তোমাকেই ভাবতে হবে এমন কোন কথা নেই তবু ভাবতে হবে রোদ চড়ছে মাথার ওপর একটু মনোযোগ সরে গেলেই এই বদ্বীপের বিধ্বস্ত চেহারা চোখে পড়ে নিজের প্রাপ্তি খ্যাতি শিকেয় তুলে রেখে হাপিত্যেশ না আর কোন কথা নয় কোথায় চলেছি আমরা একে অপরের হাত ছেড়েছি অনেক আগেই মিথ্যে দিয়ে সাজিয়েছি জলসা অতঃপর দেখি সব একই ভাগাড়ে
তবুও ওই হন্যমান দিন শরীরের ঘামাচি আসন্ন শীতের দিনে কুয়াশবৃত তোমাকে টেনে হিঁচড়ে ন্যাংটো করে রাস্তায় নামানো লাগবে না একদিন দেখব তুমি নিজেই দিগম্বর ন্যাংটো পাগল সেজেছো
আত্মগ্লানি আত্মরতি আত্মপরাজয় আত্মাহুতি শেষে কবরস্থান শ্মশান দেহাবসান জন্ম জন্মান্তর খেলা রাষ্ট্র নামক অলীক বস্তু খুঁজিতেছি এক একটি অচল মুদ্রায় নিজের খোদিত নাম দেখে অবাক হতেছি তবুও তো নিজের নাম উৎকীর্ণ তবু তো নিজের ধাম এই বদ্বীপ দেখেছি
