একটি অপসারণযোগ্য ভূমিকা
“তাহলে তুমি ভাবতেছো, তোমার গল্পটা বলতে পারবে?”
“ জানি না। আমি তো টের পাইনা কোনো গল্প!”
“সেজন্য আচড়াচ্ছ?”
“ক্রন্ধন ভিতরে চলে গেছে এতো! প্রায়ই কানের ময়লা যেমন ঢুকে যায়, কর্ণ-কুহরের আরো ভিতরে—কটনবার বা সেফটি পিনের আঁকশি দিয়ে বের করে আনতে গেলে। শরীরে কেবল একটা অস্বস্তি থেকে যায়, কানের বাবদে।”
“অপেক্ষা করো; একটু তেল দাও। ভুলে থাকো।”
“উপদেশ দিয়ো না। তুমি কখনো তামাক খাইছ?”
“গাঞ্জা?”
“হ্যা। সম্মান দিয়ে কথা বলো। সেবার সময়, তাঁর প্রতি বিদ্বেষভাব রাখতে নেই। সে নৈর্ব্যক্তিক—তার প্রতিশোধও”।
“গাঞ্জাকে গাঞ্জা বলাতে তোমার মনে হলো, আমি তার প্রতি বিদ্বেষপরায়ণ? কেবল তারে বোরকা পরিয়ে উচ্চারণ করিনি বলে? তুমি একটা কিম্ভূত মানুষ, জানো সেটা?”
“হতে পারি আমি কিম্ভূত। কিন্তু তামাক দ্রব্যটাকে আমি সমীহ করি”।
“তা তো করবেই। আশেপাশের সবকিছুকে নিজের থেকে বড় মনে করার যে কুৎসিত স্বভাব তোমার! আদিম গোষ্ঠীমানবদের মতো লক্ষ রকমের মানা মেনে মেনে কী ডরে ডরে যে বাঁচো তুমি! সেটা আমি জানি। হুহহু! মজার একটা চিত্রকল্প মাথায় আসলো—তোমার ভাবনারা বকের মত, তেরেকাটা ঢঙ্গে ঠ্যাং ফেলে ফেলে হাটছে—যেই বকটা কিনা কাঁকড়াবিছার সাথে সাথে মাছকেও ভয় পায়। কী খেয়ে বাঁচবে তুমি ঊনমানুষ? অথচ বিদ্বেষ খুঁজে পাচ্ছ, আমার মনে! আর তোমার মনে?—বেগতিক অহিংসা। তাই না।”
“যতো খুশি অপমান করো আমাকে। কিন্তু এটা আমার সরল অভিজ্ঞতা, দ্রব্যটা আবিল মনকে যন্ত্রণা দিতে পারে। আশেপাশের মানুষ, বিশেষ করে যাদের সাথে বসে তামাক নিচ্ছ তাদের প্রতি; আর যা নিচ্ছ, সেটার প্রতি শ্রদ্ধা না থাকলে, তামাক সেই শ্রদ্ধাহীন মনকে নিপীড়ন করে।”
“বাঁশের ডগায় পুটকিও আগায়ে দিবা, তারপর ব্যথা পেলে ঘুড়ে আবার বাঁশকেই দায়ি করবা—এই লেভেলের বকচুদ না হলেই না? ভয় থেকেই যে বিদ্বেষের জন্ম, এইটা তুমি জানো না? না; আমি ভয়কে দূর করবো না! ভয়ের সাথে পর্দা করবো, এরপর অন্যদেরও পর্দা করতে উপদেশ দিবো। গাঞ্জা সেবনকে একটা রিলিজিয়ন না বানানো পর্যন্ত তোমার আর শান্তি কোথায়?”
“জানি। আমি তোমার মতো ডেসপারেট না। আমার মনে অনেক কলুষ—ঘাপটি মেরে বসে আছে প্রচুর নেতি, তমসা—ছদ্মবেশী হিংসা—শিরায় শিরায় মধু-কৈটভের বিচরণ। আমি এমনই। তাই বডিগার্ড হিসাবে ভয় থাকুক। এরে তাড়াতে গেলে অস্তিত্বের শিকড়ে টান পড়ে। অস্তিত্বের খোল-নলচে বদলে দিবে এমন এডভেঞ্চারের ধকল সইতে পারবো না আমি। একটা গড়—সাধারণ জীবন যাপন করতে পারলেই আমার চলবে। কোনোকিছুকে আমূল বদলাতে চাই না আর; যে রুপান্তর-প্রক্রিয়া পরমাপ্রকৃতি ঘটিয়ে চলেছে তাঁর প্রতি ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আমি বিরত থাকতে চাই; ব্যাস।”
“তার মানে, প্রকৃতি যখন ভয়কে সামনে আনে সেটার মোকাবেলা করতে চাও?”
“না। যতোদূর সম্ভব এড়িয়ে থাকতে চাই।”
“আচ্ছা। ষষ্ঠাঙ্গ প্রণামের অর্থ দাঁড়ালো অবিরাম পলায়ন করা; তাই না?”
“না। যতোক্ষণ পর্যন্ত না ফেইস করতে প্রস্তুত হচ্ছি ততোক্ষণ পর্যন্ত প্রচলিত প্রতিরোধ জারি রাখা; সে নিজেই যখন প্রতিরোধ ভেঙ্গে আমার জীবন প্রক্রিয়ায় চলে আসবে তখন যেন তারে ভয় না লাগে, এই হলো ষষ্ঠাঙ্গ প্রণামের নিবেদন।”
“তুমি ভীতু এই কারণে অলস নাকি অলস, এই কারণে ভীতু? যাই হোক, আমি কখনো গাঁজা খেয়েছি কিনা কেন জিজ্ঞেস করছিলে?”
“তামাক নিলে, আমার নাকের সর্দি- কানের ময়লা- মাজার ব্যথা- ঘাড়ের অলসতা এইসব ছোট-খাটো অসুবিধাগুলিকে অসহ্য লাগে; শরীর তখন এই ব্যাড়ামগুলোকে খেদিয়ে দিতে চায়, কিন্তু শারীরিক অস্বস্তিগুলির মাত্রান্তর হতে থাকে তীক্ষ্ণ সূক্ষ্মতায়। আমার গল্পটাও তেমনি একটা ব্যামোর মতো শরীরের অস্পৃশ্য অঞ্চলের দিকে যাত্রা করে বেরহম অজ্ঞাতবাসে, যখনি তাকে রিলিজ করার জন্য জড়ো করতে চাই; শরীর, ঐ অসুবিধাগুলির মতো গল্পটাকেও ঝেড়ে ফেলতে চায়। পেরে উঠে না, ওদের সাথে গেরিলা যুদ্ধে—শরীরের তখন পালপিটিশান শুরু হয়। গল্পটা খালাস করতে পারবো কিনা কে জানে?”
“তবু তারা—জল-ডাঙ্গার ভ্রমণকারীরা, গল্পটা শুরু করে দিয়েছিল। তুমি সেখানে যথেষ্ট যোগদান করেছিলে?”
“বোধহয় না।”
“তাহলে সেই অনৈক্যের ক্যাকটাসই তোমার নিজের গল্পের দেহ? দ্বিধাগ্রস্থ নেতির বিবরণ ছাড়া অন্যকিছু কেউ আশা করতে পারে না, এই গল্পে।”
“তুমি কি এখনি চলে যাচ্ছ নাকি?”
