাবনা, তাই বাবুর বাইরে খেলতে যেতে মানা আছে। আর বাসায় বসে, ফানেলের শার্ট গায়ে দিয়ে, চুপচাপ খাটের ওপর বসে থেকে তার কিবা করার আছে! মেঘলা দিনের বিশ্রী একঘেয়েমি আছে, কিন্তু এই দিনের যে সজলতা– চারপাশকে দূরের করে রাখে, যখন সেই সজল ভাবটা মনের ভিতর বুনে ওঠে তখন কেমন জানি কিছু অনুভব বাবুর উপর ভর করে। চেনা এই ঘরদোর, উঠান, গন্ধরাজের ভেজা কান্ড ও পাতা আর পুকুরের বিপরীত পারের ঠান্ডা-শান্ত, বাড়িঘর ও গাছপালা গুলো জরোসরো হয়ে তার ভিতরে ঢুকে পড়তে থাকে। আমরা বড়রা জানি, রবীন্দ্রনাথ জানতেন, বিভূতিভূষণও বলেছেন এর নাম রোমাঞ্চ—আর হ্যা, এরকম অনুভব এলে সত্যিই গায়ের লোম খাড়া হয়ে যায়; কি যেন, কাকে যেন ছুঁতে, কাছে-পেতে মন চায়—নামহীন এই অনুভব বাবুকে ভাবুক করে তোলে। তখন মনের খেদগুলি থাকে না। খেদ কিসের? এই যেমন টিনের, চৌকোনা এবং বিদঘুটে একটা বাক্স নিয়ে বাবুকে স্কুলে যেতে হয়, যেখানে অন্য ছাত্র-ছাত্রীদের ব্যাগের কতো রকমের বাহার—কারো ব্যাগের পেছনে লোমশ বেড়ালের মুখ, কারো ব্যাগে অসংখ্য চেইন—যেখানে তোমার বইপত্র, পেনসিল-রাবার-বক্স রাখার আলাদা আলাদা খোপ থাকার পরেও টিফিন বক্সের জন্য ব্যাগের বুকের উপর ছোট্ট একটা কোঠা—কতো সুন্দর! কারো কারো টিফিন বক্স তো আরো অদ্ভুত—দেখতে মনে হবে পানির ফ্লাক্স, কিন্তু সেটা আসলে কয়েক তালায় বিভক্ত কয়েকটা লম্বা ও গোলাকার পাত্র; বড় পাত্রটাতে পানি রাখো তো উপরের ছোটটায় অনায়াসে টিফিন রাখা যায়, আর সেসব টিফিনের কতো বাহার—গন্ধেই প্রাণ ভরে, অনেক খাবারের নামও জানে না বাবু। কিন্তু, এইসব জিনিস যেগুলোর মালিক সে নয় তার মনে একধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরী করে; এসব পেতে তার মনে তীব্র কোনো আকাঙ্খা জাগে না, জীবনে মাত্র একবার বাবু বায়না করেছিল ডাবল পার্টের পেনসিল বক্সের জন্য, যেটার ঢাকনা লাগাতে চুম্বকের ব্যবহার করা হয়—বাবু জানে না কেন চুম্বকের প্রতি তার এতো টান! টিনের ব্যাগের ভিতর নরম প্লাস্টিকের টিফিন বাক্স, তাতে করে বাবুও টিফিন আনতো। টিফিন পিরিয়ডে, প্রসেনজিতের পাশে বসে, দুজনে একসাথে তাদের টিফিন খেতো; কোনোদিন টিফিন খাওয়ার পর ক্লাশ শুরুর আগে যে সময় বাকি থাকতো, তখন দুজনে কি এক ব্যাখ্যাতীত আচরণে মেতে উঠেছিলঃ ‘জানো’ একজন বলতো, অন্যজন-‘কি’; ‘কিছু না’ প্রথমজন বলতো, ‘কও না’ দ্বীতিয়জন প্রথমজনকে আস্তে আস্তে ধাক্কা দিয়ে দিয়ে অনুরোধ জানাতো, কিছুক্ষণ এরকম করার পর দ্বীতিয়জন থেমে, না বললে নাই, এই ভাব নিয়ে নিরবে থাকতো—একটা অভিমানের জারজ জন্মের স্বাদ নিতে নিতে; এবার প্রথমজন, ‘শোন না’ বলে একই অভিনয়ে ্দ্বীতিয়জনের অভিমানটা ছিনিয়ে নিয়ে নিরবতায় ফিরে যেতো; এভাবে দুজনে মিলে শূণ্য থেকে একটা যৌথ অভিমান বুনতে বুনতে টিফিন পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা পড়ে যেতো, ওদের এই অভিমান-অভিমান খেলা আজ অবধি অসমাপ্ত……
