সম্ভাব্যতার সমস্ত উন্মাদ শর্ত পূরণ করে তুমি বাস্তব হয়েছ বিশ্ব.. এখন আমার সাথে থাকো নি:সঙ্গতা হয়ে…
কিছু অতি আন্তরিক প্রশ্ন একা কৃচ্ছ্রসাধন করে বেঁচে থাকে, মানুষের মনে। লজ্জার মতোই নাজুক দ্বিধায় ফুটতে পারে না উত্তরে, বা উত্তরের জন্য গতিশীল আলোতে যে সাবলীল অপেক্ষা, সেইরকম সামাজিক সক্ষমতা জোটাতে পারে না হয়তো; তারা অন্তরে হেট মৃণাল পদ্মকলি, চট করে মুখ তুলতে পারে না– ব্যস্ত মনের মনোযোগ পারে না কাড়তে, কতো নানা স্পষ্ট সমূহের ভীড়ে; অথচ উচ্চারিত কামনা ও সমস্যার মূলে এই সংকোচিত প্রশ্নের প্রবাহ যা প্রশ্নের আকারেও থাকে না, নিষিদ্ধ বনের মাঝে তপস্যারত স্পন্দন; তাদের আত্মসচেতন করে চৈতন্যের নক্ষত্রের মতো বিস্ফারিত হতে সাহায্য করে কে? কিছু অনুপ্রবেশকারী শব্দ! সেই রসাতল থেকেও ওরা তাদের যমজদের চিনে নেয়, নৃত্যের মুদ্রায় মুখ তুলে হেট মৃণাল পদ্মকলি, প্রস্ফুটিত হতে থাকে ভাতৃপ্রতীম বাক্য বিভায়; শুরু হয় হৃদয়ের সৎ আলাপ, মিলন-পূর্ব থরথর মুহূর্ত, উত্তরের ল্যাজে ধরে চোখের সামনে এনে পরখ করার ক্ষুধার্ত সন্ধান। কারুময় আনন্দের যাত্রা নিমিষে নিমিষে পাল্টে দেয় সত্যের পরিধি; সাহিত্য সেই বিনম্র ধর্ষকাম, দ্বিধার অঙ্কুর গুলোকেও গ্রাহ্য করে, অঙ্কুরের আগে বীজভূক্ত স্পন্দন সমূহও তার কামুক ঈক্ষণে পরিচয় পেতে আত্মপ্রকাশ করে বিকাশের ছন্দে।