“আরে। এটাও তোমাকে নতুন করে বলতে হবে, যে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না! আমি তোমার নাকের ময়লা, কানের ময়লা, মাজার ব্যথা বা খালাস করতে হবে, এমন কোনো গল্প নই। আমি কে, এটা জিজ্ঞেস করে আবার নিজের চূড়ান্ত মূর্খতার ঘোষণা দেয়ার দরকার নেই তোমার।
বরং, শুরু করা যাক……”
১
গ্রাম বাংলার কুন্তী প্রকৃতির ফিল নিতে শহরের লোকেরা মাঝে মধ্যে এরকম ট্যুর দেয়; অসিতের মত লোকাল কেউ থাকলে তখন বেশ সুবিধা হয়, যদিও গাইড হিসাবে সে তেমন কাজের না। ঋষিপট্টির ভেতর দিয়ে আসার সময়, কোনফাকে যে মারুফ ভাই এক লিটার বাংলা মদ ম্যানেজ করে ফেললো বাকিরা সেটা টের পেলো না; সামনের দলে ওরা চারজন নৌকাঘাটে এসে ভাবছিল, বাকি তিনজন কোথায় হারালো? অসিতের কৌতূহল কম, তাই নৌকার ছাদে যখন রিভিল হলো হাফ লিটারের পানির বোতলে পানির মতোই স্বচ্ছ, পানি নয় মদ সাথে যাচ্ছে তখন এই মদ এখান থেকেও জোগাড় করা যেতে পারে এই সম্ভাবনা তার মাথায় আসেনি; সে ভেবেছে মারুফভাইরা ঢাকা থেকে সঙ্গে করে যা নিয়ে এসেছিল, এই দুই বোতল মদ বুঝি তারই অবশেষ; তার জানার কথা না, তবে একটু ভাবলেই বুঝতে পারতো—তারেক, মাসুদ ও মুরাদের উল্লসিত আশ্চর্য দেখে, যে গত রাতেই ওরা মদের শেষ বিন্দুটা পর্যন্ত নিঃশেষ করে ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ডাকবাংলোতে; তখন অসিত ও কবি নিজ নিজ বাড়িতে ছিল, সম্পাদক ছিলেন বোনের বাসায়।
অসিত মারুফ ভাইদের আয়োজিত মুভি দেখানোর প্রোগ্রামে যায়নি—নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর এক্টিভিজম নিয়ে বরাবরই তার অনীহা আছে; এই অনীহা এতোটাই দৃঢ়মূল যে তা নিয়ে নিজের পক্ষে যুক্তি দাড় করাতেও তার ক্লান্তি লাগে।
অদ্বৈত মল্লবর্মনের মালো পাড়ায় বসে “তিতাস একটি নদীর নাম” মুভিটি দেখার বা মুভিটি যাদেরকে দেখানোর জন্য ওরা রাজধানীর অত্যন্ত ব্যস্ত জীবন থেকে শিডিউল ম্যাচ করে এই ইভেন্টের প্ল্যান করেছে, মুভি দেখে অদ্বৈত বাবুর সেই ‘দরিদ্র জ্ঞাতি’দের প্রতিক্রিয়া কী হয় তা পর্যবেক্ষণ করার ঔপনিবেশিক উদ্যমের সাথে সে একাত্ম বোধ করে না; শৈশব থেকেই দেখে আসতেছে , কৃষক-জেলে বা উৎপাদক শ্রেণির লোকজনের নিজেদের জীবনকে পর্দায় দেখার আগ্রহ নেই—এটা তাদের না কোনো প্রত্যক্ষ উপকারে লাগে, না তাদের বিনোদিত করে; বা আরো মৌলিক জিজ্ঞাসাঃ এইসব ‘মহান শিল্পকীর্তি’ কি সত্যই তাদের জীবনের সাথে যোগাযোগ করতে সক্ষম—এই শিল্পের বিষয় তারা বটে কিন্তু এই শিল্প কি তাদের জন্য? এই প্রশ্নগুলো মারুফ ভাইকে আগেই করেছে সে—তাদের উদ্যোগের বিরোধিতা করার জন্য নয়, এসব ব্যাপারে তার অনাগ্রহ যে ভ্যালিড তা নিয়ে তর্ক উপস্থাপনের ভঙ্গিতেও নয়, সে শুধু চেয়েছে মারুফ ভাই যেন তার মনোভাব সম্পর্কে অবহিত থাকে—যেটা তাদের বন্ধুত্বের শর্তহীনতা, উদযাপনের অংশ।
তিনি অবশ্য এব্যাপারে অসিতের সাথে একমত যে তিতাস একটি নদীর নাম উপন্যাস বা মুভি কোনোটাই দরিদ্র মালোদের জীবনের রুপান্তরে ভূমিকা রাখেনা; যদি রাখতোও, তবু তিনি অসিতের এক্টিভিজম বিরোধী মনোভাবের সামনে কোনো নৈতিক সংকট পেশ করতেন না; অসিতের প্রশ্নগুলোকেও পূর্ব-প্রস্তুত উত্তরমালা দিয়ে রদ করে দিতে চান না তিনি, বরং তার অর্ধচেতন প্রশ্নগুলো তাদের ডিম্বানু অবধি পৌছানোর জন্য যেন বারবার সম্পাদিত হতে পারে সেজন্য যত্নশীল সজীব গহন সৃষ্টি করেন; কারণ বিপ্লব তার কাছে জীবন-বিরোধী মিশন নয়, বাগান করার মতো নিমগ্ন নান্দনিক প্রক্রিয়া, যাতে অসিতের সশস্ত্র অথচ বর্মহীন প্রশ্নগুলো নির্ভয়ে ফুটতে পারতো—অদ্বৈত মল্লবর্মণ কি আদতেই মালোদের একজন ছিলেন? তাহলে নিজ সম্প্রদায়ের জন্য জগত থেকে কী আদায় করে আনছেন তিনি—গালভরা করুণা? নৃতাত্ত্বিক কৌতূহল? এসব মালোদের কী কাজে লাগবে—তাদের বৈষয়িক ও আধ্যাত্মিক উন্নতিতে?
যদিও জাজ করা অসিতের উদ্দেশ্য ছিল না, তবু মারুফ ভাইর সাথে কথা বলতে বলতে নিজের ভাবনার জালে জড়িয়ে নিজেকে আবিস্কার করলো একজন অলস জাজমেন্টাল মানুষ হিসাবে। মারুফ ভাই জানতেন, এই আক্রমণ মূলত অদ্বৈত মল্লর প্রতি নয়, আসলে তাকে কেন্দ্র করে যে ছবি দেখানোর কার্যক্রম, অসিত সেটার নিস্ফলতা কল্পনা করে বিরক্ত এবং এটাকে একটা মিনিংফুল সাংস্কৃতিক লড়াই হিসাবে মানতে নারাজ; তাই তিনি এই আয়োজনের উদ্দেশ্যেকে মাসুম ভাবে উপস্থাপন করলেন “হয়তো কোনো কাজে লাগবে না তাদের, তবু অদ্বৈতবাবুর স্মৃতিতে কিছু করা, অন্তত তাদের (ওরা যারা চিনেই না, অদ্বৈত মল্লবর্মণ কে?) জানানো—তোমাদের ভিতর থেকেই একজন, অদ্বৈত মালো এই পার্থিব জগতে এমন কীর্তি রেখে গেছেন যার জন্য আমরা এসেছি সেটা তোমাদের সাথে উদযাপন করতে, তাঁর জন্মদিনে।” সাথে সূক্ষ্মভাবে নিজের যুক্তিও কিছু যোগ করে দিয়েছিলেন, “কারণ আমরা অদ্বৈত মল্লবর্মণকে ভালোবাসি। তার উপন্যাসের মালো পাড়াকে ভালোবাসি। তাছাড়া আমি বিশ্বাস করি না যে, শ্রমজীবী মানুষ নিজের জীবনের গল্প দেখতে বা শুনতে চায় না। শুধু দেখার-পড়ার সেই পরিবেশটা নির্মাণ করে দিতে হয়। অদ্বৈত মালো, তাদের একজন কিনা এটা তারা নিজেরাই নির্ধারণ করুক? তার জন্যও তো তার কাজ সম্পর্কে ওদের জানতে হবে; আর এইভাবেও তো দেখা যায়, যে আমরা মালোদের সাথে বসে তিতাস একটি নদীর নাম সিনেমাটি দেখতে চাই—এটা একটা নির্দোষ ইচ্ছা। এর পিছনে কোনো ধান্দা নেই”।
ধান্দা শব্দটা অসিতকে কষ্ট দিয়েছে; সে তার অনিচ্ছুক মনের জাজমেন্টগুলোর জন্য লজ্জিত হলো; তারা মালো পাড়ায় “তিতাস একটি নদীর নাম” মুভিটি দেখাতে চাইলে তার অসুবিধা কী? তাকে সেখানে উপস্থিত থাকতে হবে এমন কোনো বাধ্যতাবাধকতা নেই; তার কাছ থেকে মাঠ-কর্মী সুলভ সক্রিয়তা কেউ আশাও করে না, বরং এই উছিলায় মারুফ ভাইরা ঢাকার বাইরে সময় কাটানোর সুযোগ পাচ্ছে—মদ, মস্তি, আড্ডায় ভেজা একটা ডানপিটে রাত কাটিয়েছে—অসিতদের এলাকায় বেড়াতে এসেছে—আর সবাই মিলে এই জল-ডাঙ্গার উদ্দেশ্যে অপরিকল্পিত নৌকাযাত্রা, শরতের দিব্য দুপুরে! আগে থেকে ঠিক না করা ছোট্ট ট্যুরটির অংশ হতে পেরে অসিতের তো ভালোই লাগছে; তাদের এক্টিভিজিমের অলীক বিরোধিতার চেয়ে একসাথে সময় কাটানো বেশি লাভজনক।
“ভাই, আপনাকে গুরু মানছি। এখানে এসেও আপনি ম্যানেজ করে ফেললেন? আমরা ভাবতেছিলাম, আপনাদের এতো দেরী হচ্ছে কেন। আপনি যে পানির সন্ধানে গেছেন আমরা কেউ কল্পনাই করিনি।” তারেক সশ্রদ্ধ বিস্ময়ে মারুফ ভাইকে বললো।
“আরে মজার কাণ্ড কি হইছে শুনেন না! ভদ্রলোক বারান্দায় বসে আছে, আমি গিয়ে প্রথমে সুন্দর করে নমস্কার করলাম, উনিও নমস্কার করলেন; তারপর একটু ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কাকা এইখানে বাংলা কই পামু দয়া কইরা আমাদের দেখায়ে দেন। ওমা! ওই লোক আমার পায়ে ধরতে আসে; বলে, ভাই মাফ করেন আমরা এখন আর এইসব বানাই না, বেচিও না। আমরা এসবের মধ্যে নাই। আমি তারে বুঝাইতেই পারতেছি না, যে আমি আসলেই কিনতে আসছি। বুঝাইতে গেলেই পায়ে পড়তে চায়, পরে অনেক কষ্টে তারে শান্ত করে বুঝাইলাম, আমরা পুলিশের লোক না; কিনতেই আসছি। তারপরও দিতে চায় না। তখন পানির বোতলটা আগায়ে দিয়া কইলাম, এইটা ভইরা দিলেই চলবো। পরে দিলো। আমি প্রথমে ভয় পাইতেছিলাম, আমাদের না আবার ধইরা মাইর দেয় কি দৌড়ানি দেয়! কিন্তু হে নিজেই ভয়ে মইরা যাইতাছে। যাক, শেষপর্যন্ত যোগাড় হইলো।”
মদ সংগ্রহের ইতিকথা শুনতে শুনতে সবাই দুই ঢোক করে গলায় ঢালল; কবি আর সম্পাদক বাদে। তারেক বললো “কবিরে দিবেন না?”
