এক সন্ধ্যায় ঢাকা শহরের একটি ব্যস্ত মহাসড়কে হঠাৎ বিকল হয়ে পড়া একটি সুপ্রভাত বাসের পেছনে ধাক্কা দেয় একটি চলন্ত তুরাগ বাস। তবে ধাক্কাটি খুব একটা জোরালো ছিল না কারণ তুরাগ বাসের চালক খুব দ্রুত ব্রেক কষতে সক্ষম হয়। অন্যথা একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। যাহোক, এই ধাক্কার ফলে উভয় বাসেই কম বেশী ঝাকুনি লাগে এবং উভয় বাসেরই কিছু কিছু যাত্রী সামান্য আঘাত পায়। তবে সুপ্রভাত বাসের পেছনের দিকের এবং তুরাগ বাসের সামনের দিকের যাত্রীরা বাকীদের তুলনায় একটু বেশীই আঘাত পায়।
ধাক্কা লাগার সাথে সাথেই উভয় বাসের যাত্রীরাই চিৎকার-চেঁচামেচি শুরু করে। প্রথমদিকে দুই পক্ষই দুর্ঘটনাটির জন্য তুরাগ বাসের চালককে দায়ী করে। তবে তুরাগ বাসের যাত্রীরা তাদের চালকের কাছ থেকে জানতে পারে যে সুপ্রভাত বাসটি রাস্তার মধ্যে হঠাৎ থেমে যাওয়ার ফলেই ধাক্কাটি লাগে। ব্যস্ত রাস্তার মাঝখানে একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেলে অন্য বাসের ধাক্কা তো লাগবেই। এখানে তুরাগ বাস চালকের কোন দোষ নেই, বরঙ্চ সে সঠিক সময়ে খুব দ্রুত ব্রেক কষতে সক্ষম হয়েছিল বলেই বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তুরাগ বাসের যাত্রীরা তাই এখন সুপ্রভাত বাস চালকের ঘাড়েই দোষ চাপাতে শুরু করে।
ওদিকে সুপ্রভাত বাসের যাত্রীরা এখনও তুরাগ বাসের চালককে দোষারোপ করতে থাকে— তাদের কথা হল ঐ তুরাগ বাসের চালক সময়মতো ব্রেক কষতে পারেনি বলেই এই ধাক্কাটা লেগেছে। রাস্তার মাঝখানে বাস বিকল হয়ে যেতেই পারে। এতে চালকের কোন দোষ নেই; সে তো আর ইচ্ছাকৃত ভাবে রাস্তার মাঝখানে বাস থামায়নি। যাহোক, সুপ্রভাত বাসের একটু বেশী আহত যাত্রীরা অন্যদের চেয়ে বেশি ক্ষুব্ধ হয়ে উঠে বাস থেকে নেমে পড়ে।
তুরাগ বাসটি সুপ্রভাত বাসকে পেছনে ফেলে এগিয়ে গেলে যাত্রীরা দেখতে পায় যে সুপ্রভাত বাসের কয়েকজন যাত্রী গালিগালাজ করতে করতে তাদের বাসের পিছু পিছু আসছে।
এই দৃশ্য দেখে তুরাগ বাসের যাত্রীরাও বিশেষ করে বেশী আহতরা ক্ষিপ্ত হয়ে পাল্টা গালিগালাজ আরম্ভ করে। তারা নিজেদের বাসের চালককে উদ্দেশ্য করে বলে, “উস্তাদ বাস থামান, তাড়াতাড়ি বাস থামান। ওদের এত্ত বড় সাহস আমাদের বাসের দিকে তেড়ে আসে। আজকে ওদের বাপের নাম ভুলিয়ে দেব। থামান বলছি, এখনই বাস থামান।”
ওদিকে সুপ্রভাত বাসের রাগান্বিত যাত্রীরা “এই ধর, এই ধর”, বলতে বলতে চলন্ত বাসে উঠে পড়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে তুরাগ বাসের চালক বাস থামাতে বাধ্য হয়। আর সাথে সাথেই সুপ্রভাত বাসের যাত্রীরা হুড়মুড় করে তুরাগ বাসে উঠে পড়ে। আর যায় কোথায়, দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল হাতাহাতি। কিছুক্ষণ কিল-ঘুষি চলার পর সংখ্যায় ভারী তুরাগ বাসের যাত্রীরা নিজেদের বাস থেকে সুপ্রভাত বাসের যাত্রীদেরকে জোর করে নামিয়ে দিয়ে নিজেরাও নেমে আসে। পিচ ঢালা রাস্তার উপরেও দুই পক্ষের মধ্যে মারামারি চলতে থাকে।
