জীবন হামলে পড়বে ধ্বংসস্তুপে
জীবন!
খুলে দিবে শৈশবের চোখ
আর বয়ে চলবে অবিরত।
জীবন।
শব্দের আড়ালে উচ্ছসিত জনপদ
চিড়ে ফেলে প্রেত-সন্ধ্যা
বপন হবে
বীজকথারা,
ফুটবে জীবন।
অবিমিশ্র জীবন!
এতোদিন যা প্রচ্ছন্ন ছিল
লোকথার স্থগিত জিনে,
এখন স্পর্শের সত্য
সংক্রমিত হবে
যৌথ জীবনের ময়দানে,
স্বপ্নের পর স্বপ্নের ঢেউ যেন
ভাসিয়ে রাখবে জীবনের নৌকা;
জীবনের–
যার কোনো পরকিয়া নেই।
যে ফিরে আসে নিজের ভিটায়
নিঃসংকোচ, পুনরাবৃত্ত আনন্দে;
যেখানে গন্ধরা স্থায়ি ও পরিচিত
ছায়া ও রোদ নিয়মিত
দিক ও দিশা নির্দিষ্ট।
যেখানে খুলির ভিতর মিটমিট করে তারা
কঙ্কালের ক্ষয়িষ্ণু প্রাসাদে জোনাকির লুকোচুরি;
বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে অনন্ত কিশোর
মায়ার বসন কেড়ে নিয়েছে
রাখালের হাত
উড়িয়ে দিয়েছে আকাশে, নীলে।
তারপর রোদ, যেন ঢেউয়ের মতো
ধাক্কা দিচ্ছে প্রতিটি বাড়িতে, সংলগ্ন
বাগানের ফুলে ও সবজিতে
মৃত শামুকের দেহ মাটির পরতের
নীচে চলে গেছে, সেই রৌদ্রকম্প আঘাতে;
উল্লাসে উপচে পড়ছে প্রাত্যহিক সুস্থির
জীবন!
জীবন, আয়হায়।
শেয়ালের মুখ থেকে শিহরিত মুরগির
রক্তে, যে জীবন কিলবিল করে
বেড়িয়ে পড়ে অপরিনামদর্শী মুক্তির প্রেমে।
ডিভাইস ও যন্ত্রের জ্যামিতি থেকে
মুক্ত হয়ে ফেটে বিদীর্ণ হয়ে যাওয়া
বাঙ্গির সুখের জীবন।
জীবন, আমাদের।
ধ্বংসস্তুপের উপর হামলে পড়া অপ্রতিরোধ্য…