মাসুদ বললো “কবি গতকাল আমাদের সাথে না থেকে বাড়ি চলে গেলেন কেন? শাস্তিস্বরুপ উনি বিশুদ্ধ পানি খাবেন।”
বয়োবৃদ্ধ কবি, উত্তরে বললেন “আমি ভাত পচা পানি হাওনের লিগা অস্থির হইয়া গেছিগা না। না হাইলেও আমার চলবো। এই হাওড়, চারপাশের পরিবেশ আমারে এমনিতেই মাতাল কইরা রাখছে” তারপর, ছেলের বয়সী আসিতকে সিগারেট ফুকতে দেখে বললেন “ অসিতদা, আপনি সিগারেট খান আমি কল্পনা করতে পারতাছি না। আপনার সাথে সিগারেট খাওয়া ব্যাপারটা যায় না। দেন দেহি, আপনার সাথে দুই টান দেই।”
মারুফ ভাই বললেন “দিস না কিন্তু। উনার হার্টের প্রবলেম। কোনসময় কোন বিপত্তি ঘটে! উনারে লইয়া আমি এমনিতেই টেনশানে আছি”।
অসিত আশ্চর্য হলো “এক/দুই টানে কী হবে আর?”
“এক টানও না। তুই উনার ফিজিকাল কন্ডিশান জানোস না”
“আইচ্ছা। আমি নাহয়, অন্তর্জলি যাত্রার ঘাটের মড়া; আপনারা দেহি সম্পাদক সাবেরেও অশুদ্ধ পানি দিতাছেন না?”
কথাটা লুফে নিলো তারেক, বললো “বাংলা চলে না উনার। এলিট মানুষ, বিদেশি সুরা না হলে মুখে তুলেন না।”
“এইতো, আমাকে পর করে দিলেন আপনারা!…” তারপর মারুফ ভাইকে উদ্দেশ্য করে বললেন, “ মারুফ; জায়গাটা অনেক সুন্দর। আপনি আগে আসছেন, এখানে?”
“আমি আসিনি। কবি আর অসিত আসছে।”
“ও। অসিতের তো বাড়ীই এখানে। কবি এখানে কবে আসছিলেন?”
“আরে বলেন কী! বারো বৎসর, উনি এই হাওড়ে ঘুড়ে বেড়াইছেন। এইটা হাওড় না, কবির হৃদয়।”
“তাই নাকি? আপনি এই হাওড়ের উপর কোনো রিসার্চ করেছেন?”
“রিসার্চ বলতে পারেন, ঘুড়ে বেড়ানোও বলতে পারেন; এইখানে ছড়ানো ছিটানো যতো গ্রাম দেখতাছেন, বা যেগুলা এখান থেকে দেখা যাচ্ছে না প্রায় সবগুলা গ্রামে আমি নৌকা দিয়া ঘুইড়া বেড়াইছি। এই হাওড় হচ্ছে আশেপাশের সব নদীর উৎপত্তিস্থল। ভাটি বাংলার নাভি।” বললেন কবি।
“ইন্টারেস্টিং!” বললেন সম্পাদক।
“আমরা ঐ মঠটার কাছে যাচ্ছি, ভাই?” মুরাদ জিজ্ঞেস করলো অসিতকে।
“হ্যা” সে উত্তর দিলো।
বিস্তৃত জলের মাঝে দন্ডায়মান, প্রাচীন এই স্থাপনাকে জড়িয়ে ধরে শাখা মেলে দিয়েছে একটি অশ্বত্থ গাছ, ঠিক যেমন ক্ষীর সমুদ্র মন্থনের জন্য সুমেরু পর্বতকে প্যাচিয়ে ধরেছিল বাসুকি নাগ!
২
শুকনার দিনে যেটা নদীর পাড়, বর্ষার সীজনে সেটাই মাঝ হাওড়; সেখানে, নৌকা-ঘাট আর দৃশ্যমান দিগন্তের মাঝামাঝিতে পেন্সিল আকৃতির সূচাগ্র চূড়া ও তাকে ঘিরে অশ্বত্থের বিস্তারিত মাথা, নিয়ে বহুযুগ ধরে দাঁড়িয়ে আছে সে—কেউ মনে করে কোনো প্রাচীন জমিদারের সমাধি মঠ, অনেকে বলে পরিত্যক্ত মন্দির… বর্তমান শরতে জল সরে তার প্রাঙ্গনের ডাঙ্গা অর্ধোত্থিত; আশেপাশের কিছু অগ্রজ ভূমিতে ঘাসের বংশ শুরু হয়ে গেছে; নৌকা থেকে নেমে গোড়ালি ভিজিয়ে সবাই মঠের তুলনামূলক উঁচু পৃষ্ঠে উঠে আসলো। দলের সকলে স্থাণটিকে নিজ নিজ স্বভাব অনুসারে উন্মোচিত করতে যার যার মতো করে ছড়িয়ে পড়ল; তারেক ভাবছিল এই ফোটোজেনিক জায়গাটিকে ক্যামেরায় ক্যাপচার করা যায় কীভাবে? এর উদাস বৈরাগ্যময় ধূধূ ভাবকে ছবিতে ট্রান্সফর্ম করার নানান রকম অপ্সরা তার মগজের আনাচে-কানাচে ল্যান্ডিং শুরু করে দিয়েছে কিন্তু আপাতত তাদের উপর পর্দা টেনে দিয়ে সে মঠের সামনে ক্ষয়িষ্ণু ইটের স্তুপের উপর বসলো এবং পকেট থেকে গাঁজা বের করে হাতের তালুতে মলতে লেগে গেল—সে তার মস্তিষ্ককে একটু বিশ্রাম দিতে চায়।
এই জল-ডাঙ্গার মঠ, এখানে ঘুরতে আসা ও যাদের সাথে ঘুরতে আসা—কারো বা কিছুর প্রতিই অসিতের কোনো প্রত্যাশা নেই। সে এখানে এসেছে অন্যদের ইচ্ছার সম্মানে, যাদের বেশিরভাগের সাথেই তার পূর্বপরিচয় নেই; যদিও সবার সাথে আসতে পেরে তার মন্দ লাগছে না, বরং তাদের খেয়াল করার বা তাদের প্রতি বেখেয়ালি থাকার, চাপ না থাকায় মনের একটা স্বাধীন স্টেটকে সে উপভোগ করতে পারছে; সে দেখলো মারুফভাই গামছা গলায় দিয়ে মঠের নবোদিত ডাঙ্গার থেকে দূরে এখনো জল থেকে খালাস না পাওয়া নরম কাদায় ঠ্যাং গেঁথে এগিয়ে চলেছে তাজা জলের ডাকে—এটা একটা ভ্রম যেহেতু হাওড় এখন মরা জলের আধার।
নৈরাজ্যকে প্রশ্রয় দেন না কিন্তু নৈরাজ্যের প্রতি ধৈর্যশীল কৌতূহল রাখেন, সম্পাদক নিজের জীবনে তেমন একটা ক্লাসিক নৈর্ব্যক্তিকতা মেইনটেন করে চলেন; পেশায় তিনি প্রফেসার কিন্তু লিটল ম্যাগাজিন তার প্যাশন; ব্যক্তিগত জীবনে কোনো দৃশ্যমান বিচ্যুতি নেই, তবু গুপ্ত গবেষকের মত তিনি এই রেডিক্যাল দলে ভিড়ে গেছেন; যদিও তার সন্দেহ আছে এরা মদ খেয়ে, গাঁজা ফুকে, ভার্সিটির স্টুডেন্টদের মতো ডাকবাংলোর দেয়াল টপকে রাতের শহর দেখার ডেসপারেটনেস দেখায় বটে কিন্তু চিন্তায় তারা আসলেই বিপ্লবী কিনা, তানিয়ে। অবশ্য মালোপাড়ায় ওরা যে মুভি দেখানোর প্রোগ্রামের আয়োজন করেছে সেটা তার কাছে ইনসাইটফুল মনে হয়েছে, যেজন্য মারুফ ভাই প্রস্তাব দেবার পর কিছু অসুবিধা সত্ত্বেও তাদের সাথে আসতে রাজি হয়েছেন। তিনি বুঝতে পারছিলেন, তার একটু বেশি কেতাদুরস্তি তারেকদের ইরিটেড করছে বা এটা তার অতি কল্পনাও হতে পারে; কিন্তু জগতের সাথে মোকাবিলার বদলৌতে এতোদিন ধরে যে অস্তিত্বকে তিনি যোগাড় করেছেন, তা নিয়ে এতোটাই অসংকোচ যে অন্যরা তাকে নিয়ে কী ভাবলো সেটা তিনি থোড়াই কেয়ার করেন! তিনি দেখলেন, অসিত এই জল-ডাঙ্গায় এক ধরনের অনির্দিষ্টতা নিয়ে ঘোরাফেরা করছে; তাকেই বললেন “আসিত, এই মন্দিরটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমার একটা ছবি তুলে দিবেন, কাইন্ডি? এখানে যে আসলাম, তার একটা স্মারক থাকুক।” অসিত বেশ কয়েকটা ছবি তুলে দেয়ার পরে তিনি মঠের সাথে সেলফি তুললেন; তারপর এই অপ্রত্যাশিত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে চলে আসার এক্সাইটমেন্ট এক বান্ধবীর সাথে ভাগ করে নিতে, তাকে ভিডিও কলে যতোদূর সম্ভব জায়গাটা দেখালেন, নবিশি ধারাভাষ্যে সহযোগে; অন্যদের কাছে এটাকে ন্যাকামি মনে হতে পারে জেনেও তিনি তার প্রান্তিক ইচ্ছা, তাদের খাতিরে, পূরণ করা থেকে বিরত হলেন না।