সুপ্রভাত বাসের ভেতরে থাকা অন্য যাত্রীরা বাসের জানালা দিয়ে এই মারামারির দৃশ্য দেখার সাথে সাথেই, “ওদের এত বড় সাহস আমাদের বাসের যাত্রীদের গায়ে হাত তোলে। আজকে ওদের বারটা বাজিয়ে দেব”, বলতে বলতে ঘটনাস্থলে ছুটে আসে এবং মারামারিতে যোগ দেয়। ওদিকে তুরাগ বাসের ভেতরে থাকা অবশিষ্ট যাত্রীরাও তাদের সহযাত্রীদের পক্ষ নিয়ে বাস থেকে নেমে আসে। দুই দল সংখ্যায় ভারী হয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুই দঙ্গল মারামারি করতে করতে কিছুক্ষণের মধ্যেই একে অপরের ভেতরে ঢুকে পড়ে এবং পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে যায়।
যাত্রী পরিচয়:
সেনাবাহিনীর মত উইনিফর্ম পরিহিত না থাকায় মারামারিরত দুই বাসের যাত্রীদের পক্ষে অধিকাংশ ক্ষেত্রেই কে কোন বাসের যাত্রী তা নিশ্চিতভাবে বুঝে উঠা বেশ জটিল, দুষ্কর, ঝামেলাপূর্ণ এবং প্যাঁচানো হয়ে উঠে।
নিজেদের বাসের যাত্রী
পাশের সিটে বসেছিল বা পাশেই দাঁড়িয়ে ছিল এমন কাউকে কেউ কেউ হয়ত নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পারে।
ঠিক তেমনিভাবে বাসের ভেতর হট্টগোলের সময় দেখেছে বা “ভাই, তাড়াতাড়ি নামেন, আজকে ওদের একটা উচিত শিক্ষা দিয়ে দেব” এমন ধরনের কোন কথা হয়েছে বা হুড়োহুড়ি করতে করতে একসাথে বাস থেকে নেমেছে এবং একসাথে মারামারিতে যোগ দিয়েছে এমন কাউকে কেউ কেউ নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পারে।
কেউ কেউ আবার “ধর ধর” বলে একসাথে চলন্ত বাসে উঠার চেষ্টা করেছে এবং বাসের ভেতরে উঠে পাশাপাশি দাঁড়িয়ে সেই বাসের যাত্রীদের সাথে মারামারি করেছে এমন কাউকে নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পারে।
কেউ কেউ আবার নিজেদের বাসের ভেতর পাশাপাশি দাঁড়িয়ে অন্য বাসের যাত্রীদের সাথে মারামারি করেছে এবং একপর্যায়ে তাদেরকে বাস থেকে নামিয়ে দিয়ে নিজেরাও একসাথে নেমে এসেছে এমন কাউকে নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পারে।
কেউ কেউ আবার দুই দঙ্গল পরস্পরের সাথে সংমিশ্রিত হওয়ার আগে পাশাপাশি দাঁড়িয়ে অন্য বাসের যাত্রীদের সাথে মারামারি করেছে এমন কাউকে নিজেদের যাত্রী বলে সুনির্দিষ্টভাবে চিনতে পারে।
আবার কেউ কেউ হয়ত বাসের ভেতর আলো-আধারির মধ্যে বেশ দূর থেকে আবছাভাবে দেখেছে বা আসলে দেখেনি তবে দেখেছে বলে মনে হচ্ছে এমন কাউকে নিজেদের বাসের যাত্রী মনে করে।
অপর বাসের যাত্রী
কেউ কেউ নিজেদের বাসের মধ্যে দেখেনি এমন কাউকে অপর বাসের যাত্রী মনে করে তবে তারা হয়ত সহযাত্রী। এদের মধ্যে একজন হয়ত বাসের সামনে ছিল আর অন্যজন ছিল বাসের বেশ পেছনে ফলে কেউ কাউকে দেখেনি বা একজন হয়ত দূর থেকে আবছাভাবে দেখেছে তবে অন্যজন দেখেনি।
কেউ কেউ আবার বাসের ভেতরে বা পিচঢালা রাস্তার মধ্যে দুই দঙ্গল পরস্পরের সাথে মিশে যাওয়ার আগে মুখোমুখি দাঁড়িয়ে সংঘর্ষ করেছে এমন কাউকে অপর বাসের যাত্রী বলে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে।