আজকে প্রসেনজিত নেই, গতকালও সে স্কুলে আসেনি, তার আগের দিনও না; এক সপ্তাহ ধরে বাদলা দিন, কিন্তু এই কারণে তো প্রসেনজিত ক্লাশ মিস করে না! বরং তার নাকি স্কুলে না আসলে ভালোই লাগে না, বাসায় নাকি তার মন টিকে না—যেটা বাবুর বুঝে আসে না। স্কুল কামাই করা, বাবুর কাছে সকালের উকি-ঝুকি মারা রৌদ্রের মতো আনন্দের ঘটনা। সারা সকাল, যেদিন স্কুল থাকে না, সে রৌদ্রের মতোই স্বাধীন; কোনো সঙ্গী না থাকলেও গলির আনাচে কোনাচে, অনাবিষ্কৃত কুমারী মুহূর্তে, পরিচিত ঝোপ-পুকুরপার-কচুবন-হাঁসের বিষ্ঠায় ভরা স্যাঁতস্যাঁতে এলাকা-গলির মাথায় কারো বাড়ির ওয়ালের ওপর বসে থাকা-অজানা অসীম নিরুদ্বিগ্ন অপেক্ষা-স্থাণকালের এইসমস্ত টুকিটাকির ভিতর নিরুদ্দেশ ঘুরে বেড়ানো কি আনন্দের!—কিন্তু দুপুর হতে না হতেই ডাক পড়বে তার, ঠিক সময়ে গোসল করতে হবে, গোসলের পর বাইরে যাওয়া বারণ; ‘সারাদিন রইদে রইদে ঘুরছ, চেহারাডা কি করছস একবার দেখ তো…আর যদি ঘরের বাইরে এক পা রাখছ…’ এইসব বলে তার ফুফু বাংলা সাবান দিয়ে ডলে ডলে তার শরীর থেকে বন্য গন্ধ দূর করেন; দুপুরে আবার তাকে পড়া নিয়ে বসতে হয়, অথচ দুপুর যে কী প্রকট ভাবে ফুটে থাকে—দুপুরের সেই ঝাঁ ঝাঁ ঝিম রুপ দেখা তার একেবারেই নিষেধ। এমনকি তাকে যদি নাও পড়তে হয়, অন্তত ঘুমাতে তাকে হবেই, ঘুম যদি নাও আসে ঘুমের ভান করে বিকালের জন্য প্রতিক্ষা করতে হবে—কী কষ্টের ভান, যখন চোখ খোলাও অন্যায়, হাত-পায়ের সন্দেহজনক নড়াচড়াও অপরাধ। ঘুম। কারণ, এসময় ঘুমই নিয়ম। আর ঐ দুপুরের গৌরবর্ণ রুপ যারা দেখবে তারা তো ফাঁতড়া পোলাপাইন—পাড়ার কেউ তো তাদের ভালো ছেলে বলে না।
টিচাররা যাকে শিরোপা দিয়েছে ‘দুষ্টের শিরোমনি’ সেই চঞ্চল খরগোশের মতো প্রসেনজিত কীভাবে যে এতো শান্ত বাবুর বন্ধু হয়েছে, আ্মরা তা জানি না। আমরা শুধু জানি প্রসেনজিতের হাসি যেন ছড়ানো ছিটানো চিনির কনা, সে হাসির প্রতি বাবুর ছিল পিঁপড়ার মতো অনুরাগ—একারণে অথবা ওর ক্লাশজোড়া খ্যাতির কারণে এই বন্ধুত্ব নিয়ে বাবুর মনে অল্পখানি গর্ব ছিল। গর্ব করার মতো তার আর কিই বা আছে! সে এতো শান্ত যে দুটি ক্লাশেরে ফাঁকে স্বাধীন সময়টাতে সারা ক্লাশরুম যখন হৈ হৈ করে উঠতো তখনও সে চুপচাপ বসেই থাকতো, এমনকি ডাস্টারে করে ব্ল্যাক-বোর্ড থেকে চকের গুড়া এনে কেউ যদি তার গালে মাখিয়ে দিতো সে কিছুই বলতে পারতো না, হাত দিয়ে সেই সাদা চকের গুড়া মুছতো না পর্যন্ত—এমন শান্ত! দিনের পর দিন চলে যাবে, বাবু কেজি থেকে ক্লাশ ওয়ানে ওঠবে; লম্বা চুলের সুন্দরী মেডাম হবে তাদের ক্লাশ টিচার, ততোদিনে সে জেনেও যাবে প্রসেনজিত আর কোনোদিন আসবে না তাদের স্কুলে। স্কুল থেকে টিসি নিয়ে ওদের পরিবার এই শহর, হয়তো এই দেশ ছেড়েই চলে গেছে, (হয়তো ইন্ডিয়াতে—সেখানে পড়ালেখার মান আরো উন্নত); কিন্তু কোথায় যে ওরা গেছে বাবু কোনোদিন তা নির্দিষ্টভাবে জানতে পাবে না।