কবি তার সদ্য কেনা জীবনের প্রথম স্মার্ট ফোনে, ছবি তোলার জন্য টাইমার সেট করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন; বারবারই ভাবছেন তারেক বা মারুফভাইকে প্রক্রিয়াটা আবার দেখিয়ে দিতে বলবেন, তবু আরেকবার নিজেই চেষ্টা করে যাচ্ছেন এই আশায় যে এইবার কারো সাহায্য ছাড়াই এটা সেট করতে পারবেন।
অসিত আধমনে, আধোইচ্ছায়, প্রায় অপ্রয়াসে এইসব ঘটনাকে এন্ট্রি করে গেল, যেহেতু তার কিছু করার ছিল না, তাছাড়া এই প্রকৃতিকে বহুবার দেখার একঘেয়েমিতে সে ক্লান্তও; সিগারেট ধরানোর ইচ্ছায় সে তারেকের পাশে এসে বসলো, দেখলো হ্যাংলা গড়ন মিহি চেহারার ছেলেটা গাঁজার স্টীক জ্বালিয়েছে। কতোদিন খায় না সে! মনের ভিতর স্ববিরোধী আকাঙ্ক্ষা কিলবিল শুরু করলো—সে কি তারেককে বলবে স্টীক টানতে দিতে? নাকি স্কিপ করবে? তামাক তাকে চিন্তার ঘূর্ণিপাকে ফেলে দিবে—তার চাপমুক্ত সহজাবস্থায় টেনে আনবে প্রশাখাময় অসংখ্য পুলসিরাত; তবু পুরোনো তৃষ্ণা জিকির দিতে শুরু করলে সংযমের বেড়া বেশিক্ষণ টিকে না। সে তারেককে জিজ্ঞেস করলো “ তামাক নাকি?”
“হ্যা। টানবেন?”
“দেন। একটু টানি।” কিন্তু তারেক ও তার তামাক-পার্টনার মাসুদ বা মুরাদের সাথে যৌথ ধ্যানের দিকে অগ্রসর হলো না সে—ডুবে থাকলো কৌতূহলহীন নিশ্চিন্ত বিশ্রামে, বেশ-আদ্ধেক স্টীকটা সে একাই ফুকে দিলো, কয়েকটান দিয়ে ফেরত দিয়ে আবার ঘুরে ফেরত আসার চক্র-কার্টেসির ধার ধারলো না।…
“ভাই সিগারেট?” অসিতদের বাসা থেকে এই জল-ডাঙ্গার মঠে আসার স্বল্প পথে যে বাজার, নদীর কিনার, জেলে পাড়া ও ঋষিপট্টি—মাছ শুকানোর মাচা, একটু দূরের কাশবন—তার থেকেও দূরে যেন জল থেকে উৎপন্ন সবুজ বিষণ্ণ দূর-গ্রাম—দিগন্তের দুতা পাড়ের উপর স্নিগ্ধ উল্লসিত মেঘের পাহাড়—ছবি হতে উন্মুখ নির্বস্ত্র নীল, তার হৃদয়ে পাক খাওয়া চিল—এইসব দৃশ্য যাকে তুমুল উৎসাহিত করেছিল সে, তুলনামূলক কম বয়সী মুরাদ, অসিতের কাছে সিগারেট চাইলো; তার তন্দ্রা কেটে গেল—কখন যে সে তামাক শেষ করে সিগারেট ধরিয়েছে সেই খেয়ালই নেই, “ ওহ! হ্যা, অবশ্যই” বলে সে সিগারেট পাস করলো।
“কবি আসেন, একসাথে গোসল করি।” হাটু সমান জলে দাঁড়িয়ে মারুফভাই কবিকে ডাকলেন; নদী ছাড়া এরচে বেশি জল এখানে কোথাও আছে বলে মনে হয় না; এখানে আসার পর থেকে জিন্স খুলে, হাফ প্যান্ট পরে তিনি এমন একটা ভাব দেখাচ্ছেন যেন সারা হাওড় দাপায়ে স্নান করে, ঐরান করে ফেলবেন কিন্তু আদতে হাটুর উপরের অংশ এখনো ভিজেনি তার।
“আপনিই করেন; আমি রোগিলা মানু, আমারে ডাইক্কেন না হুদাও” কবি বললেন।
তারেক ও মাসুদ কবির গা ভেজানোতে আপত্তি শুনে পেয়ে বসলো। তারেক বললো,
“আরে আপনি কবি মানুষ। জলে আপনাকে নামতেই হবে। প্যান্ট খুলে নেমে পড়েন দেখি। আন্ডারওয়ার আছে? না থাকলেও সমস্যা নাই। গামছা তো আছে!”
“আপনারা নামেন না কিয়েরে? আপনারাও তো ক্যামেরার কবি!”
“আমরা নামলে শ্যুট করবে কে?” মাসুদ বললো।
“এছাড়াও সকল নদীর উতপত্তিস্থল এই বিশ্বের নাভিতে স্নান করে শুদ্ধ হওয়ার মওকা আমরা আপনাদের দুইজনকে দিতে চাই। দারুণ সিন হবে; নারে মাসুদ?” বললো তারেক।
“আপনারা নিজেদের কাজটা করতাছেন না কিয়েরে? নৌকাতে বইসা তো এই জায়গাডারে শ্যুট করার জন্য বহুত ফাল্লাইছেন। এহন দেহি সেইসবের পাত্তা নাই। মস্করা করাই সার হইতাছে আপনাদের!” কবি ইচ্ছে করেই কড়া শব্দে বললেন।
“তাইলে আপনি একটা গল্প দেন?” তারেক প্রস্তাব রাখলো; কবির কথায় নিহিত ঝাঁঝ গায়ে মাখলো না।
“আর কাউরে চৌক্ষে দেখেন না আপনারা?”
শুরু থেকেই মাসুদের মনে চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল কিন্তু নিজেই নিজেকে সম্মতি দিতে পারছিল না, তারেক হয়তো এটাকে ছেলেমানুষি চিন্তা মনে করবে, এই ভয়ে; এখন কবির ধমকে সেটা খালাস পেলো; বললো “তারেক ভাই, কবি ঠিকই বলছে। চলেন, আমরা এই জায়গাটারে নিয়া সবার অনুভূতি কালেক্ট করি; সেগুলো জড়ো করলেই দেখবেন একটা স্ক্রিপ্ট হয়া যাবে। তারপর দমাদম একটা শর্ট-ফিল্ম শ্যুট করে ফালাই? কী বলেন?”
“করা তো যায়ই!” তারেক রাজি হলো।
মাসুদ, তারেকের মর্জি পালটে যাওয়ার ঝুঁকি নিতে চাইলো না; লগালগ কাজ শুরু করে দিলো; বাদিকে মুখ ঘুরিয়েই আপনমনে বসে থাকা অসিতকে দেখল; তাকেই প্রথম জিজ্ঞেস করলো, “অসিতদা, আপনি তো গল্প লিখেন, তাইনা?” তার জিজ্ঞাসার মধ্যে ফুটে উঠল সিরিয়াস প্রফেশনাল ভাব।
“এই টুকটাক”
“এই জায়গাটাকে নিয়ে আপনি একটা গল্প ভাবেন দেখি!”