কেউ কেউ আবার কারো কারো যাত্রী পরিচয়ের ব্যপারে বেশ ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। নিজেদের বাসের যাত্রী নাকি অপর বাসের যাত্রী- এই দুইয়ের মাঝে টানাপোড়েনের মধ্যে পড়ে যায়। এই মনে হয় সহযাত্রী আবার মনে হয় অপর বাসের যাত্রী। এই মনে হয় নিজেদের বাসের ভেতর দেখেছে আবার মনে হয় দেখেনি। একবার মনে হয় বাসের ভেতরে সামনাসামনি দাঁড়িয়ে মারামারি করার সময় অপর পক্ষের মধ্যে দেখেছে আবার মনে হয় দেখেনি। এই ধোয়াশা ধীরে ধীরে পুঞ্জীভূত হয়। যতই তারা এই ধোঁয়াশা ভেদ করার চেষ্টা করে ততই তারা এর ভেতরে নিমজ্জিত হতে থাকে।
এলোপাথারি মারামারি শুরু
একজন হয়ত অপরজনকে নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পেরেছে, তবে অপরজন হয়ত ঐ একজনকে অপর বাসের যাত্রী হিসেবে চিহ্নিত করে মুখের মধ্যে দশাসই একটা ঘুষি মেরে দিয়েছে। তো একজন ঘুষি খেয়ে ক্রোধান্বিত হয়ে উঠে নিজেদের বাসের যাত্রী হিসেবে চিনতে পারা সত্ত্বেও অপরজনকে পাল্টা আরেকটা ঘুষি মেরে দিয়েছে। এবং পরস্পরের মধ্যে ঘুষি বিনিময় শুরু হয়ে গিয়েছে।
তবে কিছু কিছু ক্ষেত্রে ঠিক একই রকম পরিস্থিতিতে একজন প্রথমে ঘুষি খেয়ে বলছে, “আরে ভাই আপনি আমাকে মারছেন কেন, আমরা তো দুইজনই একই বাসের যাত্রী।” কিছু কিছু ক্ষেত্রে এই কথা শোনার পর অপরজন নিজের ভুল বুঝতে পারে এবং দুঃখ প্রকাশ করে, “সরি ভাই ভীড়ের মধ্যে বুঝতে পারি নি। আমি ভেবেছি আপনি অন্য বাসের যাত্রী।” এই দুইজনের আলাপচারিতার মাঝেই দুজনেই হয়ত দুই-দিক দিয়ে দুইটা ঘুষি খেয়ে বসে।
অথবা শুধুমাত্র একজন একটা ঘুষি খেয়ে বসে। এবং ঘুষি খাওয়ার সাথে সাথেই তারা হয় ঘুষি দাতাকে পাল্টা ঘুষি মারে বা এরকম আলাপচারিতা আরম্ভ করে। এই আলাপচারিতাও হয়ত আবার অপরজনের ঘুষির আঘাতে বিঘ্নিত হয়।
এক পর্যায়ে এরা বুঝতে পারে যে এরকম আলাপচারিতা শুধু শুধু তাদের ঘুষি খাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। ফলে একজন ঘুষি খাওয়ার সাথে সাথেই অপর জনকে নিজেদের বাসের যাত্রী বলে চিনতে পারা সত্ত্বেও বা কোন বাসের যাত্রী এইটা নিয়ে সন্দেহের মধ্যে থাকা সত্ত্বেও আর কেউ কোন ধরনের আলাপচারিতায় নিমগ্ন হওয়ার ফাঁদে পা না দিয়ে পাল্টা ঘুষি মেরে বসে।
আবার কোন কোন ক্ষেত্রে, “আরে ভাই আপনি আমাকে মারছেন কেন, আমরা তো দুইজনই একই বাসের যাত্রী।” এই কথা শোনার পরও অপরজন ঐ একজনকে অপর বাসের যাত্রীই মনে করে। অপরজন মনে ভাবে ঐ একজন হয়ত নিজেকে রক্ষা করতে মিথ্যা কথা বলছে এবং “আরে না, তুই তো অন্য বাসের যাত্রী” এই বলে আরেকটা ঘুষি মারে। তখন ঐ একজন অপরজনকে নিজেদের যাত্রী বলে চিনতে পারা সত্ত্বেও পাল্টা ঘুষি মারে। এবং এর পর থেকে নিজেদের যাত্রী বলে চিনতে পারা কারো নিকট থেকে ঘুষি খাওয়ার পর কোন ধরনের কালক্ষেপন না করে পাল্টা ঘুষি মেরে বসে।
একজন যখন অপরজনের যাত্রী পরিচয়ের ব্যাপারে সংশয়ের মধ্যে পড়ে যায় এবং অপরজনের যাত্রী পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার স্বল্পমেয়াদী স্মৃতি হাতড়াতে থাকে তখন সে হয়ত সেই ঐ অপরজনের নিকট থেকে বা অন্য একজনের নিকট থেকে আচম্বিতে ঘুষি খেয়ে বসে। যার ফলে অপরজনের যাত্রী পরিচয় নিয়ে সংশয়ের মধ্যে পড়া যাত্রী শীঘ্রই বুঝতে পারে যে এরকম সংশয়ের মধ্যে পড়ে কালক্ষেপন করা তাদের ঘুষি খাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে শুধু, আর কিছু নয়। যার ফলে তারা কারো যাত্রী পরিচয় নিয়ে সংশয়ের উদ্রেক হলেও তার যাত্রী পরিচয় বের করা নিয়ে চিন্তা-ভাবনায় সময়ক্ষপেন না করে ঘুষি মেরে দেয়।