অনেকদিন বাবু একা একা টিফিন খেয়েছে। তারপর টিফিন পিরিয়ডে সে রুবেলদের সাথে যোগ দিতো—তারাই এখানে একসাথে টিফিন করতো যাদের কোনো বোজম ফ্রেন্ড নেই—সেখানে এমন কেউ নেই যার প্রতি বাবু বিশেষভাবে দুর্বল। তবু, রুবেল তাকে শিখিয়েছে কিভাবে বারবার থুথু না ফেলে, থুথু আসলে তা গিলে ফেলতে হয়, এবং তা কত স্বাস্থ্যকর—আলোচনা হতো আরো নানা চতুর বিষয় নিয়ে, কার বাড়ির পাশে কোন টিচারের বাসা-স্টীকার-স্টাম্প-ওদের বীরত্বের গাঁথা…ইত্যাদি নিয়ে, কিন্তু ক্লাশ টিচারের প্রায় গোড়ালি পর্যন্ত লম্বা চুলের প্রসঙ্গ কেউ তুলতো না, কি চমৎকার ভাবে সেই কেশ রাশির মাথায় কেবল একটা গিট দেওয়া থাকতো(তা নিয়ে কথা তুলতে বাবুর লজ্জা করতো)—তিনি যখন ব্ল্যাক-বোর্ডে অংক লিখতেন তখন বাবু চুলের ওই অপরুপ ঝর্নার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো—মেডাম তো বাবুকে সুবোধ ছেলে হিসাবেই জানে, এজন্য কি তাকে তিনি বিশেষভাবে পছন্দ করেন না?—যাতে মেডাম তার প্রতি একটুও বিরক্ত হওয়ার সুযোগ না পান, বাবুর টয়লেট চাপলেও বাবু তা বলতো না—একদিন সহ্য করতে না পেরে বাবু ক্লাশের মধ্যেই পস্রাব করে দিয়েছিল, তারপর তা নিয়ে কি কেলেঙ্কারী; মেডাম বললেন ‘তোমার টয়লেটে যাওয়ার দরকার—আমাকে বলো নি কেন? ক্লাশের মধ্যে এটা তুমি কি করছো?’—বাবু মাথা নীচু করে চুপ ছিল, সে বলতে পারে নি বারবার টয়লেটে যাওয়া নিয়ে মেডাম বিরক্ত থাকেন; সে শুধু ওনাকে আরো বিরক্ত করতে চায় নি; সে প্রমাণ করতে চায়েছিল অন্যদের মতো টয়লেটে যাওয়ার নাম করে বারবার বাইরে যাওয়ার সুযোগ খুঁজতে চায় না, সে প্রমাণ করতে চেয়েছিল সে সত্যই সুবোধ ছেলে— যাদের তিনি পছন্দ করেন…
এরই মধ্যে একদিন রুবেল বাবুকে জানিয়েছে, মিষ্টি খেলে দাঁতে পোকা হয়, তখন বাবু টিফিনের সাথে নিয়মিত মিষ্টি আনতো। রুবেলের কথা শুনে অথবা অন্যদের আনা রকমারি টিফিনের বহর দেখে বাবুর আর লাল চমচম খেতে মন চাইতো না। সে নিজ থেকেই ্রুবেলকে চমচমগুলো দিয়ে দিতো, তখন অবশ্য দাঁতের পোকা নিয়ে রুবেলের দুঃশ্চিন্তা থাকতো না ‘তুই খাবি না? তাইলে আমি খাই?’ রুবেলের প্রশ্নের বিনয়ে বাবু মাথা নেড়ে সায় দিতো ‘খা’। এভাবেই চলছিল কিন্তু তার এতো বড় দানের কথা বাসায় ফুফুকে না বলে বাবু থাকতে পারলো না; তিনি আঁতকে উঠলেন ‘দেখছনি, পোলাডারে বেক্কল পাইয়া পোলার মিষ্টিডি আরেকতে খাইয়া লায়; এই বেকুবরে লইয়া আমি কিতা করতাম!’ অভিযোগের পালা শেষ করে তিনি বাবুকে একটা নীতি কাঠামো দান করেন ‘কোনো সময় তোমার নিজের জিনিস অন্যেরে দিবা না; হে যা আনে তা তোমারে দেয়—তুমি দিবা কিল্লিগা? অন্যের কাছ থিকা কিছু নিবাও না, দিবাও না, বুঝছ—মনে থাকবো?’’ একটা আক্ষেপ বাবুর মনেও ছিল, রুবেলরে সে তার মিষ্টি দিয়া দেয় অথচ রুবেল কোনোদিন তারে কিছু সাধে নাই তো! এতোদিন রুবেল তারে ঠকাইছে। সে ইমরানের প্রতি শোধ নিতে পারে নাই, রুবেলও তারে ঠকাইয়া যাইবো? টিফিনের সাথে বাবুকে আর মিষ্টি দেওয়া হয় না, বাবু আর রুবেলদের সাথে টিফিন খায় না।
গ্রামার ক্লাশে একদিন রুবেল বই আনে নাই, আসলে তখনও গ্রামার বই সে কিনে নাই, একলগে সব বই কিনে দিতে পারে না রুবেলের বাবা; বাবুর কিন্তু সেরকম না, বুকলিস্ট পাওয়ার সাথে সাথেই সব বই একটা দোকান থেকেই কিনে আনে তার বাবা, ফুফু ব্রাউন পেপার দিয়ে সবগুলো বই এর মলাট লাগিয়ে দেয়, যাতে বই’র মূল প্রচ্ছদে ময়লা না লাগে, আর বাবু তার টিনের বাক্সে করে ক্লাশ-রুটিন মোতাবেক যে যে বইগুলা লাগবে সেগুলা সব নিয়ে আসে—ভারী বাক্স, তাতে বোঝাই এক গাদা বই বহন করতে বাবুর খুব কষ্টই হয়, আর এখন ক্লাশ ওয়ানে তো সাবজেক্ট এবং সেই অনুসারে বই আরো বাড়ছে; মেডাম সবাইকে গ্রামার বই’র ফিফটিন পেইজ অপেন করতে বললেন, তখন রুবেল বাবুর কানের কাছে মুখ নিয়ে সবিনয়ে বললো ‘তোমার বইটা মাঝখানে রাখবা? আমি গ্রামার বই আনছি না আজকা’। বাবু শুনলো কিন্তু, গ্রামার বইটা আরো বেশী নিজের দিকে সরিয়ে নিলো; রুবেল আবার বললো ‘রাখো না’। বাবু অত্যন্ত অহংকারে, রুবেলের দিকে না তাকিয়েই বললো ‘তোমার সাথে কোনো কথা নাই’। কেন? রুবেলের কি দোষ?—সে বাবুর সাথে এমন কি করেছে? সে কি তাদের সাথে বাবুকে টিফিন করতে না করছে? বাবু নিজেই তো একা একা টিফিন করে, সে কি ডাকতে গেছে—মিষ্টি খেতে তার ভাল লাগে ঠিক, কিন্তু জোর করে তো আর সে বাবুর মিষ্টি খায় নাই, সে নিজ থেকেই দিছে, তো এখন এমন ডিমান্ড দেখাইতেছে কেন; দাঁড়াও! এর শোধ তুইলা ছাড়মু। বাবু যখন তাকে মিষ্টি খাইতে দিতো, তখন ওর প্রতি রুবলের মনে একটা নরম ভাব জন্ম নিয়েছিল, সেই ভাব মিলিয়ে গেল- রোদের তাপে শিশির যেমন মিলায়…
পরেরদিন; ক্লাশের ফার্স্ট পিরিয়ডের আগে বাবুর সাথে যখন রুবেলের দেখা হলো, রুবেল বললো ‘জানো, আজকা আমি আলু ভাজি আর পরোটা আনছি’। বাবু শান্ত ভাবে শুনলো, কিছু বললো না, কিন্তু মনে মনে ভাবলোঃ এই আলুভাজি আর পরোটার প্রতি তারও অধিকার আছে, যেহেতু বাবুর মিষ্টি রুবেল খেয়েছে। রুবেল; ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পর সেকেন্ড পিরিয়ড শুরু হওয়ার আগে, বাবুর কাছে এসে কথাটা রিপিট করলো। এইবার বাবু; বোকা লোভী পাখির মতো ফাঁদে ধরা দিলো, বললো ‘আমারে একটু দিয়ো’। বাবুর এই ছোট্ট