“কী গল্প ভাববো?”
“যেকোনো গল্প; ভেবে বলে ফেলেন—যা মনে আসে।”
“কী বলবো? এভাবে বলা যায় নাকি?”
“ঠিকাছে। মুরাদ, নৌকার ছাদে আমার ব্যাগের ভিতর থেকে একটা প্যাড আর কলম; নিয়ে আয় তো। অসিতদার ডায়লগটা লিখে রাখি; কথাটা আমার পছন্দ হইছে।” মাসুদ খুব উৎসাহ বোধ করছে।
মুরাদ, সারা পথে যে ছিল স্ফূর্তিময়; এখানে আসা অবধি সে ভিতরে ভিতরে চঞ্চল হয়ে উঠেছে—তার গতিপ্রেমী মনটা এই জল-ডাঙ্গার মঠের খুঁটিতে বাধা পড়ে ছটফট করছে। মাসুদের অনুরোধ তাকে কিছুটা চাঙ্গা করলো; সিগারেটে কষে শেষ টান মেরে ফিল্টারটা টুকা দিয়ে ফেলল জলে এবং নৌকার দিকে রওয়ানা হলো।
মাসুদ যখন প্যাডে লিখছিল, তারেক আবার কবিকে ধরলো “এবার কবি তোমায় খাবো! আপনি বলেন কিছু। আমাদের গল্প কিন্তু শুরু হয়ে গেছে।”
“হ্যা। লেখক, কবি, সম্পাদক সবাইকে লাগবে আমাদের। মোবাইলটা পকেটে রেখে এবার আমাদের সাথে শরিক হোন।” মাসুদও কবিকে ধরলেন, ছাই দিয়ে।
কবির অবিশ্বাসের দৃষ্টি তারেক থেকে মাসুদ; মাসুদ থেকে তারেকে যাতায়ত করলো। আধা মিনিট সময় চোখ দিয়ে ভাবলেন তিনি, তারপর প্রায় শাসানোর ভঙ্গিতে দুজনকে বললেন “চিত্রনাট্য লেইক্ষা দিতাম?”
“হ” দুজনে একত্রে উচ্চারণ করলো।
“কাগজ-কলম দেন আমারে; আমি লেইক্ষা দিতাছি—এক্ষণ দেন।”
“আরে! মারুফভাই; কবিতো চেইত্তা গেছে। তাড়তাড়ি আসেন” জোরে হাক দিলো তারেক, বিজয়ের ফূর্তিতে।
শিকড়ের মরণ-আলিঙ্গন থেকে ছিটকে আসা অন্য একটা ইটের স্তুপের উপর বসলেন কবি, সকলের দিকে পিঠ দিয়ে—সন্মুখে অল্প ডাঙ্গার পরে জলের বিস্তার—দিগন্তের থোকা থোকা সবুজ বসতিকে পদদলন করে স্ফীত হচ্ছে মেঘেদের জমায়েত, যেন তারা নিজেদের মন্থন করে ভিতর থেকে বের করে আনছে নবনীত শুভ্রতা; তার উপর তাম্র-স্বর্ণাভ রোদের সম্পাত কবিকে মহিমা দিলো; তারেক কবির পিছন থেকে এই তুখোড় স্বল্পায়ু দৃশ্যটিকে ক্যামেরায় গ্রেফতার করে ফেললো।
৩
সম্পাদকের মনে ফোটো সেশন বা বান্ধবীর সাথে ভিডিও কনফারেন্সের আড়ালে আরেকটা সংলাপ চালু ছিল, যেটা তারেকের সাথে শুরু হয়েছিল অসিতদের বাসায়; তারেকের সিদ্ধান্ত ছিলঃ লিটল ম্যাগাজিন একটা মৃত প্রক্রিয়া, কতিপয় বৃদ্ধ অহমের নিস্ফলা চাষাবাদ ছাড়া কোনো সামাজিক শক্তি উৎপাদনের সামর্থ্য এর নেই।
এটা ঠিক যে এক যুগ আগেও নির্জন, বিকল্প চিন্তার বীজতলা হিসেবে এর যে বিস্তারিত ভূমিকা ছিল; ব্রাত্য সম্ভাবনাগুলোকে ক্ষেত্র ও যত্ন দিয়েছিল, এখন আর একান্তভাবে লিটল ম্যাগাজিনকেই এই কাজ করতে হয় না; অনলাইন মিডিয়ার সারা শরীর ব্যক্তির আত্মপ্রকাশের মঞ্চ বা এখন নির্জনতাকে মূল্যবান ভাবার রেওয়াজও উঠে গেছে; অস্পৃশ্যতার স্মার্ত নীতির বাহক হিসাবে বিস্তর বদনাম জমেছে লিটল ম্যাগাজিনের তহবিলে; তবু কেন তিনি পুরোনো কায়দায়, কাগজ বের করার প্রেরণা পাচ্ছেন এই প্রশ্নের উত্তর কি আসলেই তার কাছে আছে? এটা কি অভ্যাসের গোয়ার্তুমি? স্মৃতিচারণার বৃদ্ধাশ্রম? নিছক সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে কেউ কাগজ করেনা, এটা একটা লড়াই, কিন্তু কিসের বিরুদ্ধে? পুঁজির রেটরিক্সের বিরুদ্ধে কি? কিন্তু এটা কি কার্যকর পদ্ধতি?
সমস্ত প্রশ্নের নগদ উত্তর হয়না, এটা সম্পাদক জানেন; হৃদয়ের গভীর থেকে যে বায়না আসে তাকে অগ্রাহ্য করা যায় না; সমস্ত জগত মিলেও যদি সেটাকে বাতিল করতে চায়, তবু একগুঁয়ের মতো সেই ব্যাকডেটেট কাজটা করে যাওয়া—এটাই তো তার লড়াই! স্পর্শযোগ্য সত্য যেন সুইচের মতো, চাপ পড়লেই চারপাশ আলোকিত করে বাতি জ্বলে উঠে, সেই আলোতে অশ্বত্থ কবলিত এই প্রাচীন মঠটার দিকে নতুন দৃষ্টিতে তাকালেন—দেখলেন নিজের নিরুত্তর থেমে যাওয়া, যাকে প্যাচিয়ে রেখেছে একটা হিংস্র প্রয়াস, সজীবতার বিষে নীলকন্ঠ; মঠটি যেন তার ভাবনারই প্রতিনিধিত্ব করছে; তিনি এই প্রত্ন-বস্তুটির সাথে একাত্ম অনুভব করলেন, এটি যে এখানে দাঁড়িয়ে আছে সেজন্য তিনি কৃতজ্ঞ—যা ভক্তির মতো গুচ্ছ গুচ্ছ ফুটতে চাইছিল, কিন্তু এই আবেগ দলের কারো সাথে শেয়ার করতে পারছিলেন না; তাই মোবাইলে ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিক ছেড়ে দিয়ে অসিতের কাছে এসে দাড়ালেন—কবি লিখছেন; তারেক আর মাসুদ শ্যুটিং এর কৌশল নিয়ে আলাপ করছে; তারা তাকে সামনে পেয়ে জানালো, একটা শর্ট ফিল্ম শ্যুট হবে—সেখানে সম্পাদককেও একটা রোল প্লে করতে হবে।
তিনি খুশি হয়ে বললেন “বাহ! বেশ হবে কিন্তু। আপনাদের উদ্যোগটা আমার পছন্দ হয়েছে। এই জায়গাটা নিজেই একটা আর্ট অবজেক্ট। এইখানে না আসলে ট্রিপটা অস্পূর্ণ থেকে যেতো।”
“আরো ডিটেইলে বলেন তো রাজীব ভাই। কী বিশেষত্ব খুঁজে পেলেন এখানে?” সম্পাদককে খুঁচিয়ে কিছু ডায়লগ বের করতে চাইলো মাসুদ।
তিনি একটা জরিয়া পেয়ে গেলেন, তার আবেগের ভগ্নাংশকে প্রকাশ করার; বললেনঃ “এই বটগাছটকে দেখেন—যেন শেকড়ের আলিঙ্গন দিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের মত, গুড়িয়ে ফেলতে চাইছে কালজয়ী মঠটিকে—অস্তিত্বের আত্মপ্রকাশের মরিয়া প্রয়োজনে; আবার তা করতে গিয়েই ছিটকে যেতে চাওয়া ইটের পাজর ও উরুকে আকড়ে ধরেছে নিজের আগ্রাসী মূল দিয়ে; ধ্বংসের ইচ্ছাটাই সংরক্ষণের ফলাফল দিচ্ছে। মঠ আর বটের এই শত্রুতামূলক প্রেম—এক অনবদ্য যুগলবন্দী, যেন অলৌকিক—আহা!”