অপরদিকে পরস্পরকে অপর বাসের যাত্রী হিসেবে চিহ্নিত করা যাত্রীরা ঘুষি-দুরত্বে আসার সাথে সাথেই ঘুষি বিনিময় শুরু করে।
অল্প সময়ের মধ্যেই সকলেই বুঝতে পারে যে এখানে নিজেকে বাঁচাতে অপরকে আঘাত করা ছাড়া আর কোন উপায় নেই। এখানে সকলেই সকলের বিরুদ্ধে একা, আলাদা, নিঃসঙ্গ, ভিন্ন, বিচ্ছিন্ন ও আগ্রাসী হয়ে গেছে।এখানে সকলেই সকলকে আলাদা আলাদা ভাবে একাকী আঘাত করতে থাকে অর্থাৎ এরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে একাকী আঘাতের শিকার হতে থাকে।
এই দঙ্গলের ভেতরে দুর্বল প্রকৃতির একজন হয়ত অনেকজনের হাতে মার খেয়ে আর সহ্য করতে না পেরে দঙ্গল থেকে পালাতে গিয়ে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী বাসের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। বাসের সাথে লোকটির ধাক্কা লাগার শব্দ শুনে পুরো দঙ্গল নিজেদের ভেতর মারামারি থামিয়ে দেয়।
দঙ্গল থেকে বেশ কয়েকজন লোক ছুটে যায় ঘাতক বাসটিকে আটকাতে। আর বাকীরা ছুটে আসে বাসের ধাক্কায় আহত ব্যাক্তিটির কাছে। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিটির সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ আগেও একে অপরকে পেটাতে থাকা লোকজনদের চোখে আহত ব্যক্তিটির জন্য জল চলে আসে এবং গলাও ধরে আসে। সকলেই আহত ব্যাক্তিটিকে ঘিরে গোলাকারে দাঁড়িয়ে যায় এবং সহানুভূতিমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এমনকি কয়েকজন তাদের বুকও চাপড়াতে থাকে।
একজন আহত ব্যাক্তিটির মাথা কোলে নিয়ে রাস্তায় বসে পড়ে। অন্যরা মাথা নুইয়ে আহত ব্যক্তিটির দিকে তাকিয়ে নানা ধরনের সহানুভূতিসূচক শব্দ করতে থাকে।
দঙ্গলের কয়েকজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে হাতের ইশারায় একটা প্রাইভেট কার থামায়। কয়েকজন লোক ধরাধরি করে আহত ব্যাক্তিকে গাড়িতে তোলে এবং পেছনের সিটে চিত করে শুইয়ে দেয়। আহত ব্যাক্তিটির সাথে গাড়িতে তিনজন লোক উঠে। একজন আহত ব্যক্তিটির মাথা কোলে নিয়ে বসে আর আরেকজন বসে পায়ের কাছে। তৃতীয়জন ড্রাইভারের পাশের সিটে বসে ড্রাইভারকে ঢাকা মেডিক্যালের কলেজ হাসপাতালের দিকে যেতে নির্দেশ দেয়।
প্রাইভেটকারটি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করার সাথে সাথেই আহত ব্যক্তিটির জন্য চোখের পানি ফেলতে থাকা লোকজন এবার ঘাতক বাস ও তার চালকটির প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। তারা রাস্তার পাশ থেকে ইট ও কাঠ তুলে নিয়ে বাসের জানালার কাচ ও উইন্ডশিল্ড ভাঙতে শুরু করে। এবং চালকের উদ্দেশ্যে চিৎকার করে গালিগালাজ করতে থাকে।
এতেই বাসের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসে এবং চিৎকার করে তাদের দিকে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে, আবারও এক নতুন দাঙ্গা শুরু হয়ে যায়।