বাক্যটা, রুবেল ক্লাশের সবার কাছে বলে শেষ করে, বাবুকে বললো ‘মেডামের কাছে তোমার কথাডা কমু’। প্রথম বার বাবু যখন রুবেলের কথার কোনো উত্তর করে নাই, তারপরে বাবুর আফসোস হয়েছিল, আহা! সে তো চাইতে পারতো, পরোটা আর আলু ভাজি তার খুব প্রিয় তো! কিন্তু এখন ফুফুর নীতি কথা লঙ্ঘন করাতে উলটা আফসোস হচ্ছে—লম্বা চুলের মেডামের কানে একথা পৌছানো বাবুর কাছে দুঃস্বপ্নের সামিল; সে মিনতি করে বললো ‘প্লিজ মেডামরে কইয়ো না’। কয়েকজন; তাদের সহপাঠী করুণা নিয়ে ব্যপারটা লক্ষ্য করেছিল, তারাও মানা করলো, যাতে রুবেল মেডামকে কিছু না বলে; রুবেল কারো কথাই শুনবে না, তার সিদ্ধান্ত সরল ও অটল ‘আজকা মাইর খাইয়া লাও, আর কোনোদিন কইতাম না, কিন্তু আজকা মাইর খাইতেই হইবো’ রুবেলের ভাব, বিক্রির পর জিনিস-পত্র গুছিয়ে ফেলছে তেমন একজন ফেরীওলার মতো দেনা-পাওনা মুক্ত। মেডাম ক্লাশে ঢোকার পর যে স্বল্প সময়, ছেলে-মেয়েদের অভিযোগ শুনে ব্যয় করেন, তখন রুবেল ওঠে দাঁড়িয়ে সবিস্তারে ঘটনাটা পেশ করলো; ঘটনাটা অপরাধ হিসাবে গণ্য হওয়ার মতো কিছু না, কিন্তু এমন বেয়াড়া যে মেডামের অভিজাত মন স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানালো, একটি শব্দে—ছি! এই শব্দের লক্ষ্য কে ছিল—রুবেল না বাবু, নাকি পুরা ঘটনাটাকে তিনি নিন্দা জানিয়েছিলেন, এসব নিয়ে ভাবার বয়স বাবুর তখনো হয়নি; বাবু ভেবে নিয়েছে এই ‘ছি’ তাকেই উদ্দেশ্য করে—শব্দটা বহুদিন তার ভাবনায় চাবুক মেরেছে—তার সুন্দর কল্পনার পাশে সাপের মতো ফনা তোলে দাড়িয়েছে; অন্য একটা আতঙ্কও বাবুর মনে অনেকদিন বাসা বানিয়ে ছিল—মেডাম যদি ঘটনাটা ফুফুকে জানায়! এ’হলো বাবুর জীবনের প্রাথমিক অপরাধবোধের, অন্যতম একটি।
কমছেকম বছর খানেক পরে এসব ঘটবে। সপ্তাহ জুড়ে প্রসেনজিত অনুপস্থিত, এখনো বাবু ওর টিসি নিয়ে অপার বিদেশে চলে যাওয়ার খবর জানে না; আজ স্কুল ছুটির পর সে মেঘলা দিন মাথায় নিয়ে বাড়ি ফিরলো, বিষণ্ণ মেজাজে। কিছুই করার নেই , কেবল রাতের বেলা পড়তে বসা ছাড়া। বেলা এমনি গম্ভীর মেঘে আচ্ছন্ন হয়ে থাকবে, সে বাইরে কোথাও যেতে পারবে না। ঘরে; খাটের উপর বসে বসে ছবি আঁকতেও মনের সায় পাচ্ছে না—পরদিন এবং তার পরদিনের ভিতর উকি দিয়েও পাওয়া গেল না কোনো আনন্দময় ঘটনার ইশারা। ফলে তার এইসব বিষণ্ণ ভাবনাকে ফাঁকি দিয়ে একসময় সে ঘুমিয়ে পড়লো।
ঘুম ভাঙলো ভর স্বন্ধ্যায়; বিদ্যুৎ নেই, ঘরে তখনো বাতি জ্বালানো হয়নি। ঘুমের ফুরসত পেয়ে বাবু নিজের কাছ থেকে বহুদূরে চলে গিয়েছিল। এখন, এক পলকে এই ঘর-ঘরের আসবাব-অন্ধকার-আর নিজেকে, তার অনেক অচেনা লাগলো; বিদ্যুৎ চমকের মতো আঁকা-বাঁকা ক্ষিপ্র গতিতে মনের মেঘে বয়ে গেল একটা প্রশ্নঃ বাবু! বাবু! বলে যে সবাই, এই বাবুটা কে আসলে?