বলতে বলতেই বুঝতে পারছিলেন, তিনি যা বলতে চেয়েছেন বা যে কথাগুলো তার জন্য প্রাসঙ্গিক হতো সেগুলো আরো গভীরে নিরুদ্ধার নিঃশব্দে পতিত হয়েছে—তবু কিছু বলা, প্রতিমার সম্মানে—অনিবার্য নয় এমন অলঙ্করণের তারিফ হলেও; অসার শব্দ বলার অনুমতি না থাকলে মানুষ কি কথা বলতে পারতো!
মাসুদ খুব খুশি হয়ে বললো “আপনি এখন যে কথাগুলি বললেন, এগুলোই বলতে হবে আপনাকে। পারবেন না, শ্যুটিং এর সময়ে বলতে?”
“হ্যা। বলতে পারবো। একটু এদিক-ওদিক হতে পারে, তাতে আশা করি সমস্যা হবে না।”
“না না। জিস্টটা থাকলেই হবে”
মাসুদের কথা শেষ হতে না হতেই মুরাদ বলতে শুরু করলো “এটা তো বট না। পাকুর বা অশ্বত্থ হতে পারে।”
“ওহ! তাই নাকি?” বললেন সম্পাদক; মঠ ও বটের অনুপ্রাসটা সুন্দর ছিল, ভাবলেন তিনি।
“হলো। বট-পাকুর-অশ্বত্থ-শ্যাওড়া একটা বলা দিয়ে কথা। আপনার যেটা বলতে সুবিধা হয়, বলবেন।” তারেক রায় দিয়ে দিলো। মুরাদ এতে নাখোশ হলেও কিছু বললো না।
অসিত ওর নারাজ ভাবটাকে অবলম্বন করে কিছু বলার বাসনা পেলো; কিছুক্ষণ ধরে গাঁজার ক্রিয়া শুরু হওয়াতে, অনুভব হচ্ছিল সে একটা চাকার মতো এর থেকে ওর কাছে, ওর থেকে তার কাছে গড়িয়ে যাচ্ছে, যেন কেউ পায়ের সাথে মাথাটাকে শেলাই করে দিয়েছে—একজন স্বাধীন সত্ত্বা হিসাবে নিজের কাছে বৈধতা পাচ্ছিল না সে, তাই আশেপাশের সবাই ও সবকিছু সম্পর্কে সচেতন হতে চেয়ে তার শরীরে যন্ত্রণার অনেক কেন্দ্র তৈরি হল, সেগুলো যেন অবহিতির স্টোর রুম, এমন একেকটা বিরূপাক্ষ যেখানে ফুটে উঠছে তার সাথে অন্যদের যুযুধান চিত্র, যেখানে অসিত নিজেকে সকলের বিরুদ্ধে পেলঃ
পরিপ্রেক্ষিতের সাথে মিশে যাওয়ার আবেগ নিয়ে মারুফভাই মঠ ও মঠের পাদমূলে আশ্রয় নেয়া জনসমাবেশ থেকে দূরে চক্কর দিয়েই চলেছেন কোনো অবিরাম পলায়নপর পাখির মতো, ডিমগুলোর মধ্যে যুদ্ধ শুরু হবে এই ভয়ে যেন কুলায় ফিরছে না—মা পাখির মতো বুকভরা ওম নিয়ে তিনি ফিরে আসলে অসিতের ভালো লাগতো, নিজেকে অরক্ষিত এতিম মনে হতো না।
সকলের দিকে পিঠ দিয়ে কবি কী ঘন্টা যে লিখছেন! এই দৃশ্যে আছে নাটকের অতিরঞ্জন, যা কবি পরিচয়ের উপর লোকে আরোপ করতে চায়—কবি সেই বারোভাতারী ইচ্ছাকে নিজের জন্য গ্রহণ করে অসত্য হয়ে আছেন! অসিত থামলো। কবিকে নিয়ে এমন সজোরে ভাবছিল সে, তাতে ভয় পেল এবং ভাবনাটাকে এডিট করলো তার অজ্ঞেয়তা দিয়ে—হয়তো কবির মন সত্যই আড়াল ছাড়া আন্তরিক শব্দ সন্ধানে সঙ্গমরত হতে পারে; কে জানে অসিতের কাছে যেটা বাহির সেটাই কবির দ্বিধাহীন অন্তর! অথবা তিনি আসলে কবি চরিত্রে অভিনয়ই করছেন—কিন্তু কবি তার হৃদয়ের কাছে কতোটা সৎ সেই বিচারের ভার তাকে কে দিলো?
কবির প্রতি অহেতুক বৈরীতা থেকে মুখ ফিরাতেই সে দেখলো, সম্পাদক ভারতীয় রাগ-সঙ্গীতের শাল জড়িয়ে তার সামনে এসে দাড়িয়েছেন—যেন সঙ্গোপনে তিনি এই সমাবেশের আবহে প্রভাব রাখতে চাচ্ছেন, অথচ তার প্রচেষ্টার অসংগতি বুঝতে পারছেন না; এখানকার আড়ালহীন অনর্গল পরিবেশে মনোটোনাস বন্ধিশ শ্রবণের একাগ্র কান জোটাতে কেউই ইচ্ছুক নয়, তবু সকলের নিরব উসখুসানিকে পাত্তা না দিয়ে তিনি বিশ্বামিত্রের মতো বিকল্প বিশ্ব রচনায় অটল রইলেন দেখে অসিত একটু বিরক্ত হলো—এই বুঝি কেউ আপত্তি জানাবে এরকম অধীরতার ভিতর সে উপলব্ধি করলো, রাগ সঙ্গীতের প্রতি তার অনীহাকে সকলের উপর আরোপ করছে এবং নিজের ভাব-সমন্বয়ের কল্পনা দিয়ে সম্পাদকের এক্ট নির্ধারণ করে দিতে চাচ্ছে, মনে মনে; এই অন্যায্য দায়িত্ব থেকে নিজেকে নিস্কৃতি দিতে দলের প্রান্তিক জনের প্রতি নজর দিলো।
তারেক ও মাসুদ শটগুলো সাজাতে এতোই মগ্ন যে মুরাদের অভিমানকে পাত্তা দিচ্ছে না; ওদের প্রাধান্যকে ছাড়িয়ে যেতে তার এখন মুরাদের দিকেই মনোযোগ দিতে হবে; তাই ওর খারিজ হয়ে যাওয়া প্রসঙ্গের জের ধরে অসিত বললো “আমার কাছে এদের পার্থক্য পরিস্কার না!”
“না না; পার্থক্য আছে। বটের পাতাগুলি অনেকটা কাঠাল পাতার মতো। পাকুর আর অশ্বত্থের মাঝে অবশ্য পার্থক্য করা কঠিন।”
“আচ্ছা?” এনিয়ে আর কথা আগালো না। মুরাদকে বলার সুযোগ করে দিয়ে অসিত ভারসাম্যে পৌছল। এবং লাঠিমের মত ঘূর্ণনশীল থেকেই নিজের স্বত্ত্ব ফিরে পেল।
৪
কবি লেখার আসন ছেড়ে ওঠলেন “এই শোনেন আপনারা।”
“বাহ! লিখে ফেলছেন?” মাসুদ আপ্লুত।
“হ”
“ওইতো মারুফ ভাইও চলে আসছেন” তারেক বললো “ভাই, আপনি দূরে দূরে থাকলে হবে? আমরা তো ফিল্মের স্ক্রিপ্ট রেডি করে ফেলছি প্রায়।”
“কবি লিখলেন, স্ক্রিপ্ট?”
উত্তর দিলো মাসুদ “শুধু কবি না, স্ক্রিপ্টে সবার কন্ট্রিবিউশন আছে। এখন আমরা কবির লেখা শুনবো।”
“যাক। আমার সাথে না গিয়ে কবি প্রোডাক্টিভ কিছু করলেন। শোনান, কবি।”
মারুফভাই, কবিকে আহবান করলেন।
“আপনি না গোসল করেন? আপনার হাফ প্যান্টও তো ভিজছে না! কিন্তু আমার লগে পাট ঠিকই নেন!”
“আমি কখন পাট নিলাম? তবে গেলে আপনার আসলেই ভালো লাগতো। এখন শোনান দেখি কী লিখলেন?”
“তাইলে শোনেন আপনারা…
এইখানে আসলে আমার মনে হয়, আমি এখানেই জন্ম নিছি –এটা আমার আঁতুড়ঘর; এখনো খুজলে, পেয়ে যাবো আমার শুকিয়ে যাওয়া গর্ভফুল, কাটা নাড়ি, ঝরে যাওয়া নাভি; এই হাওড়ের জল থেকে উৎপন্ন নদ-নদীরা আমার ভাই-বোন; মাছ আর পানকৌড়ির আদিমতম গল্প শুনতে শুনতে আমার শৈশব এখানেই ছলছল করছে; আবার এই জায়গাটাই হচ্ছে, ছাই-ভস্ম মাখা এক শ্মশান—এই মঠ আমারি সমাধি মন্দির; যাকে খেয়ে ফেলছে এই বটগাছ। এই গাছটাও আমি। এই বটের বিশালাক্ষি পাতাগুলি আমার চোখ; এখানে, এই কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নদীমাতৃক বাংলাকে দেখতেছি শত শত বছর ধরে। বিশ্বাস হয়? এইখানে দাঁড়িয়ে আমি উপনিষদের ঋষির মতো বলে উঠি: ।পশ্যেম শারদঃ শতং; জীবেম শারদঃ শতং। আমি শত শরত দেখবো, শত শরত বাঁচবো; এই প্রবল পিপাসায় আমি আলিঙ্গন করি মৃত্যুহীন অনন্ত জীবন।”
কবি এতো রোমাঞ্চ নিয়ে পাঠ করলেন, যে শব্দগুলি ছবি হয়ে ভেসে বেড়াতে লাগলো চারদিকে। পাঠ-শেষে সম্পাদক বললেন “অপূর্ব! আপনি সত্যি এই হাওড়টাকে ঔন করেন।”
তারেক বোধহয় প্রশংসাই করলো “কবি একেবারে ফাটিয়ে দিছেন”
এতে কবি বিরক্ত হলেন “এগুলা আবার কেমন তরো প্রশংসা! ফাটিয়ে দিছেন?”
“ইনস্ট্যান্ড বসে এতো গভীর থেকে লিখতে পারা, আপনার পক্ষেই সম্ভব কবি” প্রসংশায় মারুফভাইও যোগ দিলেন।
“আমনে আর ফুলাইয়েন না আমারে। আমনেরার ফামে কোনসময় ফাইট্টা যামু ঠিক নাই। আপনারা ভাবতাছেন আমি বানায়া বানায়া বলছি? আমি কিন্তু এগুলা বিশ্বাস করি, সত্য সত্য।”
“কবি তব মনোভূমি অযোধ্যার চেয়ে সত্য জানি” সঙ্গত দিলেন মারুফভাই।
যেহেতু মাসুদ একটা গর্ভ-যন্ত্রণা স্বীকার করে নিয়েছে, সে তারেককে তাগাদা দিলো “আমরা মোটামোটি কন্টেন্ট পেয়ে গেছি। সবার কথাগুলো জুড়ে দিলে একটা কোলাজ হয়ে যাবে না?”
“নিঃসন্দেহে।”
অসিত জানে এখানে কেউ তার শত্রু নয়। কবির লেখা নিয়ে কিছু বলেনি বলে কেউ তার মাথা কেটে নিবে না, বা তারেক-মাসুদের প্রোডাকশানে সে যথেষ্ট কথা কন্ট্রিবিউট করেনি বলে কেউ তাকে এখান থেকে ভাগিয়ে দিবে না। এখানকার সমস্ত ঘটনার প্রতি বেখবর আত্মারাম হয়ে বিরাজ করার অধিকারও তার আছে; তবু সকল অপর চেতনার প্রতি অতি সচেতনার বোধ সে তাড়াতে পারছে না। সেজন্য তার একবার মনে হলো উঠে দাঁড়ায়, তারপর আবার বসে, বসার আগে হাত ঝাড়া দেয় কী সবার সামনে ব্যায়াম করা শুরু করে—কী করলে যে শান্তি পাবে তা ডিসাইড করতে না পেরে, নিজেকে জড় বস্তু ভেবে আতঙ্কিত হয়; এই মুহুর্তে ওরা কি তার এই আতঙ্কের কথা শুনতে প্রস্তুত? যদি তার এই পালপিটিশান এখানে, এতোসব সৃষ্টিশীল মানুষের কাছে প্রকাশই করতে না পারে তাহলে, তারেক-মাসুদের এক্সপেরিমেন্টাল কোলাজ, কবির ইন্সস্ট্যান্ড রচনা করা মনোলগ, সম্পাদকের সতর্ক অভিযোজন ক্ষমতা, এমনকি মারুফভাইর উদ্বিগ্ন মাতৃ-মন তার মনোযোগ ও শ্রদ্ধা কেন পাবে? অভিমান নয়, অভিযোগ নয় সে বহাল থাকলো উদাসীনতায়—বাহিরের ধীরলয় ঘটনাপুঞ্জ থেকে মুখ ফিরিয়ে সে নিজের অন্তরে দৃষ্টিপাত করলো—সেখানে এমন ভাব কী আছে, যার সাথে এই মুহুর্তে সে একাত্ম হতে পারবে? অতি প্রিয় কোনো মানুষ, প্রিয় কাজের তাগিদ, প্রিয় স্মৃতি?—আহা! এমন কিছুই কি নেই তার জীবনে যা নির্জনে তার প্রিয় হতে সক্ষম? কোনো কিছুই তাকে মুগ্ধ করে না? তার অস্তিত্ব এরকম বিষয়হীন, একা! তার হৃদস্পন্দন, সমস্ত জগতকে গ্রাস করে নিয়েও ধূমাবতীর মতো বিধবা!
এইসব ক্রুঢ় ভাবনা-শৈত্যে থেকে মুরাদ তাকে উদ্ধার করলো যেন “ভাই, আপনার ফোন বাজতেছে”। ফোন বের করে দেখলো, বাসা থেকে কল আসছে।
“হ্যালো। ফোন পকেটে আছিল, শুনতে পাই নাই”
“তুই কই?”
“এইযে, মারুফভাইদের সাথে আছি”
“কোনসময় আইবি? দুইএকজন করে মেহমান আসা শুরু করছে।”
“বেশিসময় লাগতো না, আইসা পরমু”
“তুই আছত কোনহানে?”
“ মঠটার এদিকে আসছি নৌকা দিয়া”
“ও ! মানুষ আওন শুরু করছে; এহনো সাজানো বাকি; তুই গেছত গা নৌকা ভ্রমণে?”
“তারা এতো দূর থিকা আইছে; একটু সময় দেয়া লাগে না?”
“সময় দে তুই। এমনই যদি করবি অনুষ্ঠানের আয়োজন করছ কিল্লিগা?”
“আইসাই তো পরমু। এক্ষণ আমি থাকলেই বা কী করতাম হইলে?”
“কেইক আনবো কেডা?”
“আরে! কেইকএর কথা ত ভুইল্লাই গেছিলাম!”
“নে। ভুইল্যা থাক তুই। নৌকা ভ্রমণ কর।”
“চিন্তা কইরো না। বেশি সময় লাগবো না, আইসা পরুম।”
অসিতের মা ফোন কেটে দিলো। আজকে অসিতের ছেলের জন্মদিন। ১০/১২ দিন ধরে জন্মদিনের প্ল্যান করতেছে অথচ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে সে ভিন্ন মাত্রার এক জগতে চলে আসছে; এখানে আসা অবধি একবারও মনে পড়েনি ছেলের জন্মদিনের কথা; সবই কি তামাকের প্রভাব?
৫
তারেক ও মাসুদ মঠের কেন্দ্র থেকে শ্যুট করার পরিকল্পনা সাজিয়েছে; ওরা মঠের মাঝখানে চলে আসলো; ওদের সামনে-পিছনে মঠটির দুটি ফোকর, প্রায় দরজার মত; শক্তিশালী শিকড় তাকে খেয়ে ফেলে এখন ফোকরের চৌকাঠের ভূমিকায় আছে। উত্তর দিকের ফোকরের সামনে আছেন সম্পাদক আর অসিত; অপর প্রান্তের ফোকরের বাইরে মুখোমুখি দাড়িয়েছেন কবি ও মারুফভাই, পরিচালকদ্বয়ের নির্দেশে। মাসুদ তার নির্দেশনা শুরু করলো অসিতকে দিয়ে “আমি যখন বলতে বলবো তখন আপনার ডায়লগটা বলবেন শুধু, এখন যেভাবে বসে আছেন সেভাবেই থাকেন সমস্যা নাই।”
“কী বলবো? এভাবে কি বলা যায় নাকি?—এই কথাটা বলতে হবে?”
“হ্যা। তবে ক্যামেরার দিকে তাকাবেন না; অন্য যেকোনো দিকে তাকাতে পারবেন।”
তারপর সম্পাদকের উদ্দেশ্য বললো “অসিতদার বলা শেষ হলেই, রাজীব ভাই আপনি শুরু করবেন, যেটা তখন বলছিলেন– মূলভাবটা থাকলেই হবে। বলা শেষ হলে থেমে যাবেন; নিজের মত রিলেক্স মুডে থাকবেন, কেবল ক্যামেরার দিকে তাকাবেন না। ক্লিয়ার?”
“একদম” বললেন সম্পাদক।
তারপর কবি ও মারুফ ভাইকেও একই সাজেশান দিলো সে। কবি বলেন; বলার পরই কবি তার লেখাটা পাঠ করতে পারেন, মুখস্থ বলতে হবে এমন না, লেখাটার মাঝে যে ভাবটা ছিল সেটা স্মরণে রেখে স্পন্টিনিয়াসলি কিছু বাক্য থ্রো করলেই চলবে। কবির পরে মারুফ ভাই, যা মনে আসে বলে দিতে পারে। বা কবির বলার ফ্লো অনুসরন করে, হু হা করে গেলেই হবে। উনি শ্রোতা, এই ভাবটা ফুটে উঠলেই যথেষ্ট।
মারুফ ভাই বললেন “কিন্তু একটা সংলাপের পর যে আরেকটা সংলাপ পেশ হচ্ছে, এদের মাঝে আলাপ কই? মানে কনভার্সেশান তো হচ্ছে না এভাবে।”
“দরকার নেই। ডায়লগ এখানে মূখ্য নয়, অনুষঙ্গ মাত্র। এই জায়গাটা হচ্ছে মূল চরিত্র। মঠের চারদিকে প্রকৃতি নিজেকে যেভাবে এলিয়ে রেখেছে, আমরা সেই পরিবেশটাকে ক্যাপচার করতে চাই।” অল্প কথায় তারেক থিমটা বুঝিয়ে দিলো, সাথে আরো কিছু নির্দেশনা যোগ করলো “ প্রথমে, ক্যামেরা দুইবার বৃত্তাকারে মুভ করবে, স্লোলি; তখন কিন্তু কোনো কথা বলা চলবে না। কমফোর্টেবল থাকবেন সবাই; ক্যামেরার কথা ভুলে যাবেন তখন। তৃতীয় রাউন্ডের সময় মাসুদ, যখন যার নাম ধরে বলতে বলবে তিনি তার কথাগুলো বলে, চুপ করে যাবেন। ঠিক আছে? আপনারা প্রস্তুত? শুরু করছি কিন্তু…”
গর্ভবতী নিরবতা শুরু হল; খুব ধীরে ক্যামেরা মুভ করছে, মঠের ফোকর দিয়ে শরত কালের হাওড় ক্যামেরার উপর হামলা শুরু করেছে—নিজের বাক্যটা বলতে বলার নির্দেশের অপেক্ষা করছে অসিত; শুটিং এর বাকি অংশের প্রতি তার একটুও কৌতূহল নেই; তারউপর এখন আবার বাড়িতে ফেরার টান্ডা যোগ হয়েছে।
মুরাদ, নৌকার ছাদে দাঁড়িয়ে শ্যুটিং দেখছিল—একটু আগে, সিগারেট শেষ হয়ে গেছে দেখে অসিতকে বলেছে “সিগারেট লাগবে তো ! চলেন, মাঝি ভাইরে লগে নিয়া ঘাট থেকে সিগারেট কিনে আনি?”
না চাইলেও ওদের এই অর্থহীন শ্যুটিং এর অংশ হয়ে গেছে অসিত, নতুবা মুরাদের সাথে নৌকা নিয়ে একপাক ঘুরে আসার প্রস্তাবটা তার কাছে চার্মিং লেগেছে; তবে বললেই যে মাঝি, ওদেরকে নিয়ে ঘাটে গিয়ে আবার ফিরে আসতে রাজি হবে তা নিয়ে অসিতের সন্দেহ ছিল, তবু মুরাদকে বলেছে “মাঝিকে বলে দেখেন।”
এখন তাকে, এইভাবে মাঝির সাথে নৌকার উপর দাঁড়িয়ে থাকতে দেখে সে ভাবলো, মুরাদ মাঝিকে রাজি করাতে পেরেছে নাকি? সে মুরাদের দিকে হাত নাড়ালো, ইঙ্গিতে বুঝাতে চাইলো সেও যাবে—শ্যুটিং শেষ হতেই; এখন যদি তাকে ফেলেই মুরাদ নৌকা নিয়ে ঘাটে চলে যায় সিগারেট আনতে, তাহলে তার বাসায় ফিরতে অনেক দেরী হয়ে যাবে। এই উদ্বেগ নিয়ে সে উসখুস করছিল। একবার পুরো স্ক্রিপ্টটা শ্যুট হওয়ার পরে ওরা আরেকবার শ্যুট করার প্রস্তুতি নিচ্ছিল, যেহেতু ওরা ওয়ান টেকে শ্যুট শেষ করতে চাচ্ছে, ন্যূনতম পারফেকশানের জন্য এদ্দুর তো করতেই হবে! সকলেই জানে এটা কোনো সিরিয়াস শিল্প-প্রয়াস না তবু একবার মেতে উঠলে তুচ্ছ বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠে; তারপরও সবার সমাপতিত আবেগকে অগ্রাহ্য করে, প্রথম বারের বিরতিতে অসিত প্রস্থানের অনুমতি চাইলো “আমার পার্ট শেষ তো; যেতে পারি এখন? বাসা থেকে বারবার তলব আসছে।”
সম্পাদক অসিতের কথায় খানিক ব্যস্তভাবে বললেন “ আপনারা দ্রুত করেন। উনার ছেলের জন্মদিনের অনুষ্ঠান একটু পরে; উনার বাসায় ফেরার তাড়া আছে।”
“আর বেশিক্ষণ লাগবে না। অসিতদা একটু; প্লিজ!…”
বাসা থেকে ফোন আসার আগ পর্যন্ত অসিতের মনে হচ্ছিল বহির্জগত ও অন্তর্জগতের কোনো বিষয়ের সাথে তার প্রশ্নহীন সম্পৃক্তি নেই; সে কেবলমাত্র একটা নির্ধারিত চরিত্রে এক্ট করে যাচ্ছে, সামাজিক সৌজন্যের নিয়মগুলো পালন করে ফাংশনাল থাকছে—যার মাঝে গভীর কোনো আনন্দ নেই, গভীর কোনো দুঃখ নেই; তবু আশ্চর্য সে বেঁচে আছে এবং সে মানুষই, রোবট নয়—বা হোক রোবট বা যেকোনো অস্তিত্ব, তার তো একটা আশ্রয় লাগে; যেখান থেকে শক্তি নিয়ে ক্রিয়াশীল থাকে? তার ক্ষেত্রে সেই আশ্রয়স্থল হল তার পরিবার, যেটা তার অস্তিত্বকে অত্যাবশ্যকভাবে দখল করে রেখেছে; একটু আগে যেই বিষয়হীনতাকে সে কল্পনা করে নিয়েছিল, সেটা ছিল একটা আচ্ছাদন, যা তার অস্তিত্বের অবিচ্ছেদ্য আশ্রয় ও উৎসকে ঢেকে রেখেছিল কারণ সে আরো বড় পরিধিতে তার শিকড়কে দেখতে চায়; সেজন্যই ওদের সাথে, তার এখানে আসা—শিকড় বিস্তারের অস্পষ্ট তাড়নায়; সে এখানে না আসলেও পারতো—মালোপড়ার প্রোগ্রামে যেভাবে সে অনুপস্থিত ছিল, এক্ষত্রেও তাদের নৌকায় উঠিয়ে দিয়ে ফিরে যেতে পারতো। কীভাবে অপরের সাথে অর্থপূর্ণভাবে সম্পর্কিত হতে হয়, এটা জীবনভর তাকে অসুবিধায় ফেলেছে; একটা দলের অংশ হওয়ার আশৈশব আকাঙ্খা তার আজ পর্যন্ত পূরণ হলো না; কারো কমরেড হওয়ার ঝুকিপূর্ণ আনন্দের স্বাদ পেতে কতো সঙ্ঘে যে মুখ দিয়েছে! কেউ তাকে গ্রহণ করেনি বা সে গ্রহণ করতে পারেনি অন্যদের, এটা হয়তো তার নাক্ষত্রিক দোষ; তাই তাকে ফিরে যেতে হয় পরিবারের প্রবল পুনরাবৃত্তিতে, জীবনের গোপন সন্ধানী অংশকে অতৃপ্ত অধীর অবস্থায় ফেলে রেখে।
এখন যেমন, সে ফিরে যাচ্ছে সঙ্গমহীন—সকলের সাথে থেকেও একা। সবাই যখন, এইমাত্র শ্যুট করা সিনেমাটির নানাদিক দিয়ে কথা বলছিল, সে কথাহীন মন দিয়ে দেখছিল ক্রমশ ছোট হতে থাকা অশ্বত্থের ফনা তোলা মঠটিকে; স্যালো ইঞ্জিনের গুঞ্জনে ফেলে আসা জল-ডাঙ্গাকে অবাস্তব মনে হচ্ছিল, যেন যেকোনো সময় ভেসে ভেসে লুপ্ত হয়ে যাবে, কচুরিপানার মতো।
মারুফ ভাই, সেদিকে এক পলক তাকিয়ে বললো “এইখানে আবার আসতে হবে—প্রত্যেক ঋতুতে অন্তত একবার করে; বর্ষার পূর্ণিমায় তো আসতেই হবে।”
“এখানে আমরা বারবার আসি কিন্তু থাকতে পারি না, ফিরে যেতে হয়; যতোবার আসি ঠিক ততোবারই ফিরে যেতে হয়” অসিত না বলে পারলো না।
“হ্যা; ঠিক” মারুফ ভাই তার কথায় সায় দিলেন।
